• ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

ডেমরায় গুদামের আগুন সাড়ে ৮ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

usbnews
প্রকাশিত মার্চ ২২, ২০২৪
ডেমরায় গুদামের আগুন সাড়ে ৮ ঘণ্টা পর নিয়ন্ত্রণে
নিউজটি শেয়ার করুনঃ

রাজধানীর ডেমরায় একটি গুদামে লাগা আগুন সাড়ে আট ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার সকাল ৮টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণ করতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করে। সঙ্গে যোগ দেয় নৌবাহিনী ও পুলিশ।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ডেমরার ভাঙ্গা প্রেস এলাকার ওই গুদামটিতে আগুন লাগে। খবর পেয়ে রাত পৌনে ১২টার দিকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে বাকি ইউনিটগুলো যোগ দেয়। ফায়ার সার্ভিস জানায়, চারতলা ভবনটির তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কাছাকাছি পানি না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। আগুনের ঘটনায় হতাহতের কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।

আগুন নেভার আগে শুক্রবার ভোরে ফায়ার সার্ভিসের পরিচালক (উন্নয়ন ও প্রশিক্ষণ) লেফটেন্যান্ট কর্নেল মো. রেজাউল করিম সাংবাদিকদের বলেন, আমরা ভেতরে গিয়ে দেখতে পেয়েছি ভবনের কাঠামোগত যে শক্তি সেটি নেই। ভেতরের ছাদ ফেটে গ্যাপ হয়ে গেছে।যেকোনো সময় এটি ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে।
রাতভর চেষ্টার পরও আগুন নিয়ন্ত্রণে আনতে না পারার কারণ জানিয়ে রেজাউল করিম বলেন, আশপাশে পানির উৎস নেই। এছাড়া ভবনটিতে সরু সিঁড়ি, এতে ওয়াটার রিজার্ভারও নেই। আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে জানিয়ে তিনি বলেন, এখানকার ভবনগুলো পাশাপাশি, ঘন ঘন ও লাগোয়াভাবে নির্মাণ করা হয়েছে। যেটি এখন জ্বলছে তার ঠিক পূর্ব পাশের ভবনটিও লাগোয়া। একই দেয়াল, এক ইঞ্চিও ফাঁকা নাই। যে কারণে আমরা ভবনটির পূর্ব পাশ দিয়ে আগুন নিয়ন্ত্রণে পানি দেয়াসহ কোনো কাজই করতে পারছি না।
ফায়ার সার্ভিসের পরিচালক বলেন, আমাদের সঙ্গে আগুন নেভাতে যোগ দিয়েছে নৌবাহিনী। ওয়াসা পানি দিচ্ছে। পুলিশও সহায়তা দিচ্ছে। এছাড়া ভলান্টিয়ার ভাইয়েরাও সাহায্য করছেন।