ইমারত নির্মাণ বিধিমালা না মানায় বেইলি রোডের অগ্নিকাণ্ডে অনেক মানুষ নিহত হয়েছে এবং অনেককে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। এ ধরনের ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি এড়াতে ইমারত নির্মাণ বিধিমালা পূর্ণাঙ্গরূপে বাস্তবায়ন ও পরিপালন একান্ত আবশ্যক। এই ভবন নির্মাণে অনেক গাফিলতি করা হয়েছে। এই ভবন নির্মাণে ইমারত নির্মাণ বিধিমালা, বিএমডিসি কোডে যে নির্ণায়কগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণরূপে লঙ্ঘন করা হয়েছে।
পুরান ঢাকার নিমতলী থেকে বেইলি রোড। ট্র্যাজেডি আসে, ট্র্যাজেডি যায়। মৃত্যু আর আহাজারিতে ভারী হয় ঢাকার বাতাস। এসব দুর্ঘটনার পুনরাবৃত্তির মূলে রয়েছে নগরের বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা। মানুষের সুরক্ষার কথা চিন্তা না করে শহরে গড়ে উঠছে বড় বড় অট্টালিকা। রাজনৈতিক অঙ্গীকার ছাড়া এর উত্তরণ সম্ভব বলে মনে করি না।
ফায়ার সার্ভিস সূত্র ও ভবনটির রেস্টুরেন্টগুলোতে বিভিন্ন সময়ে খেতে যাওয়া অনেকের সঙ্গে কথা বলে জানা যায়, ভবনটিতে প্রবেশ করার রাস্তা ছিল মাত্র একটি। সেটি নিচ তলার চায়ের চুমুক নামে একটি রেস্টুরেন্টের পাশ দিয়ে। নিচ তলায় রয়েছে দুটি লিফট ও একটি সরু সিঁড়ি। আর সিঁড়িটি এত সরু যে সেখান দিয়ে চারজন লোক এক সঙ্গে ওঠা-নামা করা যায় না। উপর থেকে একজন এবং নিচ থেকে একজন করে ওঠা-নামা করা যায়।
এ বিষয়ে ওই ভবনে মাঝে মাঝে খেতে যাওয়া সাব্বির নামে এক তরুণ বলেন, সিঁড়িটি এত সরু যে দুইয়ের অধিক মানুষ একসঙ্গে উপরে উঠতে গেলে কিংবা নামতে গেলে সমস্যা হয়।সাততলা ভবনটির অধিকাংশ ফ্লোরে রেস্টুরেন্ট আছে। ফলে সারাদিনই সেখানে মানুষের যাতায়াত ছিল।ভবনের প্রথম তলায় চায়ের চুমুক রেস্টুরেন্ট ছিল। এছাড়া ছিল গ্যাজট অ্যান্ড গিয়ার, স্যামসাং, শেখ হোলিক ও ওয়াফে বে নামে চারটি শোরুম। দ্বিতীয় তলার পুরোটা জুড়ে ছিল কাচ্চি ভাই রেস্টুরেন্ট। তৃতীয় তলায় ইলিয়ানের পাঞ্জাবির শোরুম। চতুর্থ তলায় খানাস নামে একটি রেস্টুরেন্ট, পঞ্চম তলায় পিৎজা হাট, ষষ্ঠ তলায় স্টিট ওভেন ও জেস্টি নামে দুটি রেস্টুরেন্ট এবং সপ্তম তলায় ফোকুস ও হাক্কা ডাকা নামে দুটি রেস্টুরেন্ট ছিল। এছাড়া ভবনটির ছাদেও এম্বোশিয়া নামে একটি রেস্টুরেন্ট ছিল।
বিভিন্ন সূত্রে জানা গেছে, গ্রিন কোজি কোটেজ নামে ভবনটির ডেভেলপার আমিন মোহাম্মদ গ্রুপ। ভবনটির সব ফ্লোর ব্যবহার হচ্ছিল বাণিজ্যিকভাবে। তবে রেস্টুরেন্টের জন্য ব্যবহারের কোনো অনুমতি ছিল না এই ভবনের।

বেইলি রোডের ক্ষতিগ্রস্ত ভবনে অগ্নিনির্বাপন ব্যবস্থা ছিল না: ফায়ার সার্ভিস
রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজের কাচ্চি ভাই রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ভয়াবহতার জন্য অগ্নিনির্বাপক ব্যবস্থা না থাকাকে দায়ী করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মো. মাঈন উদ্দিন।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার সময় ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি কথা জানান।
ডিজি বলেন, এ ভবনের একটি মাত্র সিঁড়ি এবং ভবনটিতে কোনো ফায়ার সেফটি প্ল্যান্ট ছিল না। যে কারণে ক্ষয়ক্ষতিসহ প্রাণহানির ঘটনা ঘটেছে।
ভবনটি ফায়ার সার্ভিসের মনিটরিংয়ের আওতায় ছিল কিনা সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, তাদেরকে তিনবার নোটিশ করা হয়েছিল।
ভবনটি আবাসিক না বাণিজ্যিক ছিল এ প্রশ্নের উত্তরে ডিজি বলে এটি রাজউক ভালো বলতে পারবে।
উপস্থিত গণমাধ্যমকর্মীরা আরও বিস্তারিত জানতে চাইলে তিনি তদন্তের পর জানাবেন বলে জানান।
আগুন লাগলে কেবল মালিক আর ম্যানেজারকে গ্রেফতার করা হয়। কিন্তু আগুন লাগার আগে তদারকি সরকারি প্রতিস্টানের দায়িত্ব কি এড়িয়ে যাওয়া যায়?
রাজধানীর বেইলী রোডে অবস্থিত একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করে সঠিক তদন্তের দাবি জানিয়ে অনেকে বলেছেন , কোনো হাসপাতালে রোগীর অস্বাভাবিক মৃত্যু হলে মৃত্যুর কারণ তদন্ত করতে গিয়ে পাওয়া যায় হাসপাতালটি অনুমোদন হীন বা কোনো শপিং মলে আগুন লাগিলে তদন্তে বলা হয় নিরাপত্তার জন্য মলটির অগ্নিনির্বাপক বা সেপ্টি কাস্টমারের জন্য যথেষ্ট নয় সুতরাং মানুষ মারা যাওয়ার পরে কেন স্ব স্ব বিভাগের কতৃপক্ষ সিরিয়াসলি আগে তদারকি করেন না। তাই সম্প্রতিকালে এই পর্যন্ত্য যত মৃত্যু ঘটেছে তার জানমালের ক্ষয়ক্ষতি সরকারের সংশ্লিষ্ট বিভাগ কে বহন করতে হবে।
বেইলি রোডের অগ্নিকাণ্ডে কারো গাফিলতি ছিল কি না তা তদন্ত করে দেখবে ফায়ার সার্ভিস। আজ (শুক্রবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী বলেন, অগ্নিকাণ্ডে অনেকে মারা গেছেন। এই মৃত্যু কাম্য নয়। এই মৃত্যু কখনো মেনে নেওয়া যায় না। এই ভবনটাতে একটা মাত্র সিঁড়ি আছে। ধোঁয়ার কারণে মানুষ যেখানে অচেতন হয়ে পড়ে ছিল। সেখানে কোনো ধরনের ভেন্টিলেশন ছিল না। আমরা একটি তদন্ত কমিটি করেছি, আমরা আসলে দেখতে চাই কারো কোনো গাফিলতি ছিল কি না।
তিনি বলেন, এই ভবনে ফায়ার সেফটি প্ল্যান ছিল কি না আমরা তদন্ত করে দেখতে চাই। এছাড়া ভবন নির্মাণ করতে অন্য যেসব প্রতিষ্ঠানের অনুমতি লাগে তা ছিল কি না সেটাও আমরা তদন্ত করে দেখব। আমরা তদন্তে দেখতে পাব কীভাবে আগুন লেগেছে এবং এখানে কারো কোনো গাফিলতি ছিল কি না।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেন, এই ভবনে কোনো অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না। ফায়ার সেইফটি প্ল্যান ছিল না। ভবনে আমরা দুয়েকটি ফায়ার এক্সটিংগুইশার দেখতে পেয়েছি। ভবনে একটি মাত্র সিঁড়ি রয়েছে। মানুষ যে কক্ষে আশ্রয় নিয়েছিলেন সেখানে একটি জানালাও ছিল না। এছাড়া চার তলায় অনেক গ্যাস সিলিন্ডার ছিল।
ইমারত নির্মাণ বিধিমালা অনুযায়ী পাঁচ তলার উপরে ভবন হলেই একটি ভবনে দুটো সিঁড়ি থাকতেই হবে এবং একটি সিঁড়ি জরুরি সাড়া প্রদানের জন্য নির্ধারিত থাকবে। অগ্নিকাণ্ড, ভূমিধ্বসসহ যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগকালে সেটি ব্যবহৃত হবে। কিন্তু এই ভবনে তা মানা হয়নি বলেই অগ্নিকাণ্ডে এতো হতাহত হয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যমে বেইলি রোডের অগ্নিকাণ্ডের খবর
বৃহস্পতিবার রাজধানী ঢাকার বেইলি রোডে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে অন্তত ৪৬ জন নিহত হয়েছেন। বর্তমানে ঘটনাটি টক অব দ্য টাউনে পরিণত হয়েছে। এমনকি দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমেও স্থান পেয়েছে খবরটি। শুক্রবার দ্য ইন্ডিপেন্ডেন্ট, ভয়েস অব আমেরিকা, এবিসি নিউজ, দ্য ন্যাশনাল, স্কাই নিউজ, সিবিএস নিউজ, দ্য গার্ডিয়ান, আরব নিউজ, নিউইয়র্ক টাইমস, এবিপি নিউজ, আউটলুক ইন্ডিয়া, দ্য হিন্দু, টাইমস অব ইন্ডিয়া, রয়টার্স, এনডিটিভি, ডয়েচে ভেলে, নিউইয়র্ক পোস্ট, গালফ নিউজ এবং দ্য সানসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে।
বিবিসির প্রতিবেদনের শিরোনামে বলা হয়েছে, বাংলাদেশ অগ্নিকাণ্ড: ঢাকা ভবনে অগ্নিকাণ্ডে অন্তত ৪৩ জন নিহত হয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, বাংলাদেশের একটি বহুতল ভবনে আগুন লেগে অন্তত ৪৩ জন নিহত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, রাজধানী ঢাকায় বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টার দিকে একটি রেস্তোরাঁয় আগুনের সূত্রপাত হয়।
ভয়েস অব আমেরিকার প্রতিবেদনে বাংলাদেশে রেস্টুরেন্টে আগুন লেগে ৪০ জনের বেশি নিহত শিরোনাম করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে বাংলাদেশের রাজধানী ঢাকার একটি সাততলা ভবনে আগুন লেগে কমপক্ষে ৪৩ জন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছে। বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পার্শ্ববর্তী একটি বার্ন হাসপাতাল পরিদর্শন করার পর এএফপিকে বলেন, এখন পর্যন্ত আগুনে ৪৩ জনের মৃত্যু হয়েছে।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের রাজধানী ঢাকায় ভবনে আগুন লেগে বেশ কয়েকজন নিহত। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন জানিয়েছেন, আগুন লেগে ৪৫ জনের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ ও পার্শ্ববর্তী একটি বার্ন ইউনিট পরিদর্শনের পর তিনি এ তথ্য জানান।
আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের রাজধানীকে আগুন লেগে নিহত ৪১।