স্বৈরাচারের দোসরদের সঙ্গে যোগাযোগ, তাদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া এবং সম্পদ ও ব্যবসার ভাগ-বাঁটোয়ারার অভিযোগ তুলে সরকারের দ্বিমুখী নীতির সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, এ নীতি থেকে বেরিয়ে না এলে তাদের সঙ্গে ঐক্যের প্রশ্ন আসে কীভাবে।
আজ রোববার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সাবেক আমির ও প্রবীণ রাজনীতিবিদ আল্লামা সরওয়ার কামাল আজিজীর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন জামায়াত আমির।
শফিকুর রহমান বলেন, ‘জামায়াতে ইসলামী ধ্বংসাত্মক আন্দোলনে বিশ্বাস করে না। কিন্তু যারা জ্বালাও-পোড়াও ও ধ্বংসের আন্দোলন করছে, তাদের সঙ্গে আপনাদের (সরকার) আঁতাত বাদ দিয়ে স্পষ্টভাবে আপনাদের অবস্থান জানাতে হবে।’
জামায়াত আমির বলেন, ‘প্রতিনিয়ত দেখতে পারছেন তাদের কিছু নেতাকে বহিষ্কার করা হচ্ছে, শোকজ করা হচ্ছে; কেন… স্বৈরাচারের দোসরদের সঙ্গে তাঁরা যোগাযোগ রাখেন, তাদের আশ্রয় দেন, প্রশ্রয় দেন, ওদের সঙ্গে নিয়ে নিজ দলীয় অফিস উদ্বোধন করেন, তাদের সম্পদ ও ব্যবসার ভাগ-বাঁটোয়ারা নেন, এই দ্বিমুখী নীতি থেকে সরকার যদি বের না হয়ে আসে, তাহলে কিসের ঐক্য সরকারের সঙ্গে?’