গতকাল সোমবার বিকেলে ৪টার দিকে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা এলাকায় এস আলম সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডে আগুন লাগে। কারখানাটি কর্ণফুলী নদীর পাড়ে। চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, আগুন লাগার সংবাদ পেয়ে বিকেল ৩টা ৫৫ মিনিটে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে। কর্ণফুলী স্টেশন থেকে একটি এবং চন্দনপুরা ও আগ্রাবাদ থেকে আরও আটটিসহ মোট ৯টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে। চট্টগ্রামের ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আবদুর রাজ্জাক সাংবাদিকদের জানিয়েছেন, কয়েক ঘণ্টা পর রাতে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নেভানোর চেষ্টা চলছিল। আগুন যেন পুরো কারখানায় ছড়াতে না পারে সেই চেষ্টা করছেন তারা।আর তাতে কারখানা নিরাপদ রাখা গেছে বলেও জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। কারখানার ভেতরে মূল অংশসহ আশপাশে আগুন অনেকটা ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের গাড়িগুলো সরাসরি কর্ণফুলী নদী থেকে পাইপের মাধ্যমে পানি নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
ঘটনাস্থলে এস আলম গ্রুপের মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক মোহাম্মদ ফয়সাল সাংবাদিকদের বলেন, এ কারখানায় আমদানি করা কাঁচা চিনি পরিশোধন করা হয়। চার লাখ মেট্রিকটন ক্যাপাসিটি আছে। ইউনিট-ওয়ান এর গুদামে আগুন লেগেছে। সেখানে এক লাখ মেট্রিকটন অপরিশোধিত চিনি ছিল। সেগুলো সব পুড়ে গেছে। রমজানের জন্য চিনিগুলো আমদানি করা হয়েছিল। আগুন যাতে মূল কারখানা এবং ফিনিশড সুগার যেখানে রাখা হয়, সেখানে ছড়িয়ে না পড়ে সেই চেষ্টা করা হয়েছে। সেখানে আগুন লাগলে রমজানে আমাদের পক্ষে বাজারে চিনি দেওয়া সম্ভব হতো না । বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে এস আলম গ্রুপের এ কর্মকর্তা ধারণা করছেন।
ব্রাজিল, আর্জেন্টিনা ও থাইল্যান্ড থেকে চিনির কাঁচামাল এনে পরিশোধন করা হয় এস আলম গ্রুপের এই কারখানায় দুইটি প্লান্টে। এর মধ্যে প্লান্ট ১ এর উৎপাদন ক্ষমতা দৈনিক ৯০০ টন, প্লান্ট ২ এর উৎপাদন ক্ষমতা ১ হাজার ৬০০ টন। থাইল্যান্ড ও ফ্রান্সের প্রযুক্তি ও কারিগরি সহায়তায় এ কারখানাটি পরিচালিত হচ্ছে। এর আগে শুক্রবার নগরীর বাকলিয়া এলাকায় একটি হিমাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেটিও এস আলম গ্রুপের একজন পরিচালকের।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ হারুন পাশা বলেন, গোডাউন ভর্তি সুগার ছিল। পাঁচতলা ভবনের মতো উঁচু গোডাউনটির আগুন নিয়ন্ত্রণে না আসলেও অনেকটাই কমে এসেছে। আগুনে কোনো হতাহত নেই দাবি করে তিনি বলেন, আশেপাশের স্থাপনাগুলোতে আগুন ছড়ানো ঠেকানো গেছে। কর্ণফুলী থানার মইজ্জারটেক সংলগ্ন ইছাপুর এলাকায় ১১ মেগাওয়াটের এস আলম পাওয়ার প্লান্টের পাশেই এস আলম রিফাইন্ড সুগার মিলটি অবস্থিত। পাওয়ার প্ল্যান্টের বিদ্যুৎ দিয়েই চিনি কারখানার উৎপাদন কার্যক্রম চলে।
এস আলম গ্রুপের নির্বাহী পরিচালক সুব্রত কুমার ভৌমিক বলেন, এস আলম সুগার মিলের গোডাউনে কী কারণে আগুন লেগেছে তা জানা যায়নি। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। সুগার মিলের একজন কর্মকর্তা বলেন, গোডাউন-১ এ এক লাখ টনের মতো সুগার ছিল।