ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে যে উত্তর গাজায় হামাসের ব্যবহার করা ভূগর্ভস্থ স্থাপনাগুলোর অনুসন্ধান শেষ করার পর এখন তারা দক্ষিণ গাজায় অভিযান চালানোর উপর মনোনিবেশ করবে।
ইসরায়েলের সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি বুধবার বলেছেন যে হামাস নেতাদের ব্যবহার করা ভূগর্ভস্থ অবকাঠামোর একটি নেটওয়ার্ক তাদের সেনা বাহিনী খুঁজে পেয়েছে।
তিনি বলেন, অনুসন্ধানে অস্ত্র ও গোয়েন্দা তথ্য পাওয়া গেছে যার প্রতিফলন ইসরায়েলি বাহিনীর স্থল অভিযানের সময় পাওয়া যায়।
হাগারি বলেন, “এর মাধ্যমে উত্তর গাজা উপত্যকায় হামাসের ভূগর্ভস্থ সন্ত্রাসী শহরে আমাদের অভিযান শেষ হয়েছে। আমরা এটিকে নিষ্ক্রিয় করে দেব এবং তাদের কৌশলগত স্থানগুলোতে সব ধরনের অবকাঠামো ধ্বংস করে দেব।” হাগারি আরও উল্লেখ করেন যে, “উপত্যকার দক্ষিণেও এই অভিযান অব্যাহত রাখব আমরা।”
কাতার-ভিত্তিক স্যাটেলাইট টিভি নেটওয়ার্ক আলজাজিরা বুধবার ফিলিস্তিনি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে যে ইসরায়েলি সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে গাজা উপত্যকায় নিহতের সংখ্যা বিশ হাজার ছাড়িয়ে গেছে বলে তারা বলেছেন।