• ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

অস্ট্রেলিয়ার সর্বোচ্চ সাহসিকতা পদক পেলেন বহু মানুষের প্রাণ বাঁচানো আহমেদ

Usbnews.
প্রকাশিত নভেম্বর ২৯, ২০২৬
অস্ট্রেলিয়ার সর্বোচ্চ সাহসিকতা পদক পেলেন বহু মানুষের প্রাণ বাঁচানো আহমেদ
নিউজটি শেয়ার করুনঃ

অস্ট্রেলিয়ার বন্ডাই সৈকতে বন্দুকধারীর কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে বহু মানুষের প্রাণ বাঁচানো আহমেদ আল-আহমেদকে দেশটির সর্বোচ্চ বেসামরিক সাহসিকতা পদক ‘ক্রস অব ভ্যালর’ দেওয়া হয়েছে। গত বছর ভয়াবহ বন্দুক হামলার সময় নিজের জীবনের ঝুঁকি নিয়ে এক হামলাকারীকে নিরস্ত্র করেছিলেন তিনি।

রোববার (২৯ নভেম্বর) অস্ট্রেলিয়ার গভর্নর জেনারেল স্যাম মোস্টিন ওই পদকের ঘোষণা দেন। পদকের বিবরণীতে বলা হয়েছে, চরম বিপদের মুখে সশস্ত্র ব্যক্তিকে নিরস্ত্র করতে গিয়ে ‘অসাধারণ সাহসিকতার’ পরিচয় দিয়েছেন আহমেদ।

গত বছরের ১৪ ডিসেম্বর বন্ডাই সৈকতে ইহুদি সম্প্রদায়ের একটি উদ্‌যাপন অনুষ্ঠানে দুই বন্দুকধারী গুলি চালান। এতে ১৫ জন নিহত ও কয়েক ডজন মানুষ আহত হন।

হামলার সময় আহমেদ গাড়ি পার্কিংয়ের আড়ালে অবস্থান নেন। পরে সুযোগ বুঝে পেছন থেকে এক বন্দুকধারীর ওপর ঝাঁপিয়ে পড়ে তাঁর কাছ থেকে রাইফেলটি ছিনিয়ে নেন এবং তাঁকে মাটিতে ফেলে দেন। এ সময় তিনি নিজেও একাধিক গুলিবিদ্ধ হন। তবে তাঁর এই সাহসী পদক্ষেপে বেশ কয়েকজনের প্রাণ রক্ষা পায় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

অস্ট্রেলিয়ার সর্বোচ্চ বেসামরিক সাহসিকতা পদক ক্রস অব ভ্যালর এ পর্যন্ত মাত্র ছয়বার দেওয়া হয়েছে। আহমেদকে দেওয়া পদকটি এই সম্মানের ষষ্ঠ স্বীকৃতি।

বন্ডাই সৈকতের ওই হামলার সঙ্গে সংশ্লিষ্ট আরও তিনজনকে সাহসিকতার জন্য মরণোত্তর সম্মাননা দেওয়া হয়েছে। এর মধ্যে হামলার সময় নিহত বরিস ও সোফিয়া গুরমানকে দেওয়া হয়েছে ‘স্টার অব কারেজ’ পদক। চরম বিপদের মধ্যে সাহসিকতার পরিচয় দেওয়ায় তাঁদের এ সম্মাননা দেওয়া হয়। এ ছাড়া রুভিয়েন মরিসনকে দেওয়া হয়েছে ‘ব্রেভারি মেডেল’।

হামলার পর অস্ট্রেলিয়ায় অস্ত্র নিয়ন্ত্রণ আইন আরও কঠোর করার উদ্যোগ নেওয়া হয়। এর মধ্যে দেশজুড়ে আগ্নেয়াস্ত্র পুনঃক্রয় কর্মসূচি, অস্ত্রের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে আরও কঠোর যাচাই-বাছাই ও বিদ্বেষমূলক অপরাধ দমনে ব্যবস্থা জোরদারের উদ্যোগ রয়েছে।

দুই সন্তানের জনক আহমেদ হামলার পর থেকেই বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তাঁর সাহসিকতার প্রশংসা করেছেন। ট্রাম্প তাঁকে ‘অত্যন্ত সাহসী একজন মানুষ’ হিসেবে উল্লেখ করে বলেন, তিনি অনেক মানুষের জীবন বাঁচিয়েছেন।