• ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

সোমালিয়ার উপকূলে নোঙর করেছে এমভি আব্দুল্লাহ , নাবিকরা সবাই সুস্থ , অনুসরণ করতে ইইউর সামুদ্রিক নিরাপত্তা বাহিনীর একটি জাহাজ মোতায়েন করা হয়েছে

usbnews
প্রকাশিত মার্চ ১৪, ২০২৪
সোমালিয়ার উপকূলে নোঙর করেছে এমভি আব্দুল্লাহ , নাবিকরা সবাই  সুস্থ , অনুসরণ করতে ইইউর সামুদ্রিক নিরাপত্তা বাহিনীর একটি জাহাজ মোতায়েন করা হয়েছে
নিউজটি শেয়ার করুনঃ

জলদস্যুদের কবলে পড়ার দুই দিন পর সোমালিয়া উপকূলে নোঙর করেছে বাংলাদেশি কোম্পানির মালিকানাধীন জাহাজ এমভি আব্দুল্লাহ। বৃহস্পতিবার বেলা একটার দিকে জাহাজটি সোমালিয়া উপকূলে পৌঁছায় বলে নিশ্চিত করেছেন এটির মালিকানাধীন প্রতিষ্ঠান কেএসআরএম’র গণমাধ্যম উপদেষ্টা মিজানুল ইসলাম।

জাহাজটি সোমালিয়ার গারাকাদ উপকূলে নোঙর করা হয়েছে। লন্ডন ও কুয়ালালামপুরভিত্তিক জলদস্যুতা পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ‘ইন্টারন্যাশনাল মেরিটাইম ব্যুরো’র (আইএমবি) বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে । সোমালি জলদস্যুদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো যোগাযোগ করা হয়নি বলে জাহাজের মালিকপক্ষ থেকে জানানো হয়েছে।

ভারত মহাসাগরে জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি ২৩ নাবিকসহ এমভি আবদুল্লাহ নামের জাহাজটি উদ্ধারে প্রাথমিক তৎপরতা শুরু হয়েছে। জাহাজটির বিমাকারী যুক্তরাজ্যের একটি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ শুরু করেছে জাহাজের মালিকপক্ষ। তবে  এপর্যন্ত সরাসরি জলদস্যুদের সঙ্গে যোগাযোগ করতে পারেনি মালিকপক্ষ বা বিমাকারী প্রতিষ্ঠান।

১৩ বছর আগে একই কোম্পানির আরও একটি জাহাজ অপহরণ করেছিল সোমালি জলদস্যুরা। এমভি জাহান মণি নামের ওই জাহাজে ২৫ জন নাবিক এবং তাদের একজনের স্ত্রী ছিলেন। অনেক দেনদরবার ও দরকষাকষি শেষে মোটা অঙ্কের মুক্তিপণ দিয়ে ১০০দিন পর তাদেরকে মুক্ত করে দেশে আনা হয়। সেই অভিজ্ঞতা থেকে ধারণা করা হচ্ছে যে, জলদস্যুরা এবারও বড় অঙ্কের মুক্তিপণ দাবি করতে পারে। সেজন্য প্রস্তুতিও গ্রহণ করছে জাহাজের মালিকপক্ষ।

“নাবিকসহ জাহাজটি নিরাপদে উদ্ধার করে আনাই আমাদের লক্ষ্য। সেজন্য ইতোমধ্যেই আমরা তৃতীয় একটি পক্ষের সাথে যোগাযোগ শুরু করেছি যেন দস্যুরা যোগাযোগ করা মাত্রই আমরা দ্রুত ব্যবস্থা নিতে পারি,” বলেছেন কেএসআরএম’র গণমাধ্যম উপদেষ্টা।

জিম্মি নাবিকরা সবাই সুস্থ আছেন বলে দাবি করেছে জাহাজের মালিকপক্ষ। “জাহাজের সাথে আমরা ফের যোগাযোগ স্থাপন করতে পেরেছি। নাবিকরা সবাই এখন সুস্থ আছেন বলে আমাদের জানিয়েছেন,” বলেন মিজানুল ইসলাম। এদিকে, নাবিকদের কেউ কেউ পরিবারের সাথেও যোগাযোগ করেছেন।

সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি চট্টগ্রামের কবির গ্রুপের জাহাজ এমভি আবদুল্লাহকে অনুসরণ করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি জাহাজ। গতকাল বুধবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে ইইউর সামুদ্রিক নিরাপত্তা বাহিনী। বিবৃতিতে আরও বলা হয়েছে, নাবিকেরা নিরাপদে আছেন।

গত মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা দেড়টার দিকে ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুরা বাণিজ্য জাহাজ এমভি আবদুল্লাহর নিয়ন্ত্রণ নেয়। জাহাজটি মোজাম্বিক থেকে দুবাই যাচ্ছিল।

ওই অঞ্চলে জলদস্যুদের দৌড়াত্ম্য রুখতে ও চলাচলকারী জাহাজগুলোর নিরাপত্তায় ইইউ ‘অপারেশন আটলান্টা’ নামে অভিযান পরিচালনা করে। গতকাল ইইউর সামুদ্রিক নিরাপত্তা বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, এ অভিযানের আওতায় জিম্মি হওয়া বাংলাদেশি বাণিজ্য জাহাজটিকে অনুসরণ করতে একটি জাহাজ মোতায়েন করা হয়েছে।