• ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেটে পরিবহন ধর্মঘট চলছে, ভোগান্তিতে যাত্রীরা , বিভাগজুড়ে ধর্মঘট করার হুঁশিয়ারি

usbnews
প্রকাশিত ফেব্রুয়ারি ২৮, ২০২৪
নিউজটি শেয়ার করুনঃ

এমজেড এম আলম ,সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান : সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের সংকট দূর করা, রাজনৈতিক বিভিন্ন মামলা থেকে শ্রমিকদের মুক্তি ও ২০২১ সালে নগরীর চৌহাট্টায় শ্রমিকদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়ের করা মামলা প্রত্যাহারসহ তিন দফা দাবিতে সিলেট জেলা সড়ক পরিবহন ঐক্য পরিষদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়েছে।

সরেজমিনে দেখা যায় , বুধবার (২৮ ফেব্রুয়ারি) ভোর ছয়টা থেকে পুরো জেলায় এ ধর্মঘট শুরু হয়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। আজকের মধ্যে এ দাবি মেনে না নিলে আগামীকাল বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) থেকে পুরো বিভাগজুড়ে ধর্মঘট করার হুঁশিয়ারি দিয়েছেন পরিবহন শ্রমিকরা।

এর আগে মঙ্গলবার সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি ময়নুল ইসলাম জানান, সিলেটের সিএনজি রিফুয়েলিং স্টেশনগুলোতে প্রতি মাসের ২০ থেকে ২২ তারিখ আসার পর গ্যাসের লিমিট শেষ হওয়ার কথা বলে বন্ধ রাখা হয়। এতে বিপাকে পড়ে পরিবহন শ্রমিকরা। ঘণ্টার পর ঘণ্টা তাদেরকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়। এ সমস্যা সমাধানের জন্য জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ ও প্রশাসনের কাছে অনুরোধ জানানো হলেও কোনো সুরাহা হয়নি।

তিনি আরও জানান, ২০২১ সালে সিলেট নগরের চৌহাট্টা স্ট্যান্ড নিয়ে শ্রমিকদের সঙ্গে সিটি করপোরেশনের কর্মীদের অনাকাঙ্ক্ষিত ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে। ওই ঘটনা আপস-মীমাংসার পরও মামলা চলমান রয়েছে। এছাড়া পরিবহন শ্রমিকদের বিনা অপরাধে রাজনৈতিক মামলায় বিভিন্ন সময় গ্রেপ্তার করা হয়েছে। ওই শ্রমিকদের এখনো জামিন দেয়া হচ্ছে না। আমরা এসব সমস্যার সমাধান চাই। কিন্তু বর্তমান প্রশাসন আমাদের সহযোগিতা করছে না।