• ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

রাখাইনের রাজধানীর কাছে পুলিশ স্টেশন দখলে নিয়েছে আরাকান আর্মি

usbnews
প্রকাশিত ফেব্রুয়ারি ২৩, ২০২৪
রাখাইনের রাজধানীর কাছে পুলিশ স্টেশন দখলে নিয়েছে আরাকান আর্মি
নিউজটি শেয়ার করুনঃ

মিয়ানমারের রাখাইন রাজ্যের রাজধানী সিত্তওয়ের কাছে একটি থানা দখলে নিয়েছে আরাকান আর্মি। বৃহস্পতিবার বাহিনীটি জানিয়েছে, পোন্নাগিউন টাউনশিপ পুলিশ স্টেশনটি এখন তাদের নিয়ন্ত্রণে। পোন্নাগিউন রাজধানী সিত্তওয়ে থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তরে অবস্থিত। এই ঘটনার প্রেক্ষিতে ইয়াঙ্গুন-সিত্তওয়ে সড়কে নিরাপত্তা জোরদার করেছে মিয়ানমারের জান্তা সরকার। এ খবর দিয়েছে ইরাবতী।

খবরে জানানো হয়, আরাকান আর্মি সম্প্রতি পাকতাও শহর দখল করে। এই শহরটিও সিত্তওয়ের কাছে। বাহিনীটি রাখাইনের সামরিক কমান্ডকে আত্মসমর্পণ করার আহ্বান জানিয়েছে। নইলে তাদেরকে পরাজিত করা হবে বলে ঘোষণা করেছে আরাকান আর্মি।

তাদের ভয়ে জান্তা সরকারের বহু কর্মকর্তা সিত্তওয়ে ছেড়ে পালিয়েছে। এছাড়া শহরটির বাসিন্দাদেরও অর্ধেকের বেশি অন্যত্র চলে গেছে। বিদ্রোহী বাহিনীটির দাবি, তারা পোন্নাগিউন, রাথেদাউং, বুথিদাউং এবং মংডু শহরের কমান্ড সেন্টার সহ জান্তা বাহিনীর ঘাঁটিগুলোতে আক্রমণ চালাচ্ছে।

অপরদিকে সিত্তওয়ে, পোন্নাগিউন, রাথেদাউং এবং বুথিডাং শহরে বেসামরিক লক্ষ্যবস্তুতে গোলাবর্ষণ অব্যাহত রেখেছে জান্তা সরকার।

বৃহস্পতিবার মিনবিয়া টাউনশিপের কান নি গ্রামের কাছে জান্তা বাহিনীর একটি বড় ও শক্তিশালী ঘাঁটিতে আক্রমণ করেছে আরাকান আর্মি। এর আগে শনিবার থেকে জান্তার ৯ম সেন্ট্রাল মিলিটারি ট্রেনিং স্কুলে আক্রমণ অব্যাহত আছে। এর কাছে থাকা তিনটি ফাঁড়ি দখল করেছে তারা। বৃহস্পতিবার ওয়াই১২ বিমান থেকে উপকূলীয় শহর রামরিতে বোমা ফেলেছে মিয়ানমারের সেনাবাহিনী। বিমান হামলা এখনও অব্যাহত আছে। এছাড়া যুদ্ধজাহাজ থেকেও রামরিতে হামলা চালানোর চেষ্টা করে জান্তা বাহিনী। তবে আরাকান আর্মির পালটা হামলায় তারা ফিরে যেতে বাধ্য হয়।