• ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

কারফিউ’র পঞ্চম দিন : কারফিউ আংশিক শিথিলের পরও সিলেটে অচলাবস্থা এখনও পুরোপুরি কাটেনি

usbnews
প্রকাশিত জুলাই ২৫, ২০২৪
কারফিউ’র পঞ্চম দিন : কারফিউ আংশিক শিথিলের পরও সিলেটে অচলাবস্থা এখনও পুরোপুরি কাটেনি
নিউজটি শেয়ার করুনঃ

এমজেড এম আলম , সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান : দেশব্যাপী চলমান কারফিউয়ের পঞ্চম দিনে সিলেটে স্বস্তি ফিরেছে। বুধবার (২৪ জুলাই) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলা প্রশাসন কারফিউ শিথিল রাখায় নগরবাসীর মধ্যে অনেকটা কর্মচাঞ্চলতা লক্ষ করা গেছে।

তবে কারফিউ আংশিক শিথিলের পরও সিলেটে অচলাবস্থা এখনও পুরোপুরি কাটেনি। মানুষের মনে যে ভয় বাসা বেঁধেছে তা এখনও সরেনি। শহরে ব্যাংক ও অফিস-আদালত কেন্দ্রীক ব্যস্ততা বাড়লেও শহরের বাইরের লোকজন শহরে খুব একটা আসেননি। অজানা আতঙ্কে মানুষ খুব প্রয়োজন ছাড়া বাইরে বের হননি। অফিসিয়াল কাজে বের হওয়াদের মধ্যে তরুণদের চেয়ে বয়োজেষ্টদের সংখ্যা ছিল বেশি। যেসব পরিবারে কর্মক্ষম বয়োজেষ্ট লোকজন আছেন সেসব পরিবারের ব্যাংক-বিল বা অন্যান্য কাজে বয়োজেষ্টরাই বের হয়েছেন।

কারফিউ শিথিলের কারণে সব দোকানপাট খুলেছে, রাস্তায় ছিল প্রচুর যানবাহন। তবে দোকানে ক্রেতা ও বাহনে যাত্রীর সংখ্যা ছিল অনেক কম। শহরের বিভিন্ন রুটে সিএনজি অটোরিকশায় যাত্রী থাকলেও শহরের বাইরে গমন ও বাইরে থেকে শহরে আগমনের সিএনজিতে যাত্রী প্রায় ছিলনা বলে চালকরা জানান। ব্যবসায়ী ও চালকদের সাথে কথা বলে জানা গেছে কয়েকদিনের আটকে থাকা কাজ শেষ করতেই মূলত বুধবার লোকজন ঘর থেকে বের হয়েছেন। এরমধ্যে আছে যাদের নগদ টাকা শেষ হয়ে গেছে তাদের ব্যাংক থেকে টাকা তোলা এবং যাদের বিয়েশাদীসহ কোনো আনুষ্ঠানিক কারণে কেনাকাটা বাকি তাদের সে-সব কেনাকাটা সারা, যাদের বিভিন্ন বিল-বকেয়া আছে তাদের সেই কাজ শেষ করা।

১৮ জুলাই বিকাল থেকে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ছিল পরের দুদিন পর্যন্ত। এ সময় নগরীর বন্দরবাজার, জিন্দাবাজার এবং আখালিয়া এলাকায় দফায় দফায় সংঘর্ষের ঘটনায় পুরো নগরীতে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল।

বুধবার দুপুরে সিলেট নগরীর ব্যস্ততম বন্দরবাজার এলাকায় গিয়ে দেখা যায়, বিভিন্ন মার্কেটে দোকানপাট খুলেছেন ব্যবসায়ীরা। ক্রেতারাও জিনিসপত্র কেনার জন্য ভিড় করেছেন মুদি দোকান, মাছ-সবজি বাজার বিপণিবিতানসহ ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। খাবার রেস্টুরেন্টগুলোতে ভিড় রয়েছে মানুষজনের।

লালদিঘীরপাড় এলাকার ব্যাংকগুলোতে ছিল গ্রাহকদের উপচেপড়া ভিড়। এ ছাড়া নগরীর মাদিনা মাকের্ট, পাঠানঠুলা, সুবিদবাজার, রিকাবিবাজার, চৌহাট্টা, জিন্দাবাজার ও ধোপাদিঘীরপার এলাকার সড়কে মোটরসাইকেল, অটোরিকশা, রিকশা, পণ্যবাহী যান, ব্যক্তিগত গাড়ি চলাচল করছে। সিলেট নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে।

সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগের প্রধান প্রকৌশলী মোহাম্মাদ আবদুল কাদির বলেন, “চার দিনে সিলেট নগরীর ১৪টি অফিসে ৬৭ হাজার গ্রাহককে সেবা দেওয়া হয়েছে। চলমান পরিস্থিতিতে ছয় কোটি ২০ লাখ টাকা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত আমাদের এ কার্যক্রম চলবে।”

তিনি বলেন, বিদ্যুৎ বিভাগের লোকজন গভীর রাত পর্যন্ত দায়িত্ব পালন করছেন। গ্রাহকরাও বিদ্যুৎ বিভাগের কার্ড বিক্রয় করা প্রতিষ্ঠানে ভিড় জমিয়েছেন।”

বাস ছাড়লেও বন্ধ ট্রেন :

সিলেট জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম জানান, কয়েকদিন সিলেট থেকে যানবাহন চলাচল বন্ধ থাকার পর বুধবার সকাল থেকে দূরপাল্লার বাস ও যানবাহন চলাচল করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক নুরুল ইসলাম বলেন, “ট্রেন চলাচল কবে থেকে চালু হবে, এ ব্যাপারে কোনো নির্দেশনা আসেনি। বন্ধ সময়ের মধ্যে যারা ট্রেনের টিকিট কেটেছিলেন, সেই টিকিট ফেরত দেওয়ার নির্দেশনাও আসেনি। পরে এ বিষয়ে জানানো হবে।”