বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় ‘রিমালে’র আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে দক্ষিণের ব্যাপক উপকূলীয় অঞ্চল। গতকাল রোববার বিকাল থেকেই ‘রিমালে’র প্রভাব শুরু হয়। প্রথমে ঘূর্ণিঝড়ের অগ্রভাগ প্রথমে সুন্দরবনে আঘাত হানে। সেই সঙ্গে শুরু হয় জলোচ্ছ্বাস।
‘রিমালে’র প্রভাবে বিকালেই চর-উপকূল-দ্বীপাঞ্চলের বিভিন্ন জায়গায় প্রবল সামুদ্রিক জোয়ারের পানি বৃদ্ধি পায় কয়েক ফুট। বিভিন্ন স্থানে বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে হু হু করে জোয়ারে প্লাবিত হয়। দক্ষিণের উপকূলে সব নদ-নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হয়েছে সুন্দরবনের ব্যাপক এলাকা। উপকূলের বিভিন্ন জায়গায় জোয়ারের পানিতে ডুবে গেছে শতাধিক গ্রাম। ঘূর্ণিঝড় ‘রিমালে’র আঘাতে যেসব জেলা সবচেয়ে ঝুঁকিতে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো হচ্ছে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী এবং এসব জেলার অদূরবর্তী দ্বীপ ও চরাঞ্চল।
রোববার বাংলাদেশের উপকূল জুড়ে রাতভর তাণ্ডব চালানোর পর বর্তমানে স্থল গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় রেমাল। এটি আর বৃদ্ধি পাওয়ার কোনো সুযোগ না থাকায় মোংলা, পায়রা, চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরের মহাবিপদ সংকেত নামিয়ে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
তবে এখনো মাছ ধরা ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে।
এর আগে রোববার রাত ৮টায় বাংলাদেশের দক্ষিণ উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় রেমাল। রাতভর এর তাণ্ডবে সৃষ্ট ঝড়ের সাথে জলোচ্ছ্বাসে বেড়িবাঁধ ভেঙে তলিয়েছে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুরের বেশ বিস্তীর্ণ অঞ্চল। ঝড়ো হাওয়ায় ভেঙ্গেছে গাছ পালা, বাড়িঘর, তলিয়ে গেছে অগনিত মাছের ঘের। নিজের ভিটে- বাড়ি ছেড়ে মানুষ আশ্রয় নিয়েছে অন্যত্র।