মার্চে শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল)। গতকাল হয় ভারতের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টটির নিলাম। ষোড়শ আসর শুরুর আগে ‘বাউন্সার’-এর নিয়মে পরিবর্তন আনা হয়েছে। আইসিসির আন্তর্জাতিক টি-টোয়েন্টির প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, প্রতি ওভারে একটি বাউন্সার বা কাঁধসমান উচ্চতার শর্ট বলকে বৈধ বলে গণ্য করা হয়। একই ওভারে একাধিক বাউন্সার দিলে দ্বিতীয়টি থেকে ‘নো বল’ হিসেবে গণ্য করা হয়। আইপিএলের ২০২৪ আসরে ওভারে ২টি করে বাউন্সার দিতে পারবেন বোলাররা। তৃতীয় বাউন্সারের ক্ষেত্রে ডাকা হবে নো বল। এর আগে ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুশতাক আলী ট্রফিতে পরীক্ষামূলকভাবে এ নিয়ম চালু করা হয়েছিল। আইপিএলের নতুন নিয়ম বোলারদের সুবিধা দেবে বলে মনে করছেন ভারতের সাবেক বাঁহাতি পেসার জয়দেব উনাদকাট। ক্রীড়া গণমাধ্যম ইএসপিএনক্রিকইনফোকে তিনি বলেন, ‘আমার মনে হয়, ওভারে দুটি বাউন্সার বেশ কাজে আসবে এবং আমার মনে হয় এটি এমন একটি ব্যাপার, যাতে বোলাররা ব্যাটারদের ওপর সুবিধা পাবে। বোলাররা কীভাবে সুবিধা পাবেন, সেই ব্যাখ্যাও দিয়েছেন আইপিএলের একটি আসরে সর্বোচ্চমূল্যে বিক্রি হওয়া উনাদকাট। তিনি বলেন, ‘ধরুন একজন স্লো বাউন্সার করল… আগে ব্যাটার নিশ্চিত থাকতো যে আর বাউন্সার আসবে না। তবে এখন ওভারের প্রথম অর্ধে আপনি যদি একটা স্লোয়ার বাউন্সার করেও থাকেন, (নতুন নিয়মানুসারে) আপনি আরেকটি করতে পারবেন। বাউন্সারের নতুন নিয়মের মোকাবিলা করতে ব্যাটারদের প্রস্তুত হওয়ার পরামর্শ দিলেন ভারতের হয়ে ২২টি আন্তর্জাতিক ম্যাচ খেলা উনাদকাট।’