গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের জন্য সড়কের অপারেশনাল সেফটি কম্প্রোমাইজ করা বিজ্ঞানসম্মত হয়নি, হাওরের প্রাণবৈচিত্র্য ধ্বংস করতে পারে : বিশেষজ্ঞদের প্রতিক্রিয়া
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের জন্য সড়কের অপারেশনাল সেফটি কম্প্রোমাইজ করা বিজ্ঞানসম্মত হয়নি, হাওরের প্রাণবৈচিত্র্য ধ্বংস করতে পারে : বিশেষজ্ঞদের প্রতিক্রিয়া
usbnews
প্রকাশিত এপ্রিল ১৭, ২০২৪
নিউজটি শেয়ার করুনঃ
বিশেষ করে পরিবেশকর্মী ও বিশেষজ্ঞদের অনেকেই এমন কর্মযজ্ঞে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তারা বলছেন, কিশোরগঞ্জের মিঠামইন জিরো পয়েন্ট এলাকা থেকে অষ্টগ্রাম জিরো পয়েন্ট পর্যন্ত ১৪ কিলোমিটার সড়কে আলপনা আঁকায় ঢাকা পড়েছে সড়কের থার্মোপ্লাস্টিক রোড মার্কিং (পথ নির্দেশক চিহ্ন)। ফলে ওই সড়কে গাড়ি চালাতে চালকদের ঝুঁকির মুখে পড়তে হতে পারে। এ ছাড়া, বৃষ্টির সময় বা পানিতে সড়কটি পিচ্ছিল হতে পারে। এতে দ্রুতগতির গাড়ির চাকা পিছলে দুর্ঘটনা ঘটতে পারে। এমনকি কেমিক্যালমিশ্রিত এ রং বৃষ্টির পানিতে ধুয়ে হাওরের প্রাণবৈচিত্র্য ধ্বংস করতে পারে।
কিশোরগঞ্জ জেলার তিন হাওর উপজেলা ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামের মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য দীর্ঘ ২৯.৭৩ কিলোমিটার ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়ক তৈরি করা হয়। হাওর এলাকায় সারা বছর চলাচলের উপযোগী করে নান্দনিকভাবে তৈরি করা সড়কটি ‘অলওয়েদার সড়ক’ নামেও পরিচিত। হাওরের বিশাল জলরাশির বুক চিরে থাকা সড়কটি ২০২০ সালের ৮ অক্টোবর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সড়কের মিঠামইনের জিরো পয়েন্ট থেকে অষ্টগ্রাম জিরো পয়েন্ট পর্যন্ত ১৪ কিলোমিটার নানা রঙে আলপনা আঁকা হয়েছে।
এশিয়াটিক এক্সপেরিয়েনশিয়াল মার্কেটিং লিমিটেড, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেড ও বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের যৌথ উদ্যোগের এ আয়োজনের নাম দেওয়া হয় ‘আলপনায় বৈশাখ ১৪৩১’।
সংশ্লিষ্টরা বলছেন, সড়কটির দুই পাশে সাদা থার্মোপ্লাস্টিক পেইন্টের দাগ টানা আছে। এটি দিয়ে বোঝানো হয় যে ওই দাগের বাইরে গেলে গাড়ি দুর্ঘটনায় পতিত হতে পারে। সড়কের মাঝামাঝিও বিভাজন রেখা টানা ছিল। কিন্তু আলপনা আঁকার ফলে মাঝের বিভাজন রেখাটি অদৃশ্য হয়ে গেছে। এ ছাড়া, আলপনায় বিভিন্ন রঙের ব্যবহার গাড়ির চালকদের চোখে বিভ্রম তৈরি করছে।
বিষয়টি নিয়ে সাইয়েদ আবদুল্লাহ নামের একজন সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “(বাঙালিরা) কখন ও কিসে রেকর্ড গড়ে খুশি হতে চায় তা বলা মুশকিল! আচ্ছা, কেউ আমাকে একটু বুঝাবেন এখানে গর্বিত বা খুশি হওয়ার মতো কী উপলক্ষ্য আছে? আমি তো দেখতেছি কাজটা করার জন্য এই ১৪ কিমিব্যাপী সড়কে দুর্ঘটনা ঘটার চান্স বেড়ে গেল আরও। চেতনা দেখাতে গিয়ে সড়কের সেফটি ইস্যুটি কীভাবে কম্প্রোমাইজ করা হলো, জাস্ট ভাবেন একবার! এই সড়কে দুইটা লেন ছিল। আলপনা করতে গিয়ে মাঝের লেন ডিভাইডার পর্যন্ত ঢাকা পড়ে গেছে রঙে। এটা এখন অদৃশ্য! এছাড়া দীর্ঘ এই পিচের রোডের ওপর এত ঘন রঙের আলপনা করায় গাড়িগুলো নরমাল পিচের রাস্তায় যে গতিতে চলতে পারত, সেটা কি বাধাগ্রস্ত হবে না? অল্পস্বল্প রাস্তা হলে একটা কথা, পাক্কা ১৪ কিলোমিটার!”
তিনি আরও লিখেছেন, “আবার আরেকটা জিনিস ভাবেন, যিনি গাড়ি ড্রাইভ করবেন, এই বিশাল পথে চক্রাবক্রা রঙের বিরামহীন আলপনা তার দৃষ্টিকে কিছুটা হলেও কি বিভ্রান্ত করবে না? রাতের বেলা এই চক্রাবক্রা রোডের ওপর যখন হেডলাইটের আলো পড়বে, তখন সেটা কেমন বিক্ষিপ্তভাবে প্রতিফলিত হবে, বুঝতে পারছেন? এগুলো কি ড্রাইভারের জন্য সমস্যা তৈরি করবে না? গিনেস রেকর্ডবুকে আলপনা এঁকে বিশ্বরেকর্ড নয় বরং ভালো একটা রাস্তাকে নিজেরা ইচ্ছা করে দুর্ঘটনাপ্রবণ বানিয়ে ফেলে গর্ব করার মত ‘বাঙ্গুগিরি’র জন্যই এদের নাম গিনেস রেকর্ডবুকে তুলে ফেলা উচিত!”
শুধু সাইয়েদ আবদুল্লাহ নয়, অসংখ্য মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনায় মেতেছেন। ঢাকা পোস্টের কাছে নিজস্ব মতামত ব্যক্ত করেছেন নিরাপদ সড়ক নিয়ে কাজ করা যোগাযোগ বিশেষজ্ঞ, বিশিষ্ট আইনজ্ঞ ও সুধীজন।
ঢাকা পোস্টের কিশোরগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ এনামুল হক হৃদয় জানান, আলপনা আঁকার কাজটি ১২ এপ্রিল বিকালে শুরু হয়। দুই দিন সারা রাত ধরে কর্তৃপক্ষ কাজটি করে। এ সড়ক দিয়ে তিনটি উপজেলাসহ আশেপাশের হাজার হাজার মানুষ চলাচল করেন। আলপনায় বাহারি রং ব্যবহারের ফলে তাদের চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। কালো রঙের সড়কে রঙের ব্যবহার চালকদের চোখ বিভ্রান্ত করছে।
সড়কের পথনির্দেশক মার্কিং মুছে যাওয়া এবং আলপনার বাহারি রং গাড়িচালকদের বিভ্রান্ত করবে কি না— জানতে চাইলে যোগাযোগ বিশেষজ্ঞ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক মো. হাদিউজ্জামান বাংলাদেশের একটি সংবাদ মাধ্যমকে বলেন, “আমাদের হাওরের এ সড়ক এমনিতেই ঝুঁকিপূর্ণ। ব্যাপক দুর্ঘটনা সেখানে হয়ে থাকে। অবশ্যই সড়কের মার্কিং ঠিক থাকতে হবে। সড়কের লেন মার্কিং চালকের নিরাপত্তা নিশ্চিত করে। চালক যদি লেন মার্কিং বুঝতে না পারেন তাহলে দুর্ঘটনা ঘটতেই পারে।”
“১৪ কিলোমিটার সড়কে আলপনা আঁকা হয়েছে। অর্থাৎ পুরো সড়কটাই সক্ষমতা ও নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়ে গেছে। এটা (আলপনা) ব্যাপক পরিমাণ ড্রাইভিং ডিস্ট্রাকশন (বিভ্রান্তি) তৈরি করবে। আন্তর্জাতিক মহলে ড্রাইভিং ডিস্ট্রাকশন একটা ভয়াবহ জিনিস। আমার কাছে মনে হয়েছে, এখানে অনেকটা জেনে-বুঝেই ড্রাইভিং ডিস্ট্রাকশন তৈরি করা হলো।”
পানিতে রং পিচ্ছিল হয়ে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে কি না— জানতে চাইলে তিনি বলেন, “বাইকার যারা আছেন, তারা এই সড়কে রেসিং মোডে বাইক চালান। তারা গতি মানেন না। বৃষ্টির কারণে সড়কের স্পিড রজিস্টেন্স (গতি প্রতিরোধ ক্ষমতা) কমে যাবে। ফলে সঠিক সময়, সঠিক স্থানে গাড়ি দাঁড় করানো চালকের পক্ষে সম্ভব হবে না। এখানে দুই ধরনের দুর্ঘটনা ঘটবে, একটি হচ্ছে- নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা, আরেকটি নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে অন্য গাড়িকে ধাক্কা দেওয়া।”
এই যোগাযোগ বিশেষজ্ঞের মতে, “সড়কের মার্কিংটা করা হয় ওই সড়কের দুই পাশের সীমানা বোঝানোর জন্য। লেন মার্কিংটা করা হয় আপনি ঠিক লাইনে আছেন কি না, সেটা জানার জন্য। আর রাস্তার ওপরে থাকবে বিটুমিন, যা চাকার সঙ্গে ঘর্ষণের ফলে সঠিক সময়ে সঠিক দূরত্বে গাড়িটি থামাবে। এই দুইটার মধ্যে যেকোনো একটার ব্যত্যয় হলে দুর্ঘটনা ঘটবে। এটা যেকোনো ধরনের যানবাহনের ক্ষেত্রে প্রযোজ্য। আমার জানা মতে, ওই সড়কে প্রচুর সংখ্যক ব্যাটারিচালিত অটোরিকশা চলে। সেগুলোর ব্রেকিং সিস্টেম এমনিতেই বেশ দুর্বল। ওরা সাধারণত সঠিক সময়ে সঠিক জায়গায় গাড়ি থামাতে পারে না। পানিতে পিচ্ছিল হলে এ ধরনের যানবাহন আরও বেশি দুর্ঘটনায় পতিত হবে।”