এমজেড এম আলম সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান : আগেরদিন সন্ধ্যায় নিহত শাবিপ্রবি শিক্ষার্থী রুদ্র সেনের মরদেহের পোস্টমর্টেম শুক্রবার সকাল সাড়ে ১০টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন হয়। এ সময় মেডিকেল কলেজে এসে সাধারণ শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে পড়েন শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ।
শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে মেডিকেল কলেজের বিকল্প পথে ঘটনাস্থল ত্যাগ করেন উপাচার্য। তবে অন্যান্য শিক্ষকরা বেশ কিছুক্ষণ শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে থাকেন।
শহরে সরেজমিন দেখা যায় , দুপুরে জুম্মার নামাজের পর ১টা ৫০ মিনিটের দিকে নগরীর বন্দরবাজার এলাকায় মিছিল বের করার প্রস্তুতি নেয় বিএনপি ও তার অঙ্গসংগঠন। রাজনৈতিক এই কর্মসূচি শুরুর আগেই বাধা দেয় পুলিশ, শুরু হয় সংঘর্ষ। সংঘাতের সংবাদ সংগ্রহে দায়িত্বরত অবস্থায় পুলিশের শটগানের গুলিতে দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো প্রধান ও দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার গুরুতর আহত সাংবাদিক এ টি এম তুরাব সন্ধ্যায় বেসরকারি একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বিএনপি ও এর অঙ্গসংগঠনের অন্তত ৫০/৬০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন দলটির নেতারা।
এদিকে দুপুর থেকেই সিলেট-সুনামগঞ্জ সড়কের আখালিয়া এলাকায় অবরোধ সৃষ্টি করে রাখেন সাধারণ শিক্ষার্থী ও এলাকাবাসী। বিকেল ৪টা থেকে পুলিশের সঙ্গে বিক্ষুব্ধ অবরোধকারীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।
তবে রাত ১০টার দিকে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয় অবরোধকারীদের। এ সময় মুহূর্মুহূ সাউন্ড গ্রেনেড, শটগান ও রাবার বুলেটের শব্দ পাওয়া যায় মদিনা মার্কেট থেকে আখালিয়া এলাকায়।
রাত ১১টার দিকে খবর আসে সারাদেশে কারফিউ ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনা মোতায়েনের ঘোষণাও দেয়া হয়। একই সময়ে সিলেটে ব্যাপক বৃষ্টি শুরু হলে সংঘর্ষের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।