• ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

কোটা সংস্কারের দাবিতে নজীরবিহীন ‘বাংলা ব্লকেড’ ক্লাস-পরীক্ষা বর্জন ও ছাত্র ধর্মঘট, রাজধানীসহ অচল সারাদেশ,

usbnews
প্রকাশিত জুলাই ৯, ২০২৪
কোটা সংস্কারের দাবিতে নজীরবিহীন ‘বাংলা ব্লকেড’ ক্লাস-পরীক্ষা বর্জন ও ছাত্র ধর্মঘট, রাজধানীসহ অচল সারাদেশ,
নিউজটি শেয়ার করুনঃ

লাগাতার আন্দোলনের দ্বিতীয় দিনে গতকাল অবরোধকারীরা বাড়িয়েছে ব্লকেডের আকার। শাহবাগ থেকে ফার্মগেট, গুলিস্তান, পল্টন, মৎস্য ভবন, চানখাঁরপুল, নিউমার্কেট, সায়েন্স ল্যাব, কাঁটাবন, আগারগাঁওসহ ঢাকার ব্যস্তময় অধিকাংশ সড়ক ছিল অবরোধকারী শিক্ষার্থীদের দখলে।

বন্ধ করে দেয়া হয় এলিভেটেড এক্সপ্রেসওয়ের যান চলাচল। এক ঘণ্টা বন্ধ ছিল ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ। বিকাল ৩টা থেকে শুরু হওয়া অবরোধে সড়কে সড়কে যানবাহনের দীর্ঘ জট সৃষ্টি হয়। তীব্র ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। এ ছাড়াও পূর্বঘোষণা অনুযায়ী সারা দেশের কলেজ-বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে ধর্মঘট পালন করছেন। রাত ৮টা ৪০ মিনিটের দিকে অবরোধ তুলে নিয়ে আন্দোলনকারীরা ৩দিনের আল্টিমেটাম ঘোষণা করেন। এ সময়ের মধ্যে দাবি আদায় না হলে ৬৪ জেলায় ব্লকেডের ঘোষণা দেন তারা।

এদিন ঢাকা ছাড়াও কোটা বিরোধীরা অবরোধ কর্মসূচি পালন করেছে দেশের বিভিন্ন জেলায়। এ সময় তারা সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন।

সংবিধানের কোথাও কোটার কথা নেই -ড. আসিফ নজরুল

চলমান কোটা বিরোধী আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, এই আন্দোলন সাধারণ মানুষের সন্তানদের আন্দোলন। এই আন্দোলনের সঙ্গে সাধারণ জনগণের রুটি-রুজির সম্পর্ক রয়েছে। তিনি বলেন, সরকারি চাকরিতে সবার সমান সুযোগের কথা বলা আছে সংবিধানে। কোথাও কোটার কথা নেই। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে চলমান আন্দোলনের নিয়ে গতকাল গণমাধমে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমি ৩০-৩৫ বছর ধরে সাংবিধানিক আইন পড়াই। আমি সাংবিধানিক আইনের ওপর বিনয়ের সঙ্গে বলি, কোনোভাবেই মুক্তিযোদ্ধার চেতনার সঙ্গে সঙ্গতিপূর্ণ না। কোনোভাবেই কমনসেন্সে যায় না এটা। পৃথিবীর কোনো দেশে এই সিস্টেম নাই। অনেকে হয়তো বলে পৃথিবীর কোনো দেশে মুক্তিযুদ্ধ হয়েছে? হ্যাঁ হয়েছে ইন্দোনেশিয়াতে, ভিয়েতনামে, মেক্সিকোতে, আমেরিকাতে, জিম্বাবুয়েতে হয়েছে, আপনি একটা উদাহরণ দেখান যেখানে চিরস্থায়ীভাবে মুক্তিযোদ্ধার কোটা করে চাকরি দেয়া হচ্ছে। এই বিষয়গুলো ভালোভাবে রিসার্চ করে অ্যাটর্নি জেনারেলের অফিস যদি আপিলেট ডিভিশনে দাঁড়ান তাহলে এটা আপিলেট ডিভিশনে টেকার কোনো কারণ দেখি না।তিনি বলেন, এই সরকারের আমলে ৬২ হাজার ভুয়া মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অভিযোগ আসছে। মুক্তিযোদ্ধাদের অরজিনিয়াল যে তালিকা ছিল সেটাকে এই সরকারের আমলে বাড়িয়ে তিনগুণ করা হয়েছে।

আমাদের সংবিধানের আর্টিকেল ১৫-তে বলা হয়েছে। এটাকে বলে সামাজিক নিরাপত্তা। সামাজিক নিরাপত্তা মানে হচ্ছে যারা আর্থিকভাবে দুরবস্থায় আছে তাদের জন্য রাষ্ট্র অর্থের সংস্থান করবে। যেটা মুক্তিযুদ্ধ ভাতা হয়েছে। কিন্তু আমাদের সংবিধানের কোথাও মুক্তিযোদ্ধাদের জন্য চাকরিতে কোটার ব্যবস্থার কথা বলা হয়নি। চাকরি সংক্রান্ত সুস্পষ্ট বিধান আমাদের সংবিধানে আর্টিকেল ২৯ আছে। সেখানে বলা হয়েছে, চাকরি সরকারি নিয়োগের ক্ষেত্রে সবার সুযোগের অধিকার সমান। শুধুমাত্র নারী শিশু এবং সমাজে যারা অনগ্রসর শ্রেণি আছে তাদের জন্য রাষ্ট্র বিশেষ ব্যবস্থা করতে পারবে। এটা বলা হয়েছে।

সন্তানদের চাকরির জন্য নয়, বৈষম্য দূর করতে দেশ স্বাধীন করেছি -কর্নেল অলি

সারাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক এবং কোটা বিরোধীদের চলমান দুই আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম। তিনি বলেন, সন্তানদের চাকরির জন্য মুক্তিযুদ্ধ করিনি, বৈষম্য দূরীকরণের জন্যই আমরা দেশ স্বাধীন করেছি। শিক্ষকদের আন্দোলন এবং কোটা আন্দোলনে শিক্ষার্থীদের আন্দোলনে পূর্ণ সমর্থন প্রদান করছি। শিক্ষক-শিক্ষার্থীদের দাবি আদায়ে এলডিপি সার্বিক সহযোগিতা প্রদান করবে। গতকাল সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

কর্নেল অলি বলেন, সারাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারি এবং শিক্ষার্থীদের চলমান আন্দোলনের দাবি-দাওয়া যৌক্তিক ও ন্যায়সঙ্গত। মেধাভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। ছাত্র সমাজের কোটা সংস্কার আন্দোলনের ন্যায্য ও যৌক্তিক দাবিসমূহের সাথে এলডিপি একমত। একইভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারিদের যে প্রতিবাদ শুরু হয়েছে তা অবশ্যই যৌক্তিক ও সমর্থন যোগ্য। আমরা তাদের এই যৌক্তিক আন্দোলন সমর্থন করছি এবং অবিলম্বে এই পেনশন স্কিম প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

কোটা নয় মেধায় চাকরি হওয়া উচিত -নায়ক মুক্তিযোদ্ধা সোহেল রানা

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে আন্দোলন করছেন সারা দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। এছাড়া দেশের সিংহ ভাগ সাধারণ মানুষও এই কোটা পদ্ধতির বিপক্ষে। সাধারণ না হয়েও সেই দলে এবার যোগ দিলেন এক সময়ে বাংলা সিনেমার নায়ক মুক্তিযোদ্ধা সোহেল রানা। গতকাল সোমবার ফেসবুকে একটি পোস্ট দিয়ে এই নায়ক জানিয়ে দিয়েছেন, সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে তিনি কোটা পদ্ধতির পক্ষে নন, মেধার পক্ষে। তাই কোটা পদ্ধতি বাতিলের পক্ষেই মতামত দিয়েছেন এক সময়ের অ্যাকশন হিরো সোহেল রানা।

বাংলা সিনেমার নায়ক মুক্তিযোদ্ধা সোহেল রানা  লিখেছেন, ‘মুক্তিযোদ্ধাদের নাম বারবার বলা হচ্ছে কেন, দেশ স্বাধীন হয়েছে ৫৩ বছর। তার সাথে যদি আরও ১২ বছর যোগ করা হয় তাহলে তার বয়স হয় ৬৫। এই বয়সে তো নিশ্চয়ই কেউ চাকরির জন্য চেষ্টা করে না বা স্কুল-কলেজে ভর্তি হয় না। তাদের সন্তানদের বাবার কারনের জন্য কোটা সিস্টেমে চাকরি এবং ভর্তি হতে হবে, এটা মুক্তিযোদ্ধাদের অপমান করার শামিল।’

 

রাজধানী ঢাকা ছিল কার্যত অবরোধের নগরী। মিছিলে মিছিলে প্রকম্পিত হয়ে উঠেছিল রাজধানীর পথ-প্রান্তর। কোটা অচল হয়ে পড়া রাজধানীর এমন দৃশ্য গত কয়েক বছরের মানুষ দেখেনি। বিকালে লাখ লাখ কর্মজীবী মানুষ পায়ে হেটে ঘরে ফিরেছে। গতকাল রাজধানী ঢাকার ৮টি পয়েন্টে হাজার হাজার শিক্ষার্থী কোটা পদ্ধতি বাতিলের দাবিতে অবস্থান নেয়। কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা শাহবাগ ও সায়েন্সল্যাব ব্লক করেন। অতঃপর একে একে ফার্মগেট মোড়, কাওরান বাজার সার্ক ফোয়ারা মোড়, বাংলামোটর, মৎস্য ভবন মোড়, গুলিস্তান মোড়, চানখারপুল ও নীলক্ষেত মোড় ব্লক করা হয়। হাতে হাত ধরে ব্যারিকেড সৃষ্টি করে এবং রাস্তার ওপর বসে আন্দোলন করছেন বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালের শিক্ষার্থীরা। রাজধানীর ৫০টি সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। অন্যদিকে ঢাকায় প্রবেশ পথ তথা ঢাকা টু চট্টগ্রাম, ঢাকা টু টাঙ্গাইল, ঢাকা টু মানিকগঞ্জ, ঢাকা টু ময়মনসিংহ সব মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা অবস্থান গ্রহণ করে। এতে করে অচল হয়ে পড়ে রাজধানী ঢাকা। শুধু তাই নয়, রাজধানী ঢাকার তেজগাঁও, রাজশাহী, চট্টগ্রাম, ময়মনসিংহে ট্রেন অবরোধ করে রাখা হয়।

দেশের সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ের লাখ লাখ শিক্ষার্থী কোটা আন্দোলনের ‘বাংলা ক্লকেড’ কর্মসূচিতে রাস্তায় নেমে আসে। ফলে রাজধানী ঢাকাসহ গোটা দেশ কোটা বিরোধী আন্দোলনে ভয়াবহ রূপ ধারণ করে। কোটা আন্দোলনকারীরা আজ ক্লাস- পরীক্ষা বর্জন ও ছাত্র ধর্মঘটন কর্মসূচি পালন করবে। সারাদেশে অনলাইন ও অফলাইনে জনসংযোগ করা হবে। বুধবার সর্বাত্মক ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি ঘোষিত হবে।

কোটা সংস্কারের দাবিতে রাজপথের গুরুত্বপূর্ণ পয়েন্ট অবরোধ কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছেন দেশের বিভিন্ন দলের নেতা, মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ। তারা কেউ বিবৃতি দিয়ে কেউ ফেসবুকে পোস্ট দিয়ে কোটা আন্দোলনকে সমর্থন জানিয়েছেন।

গতকাল ছিল ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির দ্বিতীয় দিন। বিকাল সাড়ে ৩টা থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কের ৮টি মোড় ব্লক করে আন্দোলনকারী। এতে অন্তত ৫০টি রাস্তায় শত শত যানবাহন আটকা পড়ে। ব্লক করা রাস্তাগুলোতে কোনও যানবাহন ঢুকতে বা বের হতে পারেনি। সন্ধ্যা ৭টা নাগাদ অর্ধশতাধিক রাস্তায় শত শত যানবাহন আটকা পরে। দীর্ঘ যানজটে চরম ভোগান্তিতে পড়েন নারী, শিশু, বয়ষ্ক, অসুস্থ মানুষ। মেয়র হানিফ ফ্লাইওভার, ফার্মগেট সংযুক্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে, পান্থপথ, মিরপুর রোড, পুরান ঢাকা, মগবাজারের বিভিন্ন রাস্তা যানবাহন আটকে যায়। যানজট লেগে যায় এসব এলাকার প্রধান সড়ক লাগোয়া বিভিন্ন গলিতেও। তবে যানজটে আটকে ভোগান্তির মধ্যেই অনেকেই কোটা পদ্ধতি বাতিলের আন্দোলনের সমর্থন জানান।

ফার্মগেট এলিভেটেড এক্সপ্রেসওয়ে সড়কে আটকে থাকা মো মামুনুর রশীদ বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের কারণে সাড়ে ৪টা থেকে ব্রিজের ওপর বসে আছি। পেছন দিকেও যাওয়ার উপায় নেই। তবে তাদের দাবি যৌক্তিক। মেধাবীদের বঞ্চিত করে কোটা পদ্ধতিতে কম মেধাবীদের নিয়োগ দেয়ায় প্রশাসন কার্যত মেধাহীনদের ভাড়াতে পরিণত হয়ে গেছে। শামিম আরা শিউলি নামে এক নারী বলেন, সাড়ে ৩টায় অফিস থেকে বের হয়েছি। ধানমন্ডি বাসা। কোনও দিকেই যেতে পারছি না। এভাবে চললে কাল থেকে অফিসে যাবো না। তবে দাবি মেনে নেয়া উচিত।

সরেজমিন ঘুরে দেখা যায়, গুলিস্তান, পল্টন, যাত্রাবাড়ি, পান্থপথ, গ্রিনরোড, হাতিরপুলসহ আশপাশের সব সড়ক বন্ধ। রিকশা, প্রাইভেটকারসহ শত শত গাড়ি আটকা পড়ে আছে। পান্থপথ মোড়ে মো. জাকারিয়া নামে এক চাকরিজীবী বলেন, রোববারের মতো সোমবার সড়কে ব্লক করায় চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। এভাবে কি চলতে পারে? শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক। প্রধানমন্ত্রী নিজেই সংসদে কোটা পদ্ধতি বাতিলের ঘোষণা দিয়েছেন। জনপ্রশাসন মন্ত্রণালয় এ নিয়ে ৫ বছর আগে প্রজ্ঞাপন জারী করেছে। এখন কেন সেই ইস্যু হাইকোটে এলো সেটাই রহস্যজনক।

সরকারি চাকরিতে সকল প্রকার বৈষম্যমূলক ও অযৌক্তিক কোটা বাতিলের ১ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করেছে কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা। পূর্বঘোষিত এ কর্মসূচির অংশ হিসেবে গতকাল রাজধানীর শাহবাগ, মিন্টু রোড, বাংলামোটর, কারওয়ানবাজার, ফার্মগেট, রামপুরা, বাড্ডা, সায়েন্স ল্যাব, নীলক্ষেত মোড়, চাঁনখারপুল, ও গুলিস্তান জিরো পয়েন্টসহ ঢাকার অন্তত ১০টি গুরুত্বপূর্ণ সড়ক মোড় অবরোধ করেছেন আন্দোলনকারীরা। ফলে ঢাকা শহরের একটা বড় অংশে যানচলাচল স্থবির হয়ে যায়। বিকাল সাড়ে ৩টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলে এ অবরোধ কর্মসূচি।

বাংলা ব্লকেড কর্মসূচি শেষে গতকাল রাত সাড়ে ৮টায় শাহবাগ চত্বর থেকে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেন অন্যতম সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদ ইসলাম। নতুন কর্মসূচি হিসেবে আজ মঙ্গলবার সারাদেশে অনলাইন ও অফলাইনে জনসংযোগ করা হবে। এবং আগামীকালের জন্য নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

 

সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটাসহ ৫৬ শতাংশ কোটা বাতিল সংক্রান্ত ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালসহ ৪ দফা দাবিতে গত এক সপ্তাহ যাবত আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। ‹বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন› ব্যানারে এ আন্দোলন করছেন তারা। তবে গত রোববার (৭জুলাই) থেকে নতুন করে ৪ দফার পরিবর্তে এক দফা দাবিতে সারাদেশে অবরোধ কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা এই কর্মসূচির নাম দিয়েছে ‘বাংলা ব্লকেড’।

চলমান এ আন্দোলনের অংশ হিসেবে গতকাল দ্বিতীয় দিনের মতো বিকাল সাড়ে তিনটা থেকে রাজধানীর শাহবাগ, সায়েন্স ল্যাব, চাঁনখারপুলসহ অন্তত ১০টি গুরুত্বপূর্ণ সড়ক মোড় অবরোধ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), ঢাকা কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা সিটি কলেজ, ইডেন মহিলা কলেজ, তিতুমীর কলেজসহ আশপাশের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী।

গতকাল বিকাল সাড়ে তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হয় বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী। পরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন, হল পাড়া, মুক্তি ও গণতন্ত্র তোরণ প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল নিয়ে বিকাল সাড়ে ৪টায় শাহবাগ মোড় অবরোধ করেন ঢাবি শিক্ষার্থীরা। এর আগে বিকাল ৩টা থেকে জাতীয় পতাকা, ছাতা, পানি ও শুকনো খাবার নিয়ে রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করেন ইডেন মহিলা কলেজ ও গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষার্থীরা। চাঁনখারপুল মোড় অবরোধ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল, ড. মোহাম্মদ শহিদুল্লাহ হল ও ফজলুল হক হলের শিক্ষার্থীরা। বিকাল ৩টা থেকে সায়েন্স ল্যাব অবরোধ করেন ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা। রাজধানীর এসব গুরুত্বপূর্ণ মোড় অবরোধ করায় যানচলাচল বন্ধ হয়ে যায়।

অবরোধ কর্মসূচির বৃহৎ অংশ ছিল রাজধানীর শাহবাগ চত্বরে। কয়েক হাজার শিক্ষার্থীর উপস্থিতিতে স্লোগানে, গানে মুখরিত হয় রাজধানীর গুরুত্বপূর্ণ এই পয়েন্ট। আন্দোলনের সমন্বয়করাও ছিলেন এই এলাকায়। এদিন সন্ধ্যায় নিজেদের মুঠোফোনে ফ্লাশলাইট জালিয়ে অভিনব পদ্ধতিতে প্রতিবাদ করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলেন, সংসদ ভবন, হাইকোটে আলো না থাকলেও আলো আছে শাহবাগে। এ আলো মেধার আলো; কোটার নয়। এসময় শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, দাবি আদায়ের আগ পর্যন্ত তাদের এ আন্দোলন চলমান থাকবে। কোনো ধরনের শক্তি তাদের এ আন্দোলনকে থামাতে পারবে না।

আজ ঢাকা শহরের সাথে দেশের প্রায় ৪০টি জেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমরা পুরো ঢাকা শহর ব্লকেড করেছি। আগামী তিনদিনের মধ্যে কীভাবে পুরো দেশের ৬৪ জেলা ব্লকেড করতে হয় তা ছাত্র সমাজ জানে। আমরা আগামী তিনদিনের আল্টিমেটাম দিতে চাই, এর মধ্যে আপনারা আমাদের এক দফা দাবি মেনে নিন। তা না হলে ছাত্র সমাজের যা করার দরকার তাই করবে।

 

প্রতিদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে নতুন নতুন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যুক্ত হচ্ছে এই আন্দোলনে। ফলে আন্দোলন আরো তীব্র হচ্ছে। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে হলে শিক্ষার্থীদের আন্দোলনে না যাওয়ার নির্দেশ দিচ্ছে ছাত্রলীগের নেতারা। ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত সরাসরি এই আন্দোলনকে সরকার পতনের আন্দোলন বলে বক্তব্য রাখছে। গতকাল সোমবারও শিক্ষার্থীদের পূর্বঘোষিত কর্মসূচির সময় ঢাবির মধুর ক্যান্টিনে অবস্থান করে সংগঠনটির নেতাকর্মীরা।

বিভিন্ন হল থেকে কোটা আন্দোলনে যেন না যেতে পারে সেটা নিশ্চিত করার লক্ষ্যে আগে থেকেই শিক্ষার্থীদের নিয়ে মধুর ক্যান্টিনে জড়ো হয় ছাত্রলীগ। পরে বিকাল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে মিছিল নিয়ে মধুর ক্যান্টিনের সামনে দিয়ে যাওয়ার সময় ছাত্রলীগ নেতাকর্মীদের লক্ষ্য করে ‹দালালি না রাজপথ, রাজপথ রাজপথ ‹আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার›, আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার›, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘কোটা প্রথা বাতিল চাই, বাতিল চাই’, ‘কোটা প্রথার বিরুদ্ধে, ডাইরেক্ট একশন’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাই নাই’›- ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

এর আগে গত রোববার ‹বাংলা ব্লকেড› কর্মসূচির অংশ হিসেবে প্রায় ৫ ঘন্টা ঢাকার গুরুত্বপূর্ণ সড়কগুলো অবরোধ করে রাত ৮টায় নতুন কর্মসূচি ঘোষণা করে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পূর্বঘোষিত এই কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার সারাদেশে কলেজ-বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বর্জনের পাশাপাশি বিকাল সাড়ে ৩ টা থেকে অবরোধ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

কর্মসূচির অংশ হিসেবে গুলিস্তান জিরো পয়েন্টে অবস্থান নেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা তাঁতীবাজার মোড়ে পুলিশের বাধা অতিক্রম করে গুলিস্তানের জিরো পয়েন্টে এসে প্রায় চার ঘণ্টা অবস্থান করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সারজিদ হাসান জানান, আমরা যেকোন মূল্যে আমাদের দাবি আদায় করে নিয়ে ঘরে ফিরবে। ১৯৫২ সালে, ১৯৬৯ সালে রাজপথে শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে মাঠে নেমেছিল। তারা আমাদের অনুপ্রেরণা। আমরা বিজয় নিয়েই ঘরে ফিরব। স্নাতকোত্তরের শিক্ষার্থী মোহতাসিম বিল্লাহ বলেন, কোটা প্রথার কবর রচনা করতে সারা বাংলাদেশের শিক্ষার্থীরা যেভাবে একসাথে আন্দোলন করে যাচ্ছে আশা করি শিক্ষার্থীদের বিজয় সুনিশ্চিত। কোটা প্রথা বাতিল না হওয়া পর্যন্ত কোন শিক্ষার্থী পড়ার টেবিলে যাবে না।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর গতকাল বিকেল ৩টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে অবরোধ শুরু করেন। এতে সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। এই অবরোধ দিনের আলো থাকা পর্যন্ত অব্যাহত ছিল। এদিকে, দুপুর আড়াই টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’র ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনকারীরা। মিছিলটি কয়েকটি সড়ক ঘুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। এই কর্মসূচিতে বই নিয়ে আসেন অনেক শিক্ষার্থীরা। অবরুদ্ধ রাস্তায় বসে বই থেকে বৈষম্যেবিরোধী কবিতা, গানে মুখরিত করে তোলেন অবরোধ।

খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে গান-কবিতা, গল্প-আড্ডায় মেতেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কোটাবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। গতকাল সোমবার বিকেলে সকল গ্রেডে সব ধরনের বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাস করে কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন তারা। পরে তারা প্রধান ফটকের সামনে মহাসড়কে অবস্থান নেন।

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ অবরোধ করে অবস্থান নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। তাদের এই আন্দোলনের একত্মতা জানিয়ে চবি অধিভুক্ত কলেজসমূহের শিক্ষার্থীরাও এতে অংশ নিয়েছে। পূর্বঘোষণা অনুযায়ী বিকেল সাড়ে ৩টা থেকে চট্টগ্রাম শহরের ষোলশহর স্টেশনে জড়ো হয় শিক্ষার্থীরা। এসময় ষোলশহর স্টেশনের সামনে রেললাইন অবরোধ করে কোটা বাতিলের দাবিতে বিভিন্ন সেøাগান দিতে থাকে তারা।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চার ঘণ্টা রেললাইন অবরোধ করে রাখেন। গতকাল দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ ভবনসংলগ্ন ফ্লাইওভার এলাকায় ঢাকা-রাজশাহী রেললাইন অবরোধ করেন শিক্ষার্থীরা। বেলা চারটার দিকে এই কর্মসূচি শেষ হয়।

গতকাল বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসের প্যারিস রোডে জড়ো হতে থাকেন। বেলা ১১টা ২০ মিনিটের দিকে একটি মিছিল বের করেন তারা। এটি ক্যাম্পাসের বিভিন্ন হল ও সড়ক প্রদক্ষিণ করে দুপুর ১২টায় কৃষি অনুষদ ভবনসংলগ্ন ফ্লাইওভার এলাকার রেললাইন অবরোধ করেন শিক্ষার্থীরা।