স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেছেন, দেশের প্রায় ৩ কোটি ৮০ লাখ মানুষ বিভিন্ন ধরনের কিডনি রোগে আক্রান্ত। তাদের অনেকেই দীর্ঘমেয়াদী ক্ষতির বিষয়টি জানেন না। এ পরিস্থিতি মোকাবিলায় আগামী এক বছরের মধ্যে দেশের ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু করবে সরকার।
শনিবার রাজধানীর মিরপুরে কিডনি ফাউন্ডেশন হাসপাতালে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব কিডনি ফাউন্ডেশনস-ওয়ার্ল্ড কিডনি অ্যালায়েন্স আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক স্বাস্থ্যসেবার আওতায় ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের পাশাপাশি কিডনি রোগও প্রাথমিক পর্যায়ে শনাক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের এক লাখ স্বাস্থ্যকর্মী উপজেলা পর্যায়ে এই রোগ শনাক্তকরণে কাজ করবেন।
প্রতিমন্ত্রী বলেন, কিডনি সেবা সারাদেশে ছড়িয়ে দিতে দক্ষ জনবল তৈরিতে সরকারি ও বেসরকারি সংস্থার সহায়তায় প্রশিক্ষণ শুরু হয়েছে। আগামী দুই থেকে তিন বছরের মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসক, বিশেষায়িত নার্স ও মেডিকেল টেকনোলজিস্টদের সমন্বয়ে জেলা পর্যায়ে পূর্ণাঙ্গ কিডনি সেবা নিশ্চিত করা হবে। কিডনি রোগ, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ এই তিনটি রোগের সব ধরনের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর।
বাংলাদেশে প্রতি বছর প্রায় ১ লাখ ২৫ হাজার মানুষ অ্যাণ্টিবায়োটিক অকার্যকর হয়ে যাওয়ার কারণে মৃত্যুবরণ করেন, যা বৈশ্বিক জনস্বাস্থ্যের জন্য একটি বড় হুমকি।
কিডনি ফাউন্ডেশন হাসপাতালের প্রতিষ্ঠাতা ও সভাপতি ডা. হারুণ-উর-রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব কিডনি অ্যালায়েন্সের সভাপতি আলেসান্দ্রো বালদুচ্চি এবং সংগঠনের মহাসচিব ও নবনির্বাচিত সভাপতি অধ্যাপক দিনা আবদেল লতিফ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কিডনি ফাউন্ডেশন বাংলাদেশের মহাসচিব অধ্যাপক রুহুল আমিন রুবেল।
প্রধান লক্ষণ
শুরুর দিকে অনেক সময় লক্ষণ বোঝা যায় না। রোগ বাড়লে নিচের উপসর্গগুলো দেখা দিতে পারে:
• হাত, পা, গোড়ালি বা মুখ ফুলে যাওয়া
• প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া বা বেড়ে যাওয়া, ফেনাযুক্ত বা রক্তমিশ্রিত প্রস্রাব
• অতিরিক্ত ক্লান্তি, দুর্বলতা ও মনোযোগের অভাব
• বমি ভাব, রুচি কমে যাওয়া বা শ্বাসকষ্ট
• ত্বকে চুলকানি বা ঘুমের সমস্যা
সাধারণ করণীয় ও সতর্কতা
• রোগ নিয়ন্ত্রণ: ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন।
• খাদ্যাভ্যাস: লবণ (সোডিয়াম) কম খান। অতিরিক্ত পটাশিয়াম বা ফসফরাসযুক্ত খাবার (যেমন—পালংশাক বা নির্দিষ্ট কিছু শাকসবজি ও ফল) অবস্থার ওপর নির্ভর করে মেপে বা চিকিৎসকের পরামর্শে খান।
• ওষুধের ব্যবহার: চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যথানাশক বা অন্য কোনো ওষুধ সেবন করবেন না।
• পরীক্ষা ও পরামর্শ: ক্রিয়েটিনিন, eGFR এবং প্রস্রাবের পরীক্ষার মাধ্যমে কিডনির অবস্থা বুঝে নেফ্রোলজিস্টের পরামর্শ নিন। লক্ষণ ও প্রতিকার সম্পর্কে প্রাথমিক ধারণা পেতে ডকটাইম-এর লেখাটিও দেখতে পারেন।