হলমার্ক কেলেঙ্কারির ঘটনায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ ও তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জেসমিন ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোনালী ব্যাংকের প্রায় ৪ হাজার কোটি টাকার ঋণ দুর্নীতির ১১ মামলার মধ্যে এক মামলার রায় হয় মঙ্গলবার। ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক মো. আবুল কাশেমের আদালত এ রায় দেন।
হল-মার্ক গ্রুপের ঋণ জালিয়াতি ব্যাংকিং ইতিহাসের এক বিস্ময়কর ঘটনা বলে মন্তব্য করেছেন আদালত। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছেন, যে অপরাধীরা দেশের জনগণের আমানত, দেশের ব্যাংকিংব্যবস্থা, দেশের অর্থনীতিকে খেলো মনে করেন, তাঁদের মৃত্যুদণ্ডের মতো সাজা হওয়া উচিত বলে আদালত মনে করেন। তবে সংশ্লিষ্ট আইনে এই অপরাধের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড। তাই নয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোনালী ব্যাংকের ঋণ জালিয়াতির ঘটনায় করা মামলায় হল-মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদসহ নয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার রায়ে এই পর্যবেক্ষণ দিয়েছেন আদালত।
যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া নয়জন হলেন, তানভীর মাহমুদ, তানভীর মাহমুদের স্ত্রী ও হল-মার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলাম, তানভীরের ভায়রা হল-মার্ক গ্রুপের মহাব্যবস্থাপক তুষার আহমেদ, টি অ্যান্ড ব্রাদার্সের পরিচালক তসলিম হাসান, ম্যাক্স স্পিনিং মিলসের মালিক মীর জাকারিযা, প্যারাগন গ্রুপের এমডি সাইফুল ইসলাম রাজা, সাইফুল হাসান, নকশী নিটের এমডি মো. আবদুল মালেক ও আবদুল মতিন।
দণ্ডিত বাকি আট আসামি হলেন, সাভারের হেমায়েতপুরের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. জামাল উদ্দিন সরকার, সোনালী ব্যাংক ধানমন্ডি শাখার জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নেসা মেরি, সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের সাবেক মহাব্যবস্থাপক ননী গোপাল নাথ ও মীর মহিদুর রহমান, প্রধান কার্যালয়ের সাবেক ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির, উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মাইনুল হক, উপমহাব্যবস্থাপক (ডিজিএম) সফিজউদ্দিন এবং এজিএম মো. কামরুল হোসেন খান। এই আটজনের মধ্যে জামাল উদ্দিনের পাঁচ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। বাকিদের ১৭ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
আসামিদের মধ্যে জামাল উদ্দিন ও আলতাফ হোসেন জামিনে রয়েছেন। আর পলাতক রয়েছেন সাইফুল ইসলাম, আবদুল মতিন, হুমায়ুন কবির, গোপাল নাথ, তসলিম, সাইফুল হাসান, মেহেরুন্নেসা ও জাকারিয়া। কারাগারে আছেন তানভীর, তুষার,জেসমিনসহ অপর আটজন।
এর আগে গেল ২৮শে জানুয়ারি মামলার যুক্তিতর্কের শুনানি শেষে আদালত রায়ের তারিখ ২৮শে ফেব্রুয়ারি ঠিক করেছিলেন। তবে ওইদিন রায় থেকে মামলাটি উত্তোলন করে আরও দুই জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের জন্য দুদকের পক্ষ থেকে আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন। এরপর দুই ম্যাজিস্ট্রেটের সাক্ষ্যগ্রহণ করেন আদালত। গেল ১২ই মার্চ দুদক ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের তারিখ ১৯শেমার্চ ঠিক করা হয়।
২০১২ সালের ৪ অক্টোবর রমনা থানায় ৩ হাজার ৮৯৯ কোটি ৪১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ১১টি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি, অর্থ আত্মসাৎ, পরস্পরের যোগসাজশ, ক্ষমতার অপব্যবহার ও মুদ্রাপাচারের অভিযোগ আনা হয়।
আসামিরা হলেন- হলমার্কের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. তানভীর মাহমুদ, তার স্ত্রী ও গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলাম এবং তানভীরের ভায়রা ও গ্রুপের মহাব্যবস্থাপক তুষার আহমেদ।
মামলার সূত্রে জানা গেছে, ভুয়া ম্যাক্স স্পিনিং মিলসের হিসাবে সুতা রপ্তানির নামে ৫২৫ কোটি ৬২ লাখ ৯২ হাজার ৮০০ টাকা মূল্যের সুতা রপ্তানি করা হয় বলে নথিপত্রে দেখানো হয়। ওই হিসাবে পুরো অর্থ জমা করা হলে তা থেকে ১৬ কোটি ৫০ লাখ টাকা হলমার্কের আরেক ভুয়া প্রতিষ্ঠান অ্যাপারেল এন্টারপ্রাইজের হিসাবে স্থানান্তর করা হয়, যা পরে তানভীর ও তার স্ত্রী তুলে নেন। ২০১২ সালের ৪ অক্টোবর আসামিদের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি, অর্থ আত্মসাৎ, পরস্পরের যোগসাজশে ক্ষমতার অপব্যবহার ও অর্থের অপব্যবহার এবং পাচারের অভিযোগে রাজধানীর রমনা থানায় এ মামলা করে দুদক।
২০১৪ সালের ৭ এপ্রিল দুদকের শীর্ষ পর্যায় থেকে হল-মার্কের দুর্নীতি অনুসন্ধানে তদন্ত দলের প্রধানকে লিখিতভাবে জানানো হয় যে নন-ফান্ডেড দায়ের বিষয়টি দুদক অনুসন্ধান করবে না।
কিন্তু দুদক থেকে সোনালী ব্যাংককে এ তথ্য জানানোর আগেই পরের দিনই (৮ এপ্রিল) পরিশোধযোগ্য বিলের তালিকা তৈরি করে সাত কর্মদিবসের মধ্যে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর কাছে তা জমা দিতে নির্দেশ দেওয়া হয়। এ কাজের জন্য ১৮ সদস্যের একটি কমিটিও গঠন করা হয়। এর দুই দিন পর অর্থাৎ ১০ এপ্রিল দুদকের সিদ্ধান্তের চিঠিটি সোনালী ব্যাংকে পেঁৗছে৷ চিঠিটির অনুলিপি ব্যাংকের রূপসী বাংলা হোটেল শাখায়ও পাঠানো হয়।
উল্লেখ্য, সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখাসহ একাধিক শাখায় ২০১০ সাল থেকে ২০১২ সালের মার্চ পর্যন্ত হল-মার্ক নামের এক অখ্যাত ব্যবসায়ী গোষ্ঠী সাড়ে তিন হাজার কোটি টাকা তুলে নেয়৷ যার সঙ্গে সোনালী ব্যাংকের বেশ কিছু কর্মকর্তা জড়িত ছিলেন৷ এর মধ্যে পুরোপুরি ঋণে পরিণত হয়েছে এমন (ফান্ডেড) এক হাজার ৯১৮ কোটি টাকার জালিয়াতির জন্য দুদক ৩৭টি মামলা করেছে৷ যার ১১টি মামলার অভিযোগপত্রও জমা দেওয়া হয়েছে৷ আর নন-ফান্ডেড বা এখনো পুরো ঋণে পরিণত হয়নি এমন এক হাজার ৭০৯ কোটি টাকা আত্মসাতের সঙ্গে প্রাথমিক অনুসন্ধানে দেশি-বিদেশি ২৬টি ব্যাংকের সম্পৃক্ততা পেয়েছিল দুদক৷ যে অনুসন্ধান এখন বন্ধ করা হয়েছে। বিষয়টি নিয়ে কয়েকজন ব্যংকরার বলেছিলেন এর দায়ভার পরিচালনা পর্ষদ এড়াতে পারে না। এর পেছনে পরিচালনা পর্ষদ ও জড়িত থাকতে পারে। সেটার পি স্বাধীন তদন্ত প্রয়োজন।
বাংলাদেশ ব্যাংক দুদকের কাছে হল-মার্কের ঋণ কেলেঙ্কারির তথ্য-উপাত্তসহ কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শন প্রতিবেদন পাঠিয়ে তদন্ত করার অনুরোধ করেছিল৷ কিন্তু দুদক নন-ফান্ডেড ঋণ জালিয়াতির অনুসন্ধান না করার সিদ্ধান্তটি বাংলাদেশ ব্যাংককে জানায়নি।
হলমার্ক গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান অ্যাপারেল এন্টারপ্রাইজের মালিক মো. শহিদুল ইসলাম, স্টার স্পিনিং মিলসের মালিক মো. জাহাঙ্গীর আলম, টি অ্যান্ড ব্রাদার্সের পরিচালক তসলিম হাসান, ম্যাক্স স্পিনিং মিলসের মালিক মীর জাকারিয়া, সেঞ্চুরি ইন্টারন্যাশনালের মালিক মো. জিয়াউর রহমান, আনোয়ারা স্পিনিং মিলসের মালিক মো. জাহাঙ্গীর আলম, প্যারাগনের এমডি সাইফুল ইসলাম রাজা, নকশি নিটের এমডি মো. আবদুল মালেক ও সাভারের হেমায়েতপুরের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. জামাল উদ্দিন সরকার।
এছাড়া সোনালী ব্যাংকের তৎকালীন হোটেল রূপসী বাংলা শাখার সাময়িক বরখাস্ত হওয়া ব্যবস্থাপক এ কে এম আজিজুর রহমান, সহকারী উপ-মহাব্যবস্থাপক মো. সাইফুল হাসান, নির্বাহী কর্মকর্তা আবদুল মতিন ও সোনালী ব্যাংক ধানমন্ডি শাখার বর্তমান জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নেসা মেরিও মামলার আসামি।
প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে হলমার্ক নামে ভুঁইফোড় এক প্রতিষ্ঠান রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক থেকে লুটে নেয় প্রায় চার হাজার কোটি টাকা। সংবাদমাধ্যমে এটি পরিচিতি পায় হলমার্ক কেলেঙ্কারি নামে। আর্থিক খাতের এই কেলেঙ্কারির ঘটনায় শুরু হয় তোলপাড়, হতবাক হয় দেশের মানুষ।
সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের দুই জিএম ননী গোপাল নাথ ও মীর মহিদুর রহমান (দুজনই ওএসডি), প্রধান কার্যালয়ের সাবেক ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির, ডিএমডি মাইনুল হক ও আতিকুর রহমান (দুজনই ওএসডি), দুই উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) শেখ আলতাফ হোসেন (সাময়িক বরখাস্ত) ও মো. সফিজউদ্দিন আহমেদ (সাময়িক বরখাস্ত), দুই এজিএম মো. কামরুল হোসেন খান (সাময়িক বরখাস্ত) ও এজাজ আহম্মেদের নামও রয়েছে এতে।এদিকে এই কেলেঙ্কারির অন্যতম হোতা বিদেশে পালিয়ে থাকা সোনালী ব্যাংকের সে সময়ের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হুমায়ুন কবিরকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার উদ্যোগ নিয়েছে দুদক।
হলমার্কের সম্পদ:
হলমার্ক গোষ্ঠির প্রায় সবগুলো কারখানাই সাভার এলাকায়। ছড়িয়ে-ছিটিয়ে থাকা ৪০টি কারখানা এখন বন্ধ। কারখানার ভঙ্গুর অবকাঠামো ছাড়া এখন আর তেমন কিছুই নেই। এ সব কারখানাসহ হলমার্কের স্থাবর সম্পদ ক্রোক না করায় তা অরক্ষিত অবস্থায় রয়েছে।
যেভাবে জালিয়াতি:
হলমার্কের ১১ মামলার বিচার শুনানিতে উঠে এসেছে চাঞ্চল্যকর অনেক তথ্য। বেরিয়ে এসেছে জালিয়াতির নীলনকশার আদ্যোপান্ত। চক্রটি ব্যাংকের ৪ হাজার কোটি টাকা লুটপাট করতে হোটেল শেরাটনের (বর্তমানে হোটেল ইন্টারকন্টিনেন্টাল) পাশে সাকুরার পেছনে একটি ব্যক্তিগত বাড়ি ভাড়া নেয়। সেখানেই চলত জালজালিয়াতির কাগজপত্র তৈরিসহ সব ধরনের কারসাজির কাজ।
দুদক সূত্র জানায়, ওই বাড়িতে হলমার্কের লোকজন জালিয়াতিতে ব্যবহৃত ভুয়া কাগজপত্র তৈরি করে ব্যাংকের কর্মকর্তাদের হাতে তুলে দিতেন। সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তারা যাচাই-বাছাই ছাড়াই সেই কাগজপত্রে সই-স্বাক্ষর করে টাকা বের করে দেয়ার সুযোগ করে দেন।
সোনালী ব্যাংকের ওই শাখার ম্যানেজারসহ অন্যান্য কর্মকর্তা, প্রধান কার্যালয়ের এমডিসহ অন্যরা তাতে শুধু সই-স্বাক্ষর করতেন। হলমার্ক গ্রুপ শুধু ঋণের নামে অর্থ আত্মসাতই করেনি, একইসঙ্গে প্রভাব খাটিয়ে তাদের কর্মচারী দিয়ে গঠিত নামসর্বস্ব পাঁচটি প্রতিষ্ঠানের মাধ্যমেও প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা হাতিয়ে নেয়।
হলমার্কের কর্মচারীদের দিয়ে গঠিত কাগুজে প্রতিষ্ঠান টিএম ব্রাদার্সসহ পাঁচটি কোম্পানিতে ঋণের টাকা ঢুকিয়ে মালামাল না এনেই ওভার ইনভয়েসিং করে হলমার্কের ব্যাংক হিসাবে টাকা ঢোকানো হতো। এ ক্ষেত্রে জালিয়াতির মাধ্যমে হলমার্কের সঙ্গে ওই পাঁচটি কাগুজে প্রতিষ্ঠানের লেনদেন দেখানো হতো।
হলমার্কের এমডি তানভীর ও তার ভায়রা তুষার প্রতিনিয়ত সোনালী ব্যাংকের প্রধান কার্যালয় ও শেরাটন শাখায় যাতায়াত করে একটি চক্র গড়ে তুলে বিপুল ওই অর্থ হাতিয়ে নেন। বাংলাদেশ ব্যাংকের এ সংক্রান্ত একটি প্রতিবেদনে হলমার্কের এই ঋণকে ‘হাই রিস্ক’ বা ‘উচ্চঝুঁকির’ ঋণ উল্লেখ করে তা থামানোর জন্য সোনালী ব্যাংক কর্তৃপক্ষকে তাগিদ দেয়া হয়।
মামলার সাক্ষ্যে আরও বেরিয়ে এসেছে, ব্যাংকের এমডি, ডিএমডি, শাখা ম্যানেজারসহ সংশ্লিষ্টরা বাংলাদেশ ব্যাংকের ‘হাই রিস্ক’ বা ‘উচ্চঝুঁকির’ ঋণের ব্যাখ্যায় ‘নো রিস্ক’ কথাটি উল্লেখ করে ব্যাখ্যা দিয়ে বাংলাদেশ ব্যাংককেও প্রতারিত করেন। হলমার্কের কাছে জালিয়াতির শিকার হয় জনতা ব্যাংকসহ আরও কয়েকটি তফসিলি ব্যাংকও।
হলমার্ক সোনালী ব্যাংকের গ্রাহক (ক্লায়েন্ট) হলেও জনতা ব্যাংকের গ্রাহক ছিল হলমার্কের কর্মচারীদের দিয়ে গঠিত ওই পাঁচটি কাগুজে প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানগুলো এলসির বিপরীতে জনতা ব্যাংক থেকে এলসির নিয়ম দেখিয়ে ৮০ পার্সেন্ট টাকা নিয়ে নেয়। এই টাকা সোনালী ব্যাংক থেকে জনতা ব্যাংকের পাওয়ার কথা থাকলেও গ্রাহক ভুয়া হওয়ায় হলমার্ক বা তাদের সহযোগী প্রতিষ্ঠানের কাছ থেকে সোনালী ব্যাংক টাকা পায়নি। সে কারণে জনতা ব্যাংকসহ সংশ্লিষ্ট অন্যান্য ব্যাংকে থাকা দায় এটি শোধ করতে পারেনি।
১০ বছরে আদায় হয়নি এক টাকাও ২০১০-২০১২ সালের মার্চের মধ্যে সোনালী ব্যাংকসহ দেশি-বিদেশি ৪১টি ব্যাংকের বিভিন্ন শাখা থেকে হলমার্ক ৩ হাজার ৯৮৮ কোটি টাকা তুলে নেয়। এর মধ্যে জালিয়াতির খবর প্রথম প্রকাশিত হওয়ার পর (মালিকের গ্রেপ্তারের আগে) মাত্র ৫৬৭ কোটি ৪৭ লাখ টাকা আদায় হয়।
এসব ঋণ আদায়ে অর্থঋণ আদালত ও সাধারণ আদালতে মামলা হয়েছে। এ বিষয়ে দুদক অনুসন্ধান শেষে পৃথক ৪০টি মামলা করে। এর মধ্যে ফান্ডেড ৩৮টি, আর নন-ফান্ডেড দুটি মামলা দায়ের করা হয়।
২০১২ সালে ফান্ডেড (সোনালী ব্যাংক থেকে সরাসরি ঋণ) ১ হাজার ৫৬৮ কোটি ৪৯ লাখ ৩৪ হাজার ৮৭৭ টাকা আত্মসাতের অভিযোগে ২৭ জনকে আসামি করে ১১টি মামলা এবং ২০১৩ সালে ফান্ডেড মামলায় প্রায় ৩৭২ কোটি টাকা লোপাটের অভিযোগে ৩৫ জনের বিরুদ্ধে আরও ২৭টি মামলা দায়ের করে দুদক।
পরবর্তী সময়ে ফান্ডেড মামলায় মোট ১ হাজার ৯৫৪ কোটি ৮৩ লাখ ৭১ হাজার ৭৮৩ টাকা আত্মসাতের অভিযোগে ২০১৪ সালের বিভিন্ন সময়ে ৩৮টি মামলার চার্জশিট দেয় সংস্থাটি। এতে হলমার্ক গ্রুপের এমডি তানভীর মাহমুদ, তার স্ত্রী ও গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলাম, তানভীরের ভায়রা ও গ্রুপের মহাব্যবস্থাপক তুষার আহমেদ এবং হলমার্ক গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ও সোনালী ব্যাংকের তৎকালীন শীর্ষ কর্মকর্তাসহ ৩৫ জনকে আসামি করা হয়।
অভিযোগ দাখিলের পর দীর্ঘ ৭ বছরে ৩৮ মামলার মধ্যে বিচারিক রায় এসেছে মাত্র একটি মামলায়। ২০১৬ সালে ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের রায়ে সোনালী ব্যাংকের কর্মকর্তাসহ তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।
প্রসঙ্গত, ২০১১ সালে হলমার্কসহ ৫টি প্রতিষ্ঠান সোনালী ব্যাংকের রূপসী বাংলা (হোটেল শেরাটন) শাখা থেকে ঋণের নামে সাড়ে ৩ হাজার কোটি টাকা হাতিয়ে নেয়। যা নিয়ে তখন বড় আলোচনা তৈরি হয়। বাতিল করা হয় সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ। আটক করা হয় সোনালী ব্যাংকের কর্মকর্তা ও হলমার্কের মালিক। সেই ঘটনার বিচারকাজ এখনো চলছে।