• ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

কয়েকজন রাঘব বোয়ালদের সিন্ডিকেটেই শ্রমবাজারের সর্বনাশ , আজকেই বন্ধ মালয়েশিয়ার শ্রমবাজার

usbnews
প্রকাশিত মে ৩০, ২০২৪
কয়েকজন রাঘব বোয়ালদের সিন্ডিকেটেই শ্রমবাজারের সর্বনাশ , আজকেই  বন্ধ মালয়েশিয়ার শ্রমবাজার
নিউজটি শেয়ার করুনঃ

মালয়েশিয়ায় জনশক্তি রফতানির দরজা আজ রাত থেকে বন্ধ হচ্ছে। কুয়ালালামপুরস্থ স্থানীয় সময় আজ রাত ১২টা পর্যন্ত বাংলাদেশি কর্মীরা দেশটিতে প্রবেশ করতে পারবে। বিজি, এমএস, ওডি, এয়ার এশিয়া, মালিন্দো, ইউএস বাংলা, সিংগাপুর এয়ারলাইন্স, থাই এয়ার ও চায়না এয়ারলান্সের বিভিন্ন ফ্লাইট যোগে আজ রাতে ১২টার মধ্যে বাংলাদেশি কর্মীরা মালয়েশিয়ায় পৌঁছেছে।

মালয়েশিয়া সরকারের পূর্ব ঘোষিত অনুযায়ী ৩১ মে’র পর আর কোনো অনুমোদিত অভিবাসী কর্মীকে দেশটিতে প্রবেশ করতে দেয়া হবে না।

অভিবাসী কর্মীদের প্রবেশের সময়সীমা বৃদ্ধি না হওয়ায় অপেক্ষমাণ বাংলাদেশি প্রায় ৪০ হাজার কর্মীর স্বপ্ন ধূলিস্যাৎ হচ্ছে। মালয়েশিয়া গমনেচ্ছু অপেক্ষমাণ ভিসাপ্রাপ্ত হাজার হাজার কর্মী এবং তাদের পরিবার পরিজনের চোখে মুখে ঘুম নেই। তারা চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে। আজ ফ্লাইট কাল ফ্লাইট বলে বলে আশ্বাস দিলেও তাদের ভাগ্যে ফ্লাইট যুটছে না।

গতকাল নয়া পল্টনে একটি রিক্রুটিং এজেন্সির সামনে নাম প্রকাশ না করার শর্তে টাঙ্গাইলের একজন কর্মী কান্না জড়িত কণ্ঠে বলেন, ৫ লাখ ৮০ হাজার টাকা দিয়েছি। এখনো বিমানের টিকিট হাতে পাইনি। কখন পাবো তাও জানি না।

মালয়েশিয়ায় খোঁজ নিয়ে জানা গেছে, কুয়ালালামপুর বিমানবন্দরে হাজার হাজার বাংলাদেশি শ্রমিক অপেক্ষা করছে অথচ কোম্পানি রিসিভ করছে না। এতে দুর্ভোগ বাড়ছে কর্মীদের। এছাড়া কোম্পানিগুলোর নিজেদের কর্মী খুঁজে পেতে পড়তে হচ্ছে ভোগান্তিতে, তেমনি দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হচ্ছে।

 

এদিকে দেশটির অনলাইন মালয় গেজেট জানিয়েছে, মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ বলেছে, স্বাভাবিক পরিস্থিতিতে দৈনিক বিদেশি কর্মীদের আগমন হয় ৫শ’ থেকে ১ হাজার মধ্যে। ২২ মে থেকে আগমনের সংখ্যা আড়াই হাজারে বাড়তে শুরু করে, যা পরে ২৭ মে’তে বেড়ে দাঁড়ায় ৪ হাজার থেকে সাড়ে ৪ হাজারে। এ পরিস্থিতিতে যাত্রীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত ও যানজট নিয়ন্ত্রণে তাৎক্ষণিক পদক্ষেপ নেয়া হয়েছে।

মূলত বাংলাদেশি শ্রমিকদের মালয়েশিয়া পাঠানোতে সিন্ডিকেট তৈরি হয়েছে। ২০২২ সাল থেকে সিন্ডিকেট চক্রের মাধ্যমে এ যাবত প্রায় সাড়ে চার লাখ কর্মী দেশটিতে গিয়েছে। গতকাল ফকিরাপুল নয়া পল্টনস্থ বিভিন্ন রিক্রুটিং এজেন্সির সামনে মালয়েশিয়া গমনেচ্ছু একাধিক কর্মীর সাথে আলাপকালে নাম প্রকাশের শর্তে তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রায় ৫ লাখ টাকা দিয়ে দেশটিতে যাওয়ার জন্য কয়েকদিন যাবত অপেক্ষা করে ফ্লাইট কবে হবে তার সঠিক কোনো জবাব পাচ্ছি না। আজ শুক্রবারের মধ্যে দেশটিতে যেতে না পারলে উচ্চ অভিবাসন ব্যয়ের অর্থ সিন্ডিকেটের কাছ থেকে ফেরত পাওয়া যাবে কি না তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

এদিকে, ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ মোহাম্মদ হাশিম বুধবার জানিয়েছেন, সরকারিভাবে যারা মালয়েশিয়ায় কর্মী ভিসা পেয়েছেন তাদের আজকের মধ্যেই দেশটিতে যেতে হবে। এর পর আর সময় বাড়ানো হবে না। গত বুধবার রাজধানীর একটি হোটেলে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ডিকাব) সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

বায়রার সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট জনশক্তি রফতানিকারক রিয়াজুল ইসলাম বলেন, স্বাধীনতা উত্তর বাংলাদেশের অর্থনিতিতে ইতিবাচক যোগান এসেছে জনশক্তি রফতানি খাত হতে। দুর্ভাগ্যবশত কিছু আমলার অসাবধানতার কারণে ও কিছু অতি অর্থ লিপ্সু জনশক্তি রফতানি কারকদের গভীর ষড়যন্ত্রের ফসল এই মালয়শিয়ার সিন্ডিকেট। ২০২১ এর অসম এক ব্যবসায়িক চুক্তিতে বাংলাদেশের রেমিট্যান্স যোদ্ধাদের জন্য এ বাজারটি পুনরায় উন্মুক্ত হয়। দুর্ভাগ্যবশত সিন্ডিকেটের দাপটে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্তৃক নির্ধারিত ৭৯ হাজার টাকার অভিবাসন ব্যায়ের প্রায় ৬ গুন বেশি টাকা সিন্ডিকেট চক্র তাদের মিশন শুরু করে। আজ মালয়েশিয়ায় এই সিন্ডিকেটের পরিসম্পত্তি হতে যাচ্ছে। বিধায় নানা বিধ অজানা তথ্য বেরিয়ে আসছে। তিনি বলেন, হাজার হাজার কোটি টাকার লোপাটসহ বিদেশে এদেশের মহামূল্যবান পূঁজির সিংহভাগ অর্থ বিদেশে পাচার করে দেশের অর্থনীতিতে ধস নামিয়েছে এবং সরকারকে বাধ্য করেছে ডলারের বিপরিতে টাকার মানকে কমিয়ে আনতে। দায়ী প্রতিষ্ঠান ও ব্যক্তি বর্গকে জনগণের কাঠগড়ায় দাঁড় করিয়ে সমীচীন বিচার করে যথাযথ শাস্তি নিশ্চিত করা সময়ের দাবি।

 

বায়রার যুগ্ম মহাসচিব মো. ফখরুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানান , মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, সিন্ডিকেট চক্রের অনিয়ম-দুর্নীতি এবং অতিরিক্ত অভিবাসন ব্যয়ের কারণে আজ শুক্রবার রাত থেকে জনশক্তি রফতানি বন্ধ হয়ে যাচ্ছে। দালালদের হাত বদল হয়ে প্রায় সাড়ে চার লাখ টাকা ব্যয় করে কর্মীরা দেশটিতে যাচ্ছে।
তিনি বলেন, প্রায় ১০ লাখ কর্মীর মেডিকেল করেও কোটি কোটি টাকা হাতিয়ে নেয়া হয়েছে। দেশটিতে প্রবেশের সময় বৃদ্ধি না হওয়ায় প্রায় ২০ হাজার থেকে ৩০ হাজার কর্মী মালয়েশিয়া যাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হলো। আটকে পড়া এসব কর্মীরা আর্থিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে। বায়রার যুগ্ম মহাসচিব বলেন, জাতিসংঘের বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশি কর্মীরা মালয়েশিয়ায় গিয়ে শোষণের শিকার হচ্ছে। দেশটিতে বাংলাদেশি কর্মীরা অস্থিতিশীল ও অসম্মানজনক অবস্থায় রয়েছে। শোষণকারী নিয়োগ কর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিষয়টি অপর্যাপ্ত। বায়রা নেতা বলেন, ভবিষ্যতে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হলে কোনো সিন্ডিকেটের মাধ্যমে যাকে কর্মী নিয়োগ না হয় সে ব্যাপারে প্রবাসী মন্ত্রণালয়কে শক্ত অবস্থান নিতে হবে।
মালয়েশিয়ায় সিন্ডিকেটের তালিকায় বেশ কয়েকজন সংসদ সদস্যের রিক্রুটিং এজেন্সি একচেটিয়া ব্যবসা করার সুযোগ নিয়েছে।

 

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ বলছে, কোনোভাবেই অবৈধ অভিবাসীদের থাকতে দেওয়া হবে না। চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফিরতে হবে। মালয়েশিয়ার এমন দৃঢ় সিদ্ধান্তের মধ্যে অবৈধ শ্রমিকদেরও ঘরে ফিরে আসতে হবে। বারবার এমন তাগিদেও না ফিরলে কঠোর ব্যবস্থা নেবে দেশটির সরকার।

মালয়েশিয়ার ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, মালয়েশিয়ায় অবৈধভাবে থাকা বিদেশি অভিবাসীদের বৈধ করতে ২০২২ সালের ২৭ জানুয়ারি রিক্যালিব্রেশন ২.০, প্রকল্প হাতে নেয় দেশটি। এ প্রকল্পের মাধ্যমে নিবন্ধন করে অবৈধ অভিবাসীদের বৈধ করার সুযোগ দেওয়া হয়। দফায় দফায় এ প্রকল্পের মেয়াদও বাড়ানো হয়। সর্বশেষ চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত এ প্রকল্পের মেয়াদ থাকার মধ্যেও যারা বৈধতা নিতে পারেনি তাদের জন্য অপেক্ষা করেছে আতঙ্ক। কখন না জানি হানা দেয় ইমিগ্রেশন। জঙ্গলে, খাটের নিচে, বিল্ডিং থেকে লাফিয়ে, দেয়াল টপকিয়ে, প্রজেক্টের লঙ্কানে বা কাঠের নিচে গর্তে লুকিয়েও রক্ষা পাচ্ছে না অবৈধরা।

 

গত বছরের ৩১ ডিসেম্বর শেষ ধাপে এই রিক্যালিব্রেশন প্রোগ্রামে বাংলাদেশসহ বিভিন্ন দেশের ৪ লাখেরও বেশি শ্রমিক নিবন্ধন করে বলে জানিয়েছে মালয়েশিয়ার সরকার। তবে নানা জটিলতায় অনেক অবৈধ বাংলাদেশি এ প্রকল্পের সুযোগ নিতে পারেনি। তাদের বৈধ হওয়ার সুযোগ করে দিতে চলে কূটনৈতিক তৎপরতা। শেষমেষ মালয়েশিয়া সরকার রিক্যালিব্রেশন ২.০ নামে অবৈধদের বৈধ করার একটি বিশেষ প্রোগ্রাম শুরু করে। এই প্রোগ্রামে যারা বৈধ হবে তারা ১৫০০ রিঙ্গিত দিয়ে কোম্পানি মালিকের মাধ্যমে বেঁধে দেওয়া ৩১ মার্চের মধ্যে নিবন্ধিত হন।

এর পাশাপাশি চলতি বছরের ১ মার্চ থেকে শুরু হয় অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি (পিআরএম)। এ কর্মসূচির মাধ্যমে অবৈধ অভিবাসীদের দেশে চলে যেতে প্রতিনিয়ত আহ্বান জানাচ্ছে দেশটির সরকার ও স্থানীয় গণমাধ্যমগুলো। ১ মার্চ থেকে শুরু হওয়া এই প্রত্যাবাসন কর্মসূচি চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে স্বেচ্ছায় ৫০০ রিঙ্গিত জরিমানা দিয়ে নিজ দেশে ফিরে যেতে সুযোগ করে দিয়েছে সরকার।

আর এ সময়ের মধ্যেও চলছে অবৈধ অভিবাসীদের ধরতে সাঁড়াশি অভিযান। বৈধ পাস/পারমিট ছাড়া কাজ করা এবং বৈধ ভ্রমণ ভিসা নেই এমন বিদেশিদের বিষয়ে তথ্য এবং জনসাধারণের দেওয়া সন্ধানের ভিত্তিতে সমগ্র মালয়েশিয়ার হটস্পটগুলোতে অপারেসি সাপু, অপারেসি সেলেরা, অপারেসি পিন্টু, অপারেসি মাহির এবং অপারেসি পিকআপের মতো বিভিন্ন নামে অভিযান চালিয়ে প্রতিদিন বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ভারত, পাকিস্তান ও ভিয়েতনামের নাগরিকদের আটক করছে দেশটির ইমিগ্রেশন পুলিশ।

ফলে মালয়েশিয়া সরকারের দেওয়া এত সুযোগ সত্ত্বেও দেশটিতে বর্তমানে থাকা প্রায় ১৫ লাখ বাংলাদেশিদের মধ্যে যারা অবৈধভাবে বসবাস করছেন, তাদের মধ্যে বিরাজ করছে ত্রাহি ত্রাহি অবস্থা। নানা জটিলতায় মালয়েশিয়া থেকে দেশে ফিরতে পারে প্রায় ১ লাখ বাংলাদেশি যার প্রভাব পড়তে পারে আমাদের রেমিট্যান্স প্রেরণেও। দেশটির ইমিগ্রেশন বিভাগের দেওয়া তথ্য বলছে, গত ১ মার্চ থেকে শুরু হওয়া এ কর্মসূচির অধীনে প্রথম ২০ দিনে নিজ নিজ দেশে ফিরেছে প্রায় ১১ হাজার ৯৪৩ জন অভিবাসী এর মধ্যে ২ হাজার ৫৩০ জনই বাংলাদেশি। এখনও ইমিগ্রেশনে ভিড় জমতেই আছে প্রতিদিনই। এছাড়া ইমিগ্রেশন বিভাগের অনলাইন অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করছে হাজারো মানুষ।