নির্বাচন বর্জনকারী বিএনপির সমর্থকরা ভোট দিতে ভোটকেন্দ্রে না এলে বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীর তালিকা থেকে তাদের নাম কাটা যাবে বলে ‘হুঁশিয়ারি’ দিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ (সদর) আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
বুধবার (২০ ডিসেম্বর) বিকেল ৪টায় ঠাকুরগাঁও সদরের নারগুন ইউনিয়নে পোকাতি সেন্টার হাটে নির্বাচনী জনসভায় তিনি এ বক্তব্য দেন।
এসময় রমেশ চন্দ্র সেন বলেন, ‘বিএনপির যে সমস্ত ভোটার রয়েছে তারা যেন ভোট দিতে যান। যদি ভোট দিতে না যান, আর যদি তারা সুবিধাভোগী হন, তাহলে তালিকা থেকে তাদের নাম কাটা যাবে। আমরা কিন্তু এক কথার লোক। আমি দিয়েছি, আমি কাটব। আর যদি আপনারা যান, সেখানে সব সেন্টার কমিটির ছেলে থাকবে, সভাপতি-সম্পাদক থাকবে, তারা কিন্তু মার্ক করবে। প্রতি জনকে মার্ক করবে। যদি না যান, তাহলে কিন্তু সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’