বাংলাদেশে গ্রাহক পর্যায়ে আবার বাড়লো বিদ্যুতের দাম। এবার বাড়তে পারে ৫ শতাংশ। আগামী পহেলা মার্চ প্রজ্ঞাপন জারি করা হবে। বিদ্যুতের নতুন দাম মার্চ মাস থেকে কার্যকর হবে। গ্যাসের দামও বাড়ছে। তবে বাসাবাড়ির গ্রাহক ও শিল্প পর্যায়ে গ্যাসের দাম এখন বাড়বে না। শুধুমাত্র যে গ্যাস ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হয় সেই গ্যাসের দাম বাড়ছে। সর্বশেষ ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি খুচরায় ৫ শতাংশ বাড়িয়ে বিদ্যুতের নতুন মূল্যহার নির্ধারণ করা হয়, যা মার্চ থেকে কার্যকর করা হয়। ওই দর অনুযায়ী খুচরায় গ্রাহক পর্যায়ে গড়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ভারিত গড় হয় ৮ টাকা ২৪ পয়সা, যা ওই বছর ফেব্রুয়ারিতে ৭ টাকা ৮৫ পয়সা ছিল, আর জানুয়ারিতে ছিল ৭ টাকা ৪৮ পয়সা। ওই সময় তিন মাসের মধ্যে তিন দফায় দাম বাড়ানো হয়েছিল।
বেসরকারি সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশ্লেষণ বলা হয়েছে, গত বছর সক্ষমতার ৪১ শতাংশ অলস ছিল। এদিকে গত ২০২২-২৩ অর্থবছরে ২৬ হাজার কোটি টাকার বেশি ক্যাপাসিটি চার্জ বাবদ দিতে হয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, বিপুল পরিমাণ টাকা কেন্দ্রভাড়া দিতে না হলে, কম খরচের বিদ্যুৎকেন্দ্র চালালে, প্রতিযোগিতামূলক দরপত্রের ভিত্তির বিদ্যুৎকেন্দ্র করা হলে উৎপাদন ব্যয় এত বাড়ত না। মানুষ কম খরচে বিদ্যুৎ পেত। সরকার এখন বিদ্যুৎ দাম বাড়াচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে (বিইআরসি) পাশ কাটিয়ে। ফলে খরচ কত, কোন কোন জায়গায় খরচ কমানো যায়, সেসব বিষয়ে বিষয়ে গণশুনানিতে পর্যালোচনা হয় না।
ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সিনিয়র সহ-সভাপতি এম শামসুল আলম জানান,বিদ্যুৎ খাতে ৩০ হাজার কোটি টাকা লুণ্ঠনমূলক ব্যয় রয়েছে। সেগুলো কমানো হলে দাম বাড়ানোর দরকার হবে না।