নাম প্রকাশ অনচ্ছিুক একটি সামরিক সূত্র রাশিয়ার স্পুৎনিক বার্তা সংস্থাকে জানিয়েছে, সলিড ফুয়েল চালিত এই ক্ষেপণাস্ত্র প্রতি ঘণ্টায় ছয় হাজার ২০০ মাইল গতিতে ছুটতে পারে যা শব্দের চেয়ে ৮ গুণ বেশি।
ওই সূত্র জানায়, লোহিত সাগর, আরব সাগর এবং এডেন উপসাগর ও ইহুদিবাদী ইসরাইলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানোর জন্য ইয়েমেন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যাপকভাবে উৎপাদনের পরিকল্পনা করছে। সামরিকটি সূত্র বলছে, পরীক্ষার কয়েক মাসের মধ্যে ইয়েমেন তাদের ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের ওয়ারহেড ও বোমা বহনের সক্ষমতা দ্বিগুণ বাড়িয়েছে।
ইয়েমেনের সশস্ত্র বাহিনী সফলভাবে একটি উচ্চ ধ্বংস-ক্ষমতাসম্পন্ন হাইপারাসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। লোহিত সাগরে যখন ইহুদিবাদী ইসরাইল এবং তার মিত্রদের জাহাজে হুতি সমর্থিত সামরিক বাহিনী হামলা চালাচ্ছে এবং এ নিয়ে যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ তুঙ্গে রয়েছে তখন এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার খবর এলো।
লোহিত সাগরে সাম্প্রতিক অভিযানে নতুন অস্ত্র ব্যবহার করা হয়েছে যা মার্কিন ও ব্রিটিশ বাহিনীকে বিস্মিত এবং সতর্ক করেছে বলে ইয়েমেনের আনসারুল্লাহ নেতা আবদুল মালিক আল-হুথি মন্তব্য করার এক সপ্তাহ পর হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার এ খবর বের হলো।
ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী হুদাইদার আন্তর্জাতিক বিমানবন্দরে আবার বিমান হামলা চালিয়েছে আমেরিকা ও ব্রিটেনের সন্ত্রাসী সেনারা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার প্রতিরোধ যোদ্ধাদের প্রতি সমর্থন জানিয়ে ইয়েমেনের হুথি সমর্থিত সামরিক বাহিনী লোহিত সাগরে ইসরাইলি জাহাজে যে হামলা চালিয়ে আসছে তা বন্ধ করার লক্ষ্যে ইঙ্গো-মার্কিন বাহিনী এই হামলা চালিয়েছে।
লোহিত সাগরে ইয়েমেনের সেনারা শুধু ইসরাইলি জাহাজে নয় বরং ইসরাইল অভিমুখী যেকোন দেশের জাহাজে হামলা চালানোর কথা ঘোষণা করেছে। এরইমধ্যে ইয়েমেনের সেনারা আমেরিকা ও ব্রিটেনের কয়েকটি জাহাজে হামলা চালিয়েছে এবং একটি ব্রিটিশ জাহাজ লোহিত সাগরে ডুবেও গেছে।
নতুন হামলা সম্পর্কে খবরে বলা হয়েছে, আমেরিকা ও ব্রিটিশ যুদ্ধবিমানগুলো হুদাইদা শহরের আন্তর্জাতিক বিমানবন্দরে তিন দফা বোমা হামলা চালায়। এর কয়েক ঘণ্টা আগে ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশন্স জানিয়েছিল যে, ইয়েমেনের সেনারা আমেরিকার একটি বাল্ক জাহাজে হামলা চালিয়েছে। ব্রিটিশ নিরাপত্তা প্রতিষ্ঠান আমব্রেও নিশ্চিত করেছে যে, এডেন উপসাগরে একটি জাহাজ হামলার শিকার হয়েছে।
ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশন্স জানিয়েছে, বোমা বহনকারী একটি ড্রোন মার্কিন মালিকানাধীন জেনকো পিকার্ডি নামের একটি জাহাজের ওপর বিস্ফোরিত হয়। ইয়েমেনের এডেন বন্দর থেকে ১১০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এই ঘটনা ঘটেছে।
ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি মার্কিন বাল্ক জাহাজ জেনকো পিকার্ডিতে হামলার কথা নিশ্চিত করেছেন।
গত সপ্তাহে ইয়েমেনের প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল মুহাম্মাদ নাসের আল-আতিফিও বলেছিলেন, দেশের সামরিক বাহিনীর হাতে এখনো অনেক ‘তুরুপের তাস’ রয়েছে যা এখনো খেলা হয়নি।