• ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

বিবিএস প্রকাশিত প্রতিবেদন : ‘বাংলাদেশের মানুষের গড় আয়ু কমেছে , জনসংখ্যা ১৭ কোটি

usbnews
প্রকাশিত মার্চ ২৪, ২০২৪
বিবিএস প্রকাশিত প্রতিবেদন : ‘বাংলাদেশের মানুষের গড় আয়ু কমেছে ,  জনসংখ্যা ১৭ কোটি
নিউজটি শেয়ার করুনঃ

জনশুমারি ও গৃহগণনা ২০২২-এর ভিত্তিতে ১ জানুয়ারি ২০২৪ সালে প্রাক্কলিত জনসংখ্যা দাঁড়িয়েছে ১৭ কোটি ১৫ লাখ ৯০ হাজার। এরমধ্যে নারী ৮ কোটি ৭৩ লাখ ৯০ হাজার এবং পুরুষ ৮ কোটি ৪২ লাখ।

আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর অডিটোরিয়ামে ‘বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস ২০২৩’-ফলাফল প্রকাশ অনুষ্ঠানে এই তথ্য জানানো হয়।

সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশে সর্বশেষ চূড়ান্ত জনসংখ্যা ছিল ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন। সে হিসাবে দেশে নতুন করে জনসংখ্যা বেড়েছে ১৭ লাখ ৬১ হাজার ৮৯ জন।

বয়সভিত্তিক জনসংখ্যার বিন্যাসে দেখা গেছে, ০-৪ বছর বয়সী ১০ দশমিক ২২ শতাংশ, ৫-১৪ বছর বয়সী ১৮ দশমিক ৫৬ শতাংশ, ১৫-২৪ বছর বয়সী ১৮ দশমিক ৬৭ শতাংশ, ২৫-৩৯ বছর বয়সী ২২ দশমিক ২৮ শতাংশ, ৪০-৪৯ বছর বয়সী ১১ দশমিক ৮৭ শতাংশ, ৫০-৫৯ বছর বয়সী ৮ দশমিক ৯৩ শতাংশ, ৬০-৬৪ বছর বয়সী ৩ দশমিক ৩৩ শতাংশ এবং ৬৫+ বছর বয়সী ৬ দশমিক ১৪ শতাংশ।

২০২৩ সালে জন্মের সময় প্রত্যাশিত আয়ুষ্কাল পরিসংখ্যানিকভাবে অপরিবর্তিত রয়েছে, যা ৭২ দশমিক ৩ বছর। জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার (RNI) ১ দশমিক ৩৩ শতাংশ যা ২০২২ সালে ছিল ১ দশমিক ৪০ শতাংশ। লিঙ্গ অনুপাত কিছুটা নিম্নমুখী যা ২০২৩ সালে দাঁড়িয়েছে ৯৬ দশমিক ৩ শতাংশ এবং নির্ভরশীলতার অনুপাত ৫৩ দশমিক ৭ শতাংশ।

এক বছরের ব্যবধানে দেশের মানুষের প্রত্যাশিত গড় আয়ু কমেছে। রোববার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত ‘বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিক্স ২০২৩’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালে জন্মের সময় প্রত্যাশিত আয়ুষ্কাল পরিসংখ্যানিকভাবে কমেছে, যা ৭২.৩ বছর। যেটি ২০২২ সালেও ছিল ৭২.৪।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এক বছরের ব্যবধানে দেশে জনসংখ্যা বৃদ্ধির হার কমেছে। ২০২৩ সালে জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার ১.৩৩% যা ২০২২ সালে ছিল ১.৪০৭%। এছাড়া প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব ১,১৭৯ জন। প্রতি হাজার জনসংখ্যায় স্থুল জন্মহার ১৯.৪, যা ২০২২ সালে ছিল ১৯.৮। এ সময় প্রতি হাজার জনসংখ্যায় স্থুল মৃত্যুহার ৬.১, যা ২০২২ সালে ছিল ৫.৮। পাঁচ বছরের কম বয়সী শিশু মৃত্যুহার প্রতি হাজারে ৩৩ এবং প্রতি লাখ জীবিত জন্ম শিশুর বিপরীতে মাতৃমৃত্যুর অনুপাত ১৩৬ জন, যা ২০২২ সালে ছিল ১৫৩ জন।

জরিপে উঠে এসেছে, মৃত্যুর শীর্ষ দশ কারণের প্রথম কারণ-হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুর হার ১.০২৭% এবং ২য় কারণ মস্তিষ্কে রক্তক্ষরণে মৃত্যুর হার ০.৬৪%। পুরুষদের প্রথম বিবাহের গড় বয়স ২৪.২ বছর এবং নারীদের ১৮.৪ বছর প্রতি হাজার জনসংখ্যায় অভ্যন্তরীণ স্থানান্তরের ক্ষেত্রে পল্লিতে আগমনের হার ২০.৪ এবং শহরে আগমনের হার ৪৩.৪।