• ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

বুকের তাজা রক্ত দিয়ে হলেও ভারতের রেলপথ প্রতিহত করবো : আন্দোলনের নেতৃবৃন্দ

usbnews
প্রকাশিত জুন ২৯, ২০২৪
বুকের তাজা রক্ত দিয়ে হলেও ভারতের রেলপথ প্রতিহত করবো : আন্দোলনের নেতৃবৃন্দ
নিউজটি শেয়ার করুনঃ

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেছেন, অবিলম্বে ভারতের সাথে দেশবিরোধী ১০ চুক্তি বাতিল করুন। বুকের তাজা রক্ত দিয়ে হলেও বাংলাদেশের ওপর দিয়ে ভারতের রেলপথ প্রতিহত করবো। ভারতের রেলে কোনো বগি এদেশে চলতে দেয়া হবে না। বঙ্গবন্ধুর কন্যা বলে দেশের মানুষকে ধোকা দিচ্ছেন। আর দেশটাকে ভারতের কাছে বিক্রি করে দিচ্ছেন। মালদ্বীপের সরকার প্রধান নির্বাচনে বিজয়ের পর দেশ থেকে ভারতীয় সেনা বিতারিত করেছেন। আর আমাদের প্রধানমন্ত্রী ভারতকে তোয়াজ করে ক্ষমতায় টিকে আছেন। দেশের স্বার্থ বিরোধী সকল চুক্তি বাতিল করতে হবে।

গতকাল বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইটে ইসলামী আন্দোলন ঢাকা মহানগরীর উদ্যোগে ভারতের সাথে সকল চুক্তি বাতিল এবং চিহ্নিত দুর্নীতিবাজদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশে প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। নগর সভাপতি প্রিন্সিপাল শেখ ফজলে বারি মাসউদের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাওলানা ইমতিয়াজ আলম, মাওলানা আহমদ আব্দুল কাইয়ূম, অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কাসেম, মাওলানা মো. আরিফুল ইসলাম, ডা. মো.শহিদুল ইসলাম, হাসতম আলী, মো.নূরুজ্জামান সরকার, মাওলানা শফিকুল ইসলাম, মুফতি হাফিজুল হক, ও ছাত্র নেতা আব্দুর রহমান।

প্রিন্সিপাল মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, দুর্নীতিতে দেশ ছেয়ে গেছে। ৮/১০ জন লোক অর্থ চুরি করে ব্যাংকগুলোকে খালি করে ফেলেছে। দেশে বেনজির, মতিউর সৃষ্টি হচ্ছে। আমলা সচিব এমপিরা দুর্নীতিতে জড়িয়ে পড়ছে। এমপি আনারের লাশ টুকরো টুকরো করা হয়েছে। নমরূদ ফেরাউনরাও ক্ষমতায় টিকে থাকতে পারেনি। এই দেশ বিরোধী সরকারও টিকে থাকতে পারবে না। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রী আগে বলেছিলেন, ক্ষমতায় গেলে মদিনার সনদে দেশ চালাবেন। এখন সে কথা তিনি ভুলে গেছেন। নেতৃবৃন্দ বলেন, পুলিশের দুর্নীতি প্রকাশ না করার জন্য সাংবাদিকদের হুমকি দেয়া হচ্ছে। একজন দেশপ্রেমিক বেঁচে থাকতেও এদেশের ভেতর দিয়ে ভারতের ট্রেন চলতে দেয়া হবে না। এ দেশের সীমানা মুছে ফেলার ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেয়া হবে না। দিল্লির দালালদের দিল্লিতেই ফেরত পাঠাতে হবে। ভারতীয় রাজাকারদের বিরুদ্ধে যুদ্ধ করার সময় এসেছে।

সভাপতির বক্তব্যে প্রিন্সিপাল শেখ ফজলে বারি মাসউদি বলেন, এই সরকার ভারতের সরকার। তারা তিস্তা নদীর পানি আনতে পারে না। অর্থমন্ত্রী সংসদের দাঁড়িয়ে বলেছেন, ভারতীয়রা বাংলাদেশ থেকে মিলিয়ন মিলিয়ন মার্কিন ডলার নিয়ে যাচ্ছে। এসব ব্যাপারে সরকারের কোনো মাথা ব্যাথা নেই। আমরা এসব ঘটনায় এই সরকারকে ধিক্কার জানাই। পরে নগরীতে বিক্ষোভ মিছিল বের করা হয়।