• ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

১০টি মামলায় ২৩ জুলাই রাত পর্যন্ত মোট ১০৭ জন আসামিকে গ্রেপ্তার, তুরাবের মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবি

usbnews
প্রকাশিত জুলাই ২৩, ২০২৪
নিউজটি শেয়ার করুনঃ

এমজেড এম আলম,  সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান :  গতকাল  কোটা বহাল রেখে উচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে সরকারের আপিল শুনানির জন্য ধার্য্যকৃত দিন হওয়ায় সকাল থেকেই শহরের মধ্যে বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উৎকণ্ঠা ছিল। পরে দুপুরে সাত শতাংশ কোটা রেখে ৯৩ শতাংশ মেধায় নিয়োগে আপিল বিভাগের নির্দেশনার আদেশের খবর প্রকাশের পর পরিস্তিতি কিছুটা ভিন্ন রূপ নেয়।

আপিল বিভাগের নির্দেশনার পরও আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা এ বিষয়ে কোনো সিদ্ধান্ত না জানিয়ে দেশব্যাপী শাটডাউন কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেন।

আপিল বিভাগের এ সিদ্ধান্তে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। জেলা কোটা ও নারী কোটা বাতিল হওয়ায় বৈষম্য আরও বাড়ল এবং সাধারণ শিক্ষার্থীরাই ভবিষ্যতে আরও বেশি বৈষম্যের শিকার হবেন বলে প্রচারণা চলে দেখা যায়।

বিকেলে কারফিউ শিথিল থাকার সময় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সাংবাদিকদের সাতটি সংগঠনের যৌথ উদ্যোগে তুরাব হত্যার প্রতিবাদে কর্মসূচি পালন করা হয়েছে । এ সময় তুরাবের মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়।

সিলেটে আন্দোলনের সমন্বয়ক আসাদুল্লাহ আল-গালিব সাংবাদিকদের জানান, ইন্টারনেট সেবা চালু করা, সড়ক থেকে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর অপসারণ এবং আটক সকল সাধারণ শিক্ষার্থীদের মুক্তির দাবি সরকার মেনে নিলে আন্দোলনরত শিক্ষার্থীরা আলোচনা করে সার্বিক বিষয়ে তাদের সিদ্ধান্ত জানাবে।

সরেজমিনে শহরের বিভিন্ন এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীরা খন্ড খণ্ড মিছিল করতে দেখা যায়।

কোটা সংস্কার আন্দোলন শুরুর পর গত ১৭ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত সিলেট মেট্রোপলিটন পুলিশের ৬টি থানার মধ্যে তিনটি থানায় মোট ১০টি মামলা দায়ের করা হয়েছে।

এর মধ্যে কোতোয়ালী থানায় ৫টি, জালালাবাদ থানায় ৪টি এবং দক্ষিণ সুরমা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ সকল মামলায় মোট ২৪৪ জন আসামির নামোল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও অন্তত ১২ হাজার ৮১০ থেকে ১৬ হাজার ১৫ জনকে আসামি করা হয়েছে।

এ ১০টি মামলায় ২৩ জুলাই রাত পর্যন্ত মোট ১০৭ জন আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তবে কোনো মামলায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীকে গ্রেপ্তার দেখানো হয়নি।