পাকিস্তানের গোয়াদর বন্দরে বিচ্ছিন্নতাবাদীদের একটি হামলা রুখে দিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। এ ঘটনায় দুই সৈন্য ও আট বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে। ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা সায়ীদ আহমেদ উমরানি জানান, বুধবার বন্দর কর্তৃপক্ষের কমপ্লেক্সে গোয়েন্দা সংস্থা ও আধাসামরিক বাহিনীর দপ্তরে বোমা হামলা চালিয়ে আক্রমণ শুরু করেছিল বিচ্ছিন্নতাবাদীরা, নিরাপত্তা বাহিনী তাদের প্রতিহত করেছে। বিচ্ছিন্নতাবাদীরা বেশ কয়েকটি বোমা বিস্ফোরণ ঘটানোর পর গুলিবর্ষণ করতে থাকে, তারা কমপ্লেক্স ভবনটি তছনছ করার চেষ্টা করতে থাকে বলে রয়টার্সকে জানিয়েছেন উমরানি। সামাজিক মাধ্যম এক্স প্ল্যাটফর্মে বেলুচিস্তান প্রদেশের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি জানান, নিরাপত্তা বাহিনী আট বিচ্ছিন্নতাবাদীকে ‘নিষ্ক্রিয়’ করেছে। পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, হামলায় দুই সৈন্য নিহত হয়েছে। বন্দরে মোতায়েন থাকা সেনারা সফলভাবে হামলা প্রতিরোধ করেছে।