ঢাকা ব্যুরো : প্রবল বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকার রাস্তাঘাট, বাড়িঘর, দোকানপাট পানিতে ডুবে গেছে। এছাড়া রাস্তায় অনেক গাড়ি বিকল হয়ে গেছে। এতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। এ অবস্থায় রাজধানীবাসীকে বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য সময় হাতে নিয়ে বের হওয়ার অনুরোধ জানিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ শুক্রবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় রাজধানীতে ৬০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃষ্টি শুধু রাজধানীতে নয়, দেশের সব জায়গায়ই হয়েছে। আর এমনটা চলতে পারে প্রায় সারা দিন। আজ সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকায় ছয় ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১৩০ মিলিমিটার। আবহাওয়া বিভাগ জানিয়েছে, এটা চলতি বর্ষা মৌসুমের স্বাভাবিক অবস্থায় রাজধানীতে এক দিনে সর্বোচ্চ বৃষ্টি। এখন বৃষ্টির বেগ কমে এলেও পুরোপুরি থামেনি। অনেক এলাকায় থেকে থেকে বর্ষণ হচ্ছে।
বৃষ্টির ফলে রাজধানীর মেরুল বাড্ডা, ডিআইটি প্রজেক্ট এলাকায়, মোহাম্মদপুর, ইসিবি, মালিবাগ, শান্তিনগর, সায়েদাবাদ, আগারগাঁও থেকে জাহাঙ্গীর গেট যেতে নতুন রাস্তায়, খামারবাড়ি থেকে ফার্মগেট, ফার্মগেট-তেজগাঁও ট্রাক স্ট্যান্ডসংলগ্ন এলাকা, শনির আখড়া, পুরান ঢাকা, বংশাল, নাজিমুদ্দিন রোড, ধানমন্ডি, মিরপুর ১৩, হাতিরঝিলের কিছু অংশ, গুলশান লেকপাড় এলাকার সংযোগ সড়কসহ বিভিন্ন সড়ক ও অলিগলিতে কিছু পরিমাণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
ডিএমপির দেওয়া তথ্য অনুযায়ী পানিতে ডুবে যাওয়া এলাকাগুলো হলো- ফকিরাপুল, নয়াপল্টন, বায়তুল মোকাররম, শান্তিনগর, মালিবাগ মোড়, আরামবাগ, প্রগতি সরণি, নিউ মার্কেট, ধানমন্ডি রাপা প্লাজা, বংশাল, মিরপুর রোকেয়া সরণি, দয়াগঞ্জ মোড়, সায়দাবাদ বাস টার্মিনাল, নিমতলী, টয়েনবি সার্কেল রোড, ধানমন্ডি ২৭, এলিফ্যান্ট রোড, মৎস্যভবন, কাওরান বাজার, বিজয় সরণি, ঢাকা গেট ভিআইপি রোড, মিরপুর মাজার রোডসহ অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকা।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ফকিরেরপুল, নয়াপল্টন, বায়তুল মোকাররম, তোপখানা রোড,মৎস্যভবন, কারওয়ানবাজার, শান্তিনগর, মালিবাগ মোড়, আরামবাগ ,প্রগতি সরণী,নিউমার্কেট, ধানমন্ডির রাপা প্লাজা, মিরপুরে রোকেয়া সরণি, পুরোনো ঢাকার দয়াগঞ্জ মোড়, বংশাল, নিমতলীর টোয়েনবি সার্কুলার রোড জলমগ্ন হয়ে পড়েছে।
পুরোনো ঢাকায় পানি জমেছে সবচেয়ে বেশি। নাজিরাবাজার ও কাজী আলাউদ্দিন রোডে হাঁটু পানি। বংশাল রোড, লক্ষ্মীবাজার, তাঁতিবাজার নবাবপুর রোডে বয়ে যাচ্ছে ঘোলা পানির স্রোত। তুলনামূলক ভাবে একটু উঁচু ধোলাইখাল রোডটিও আজ সকাল থেকে অতিবৃষ্টিতে পানিতে তলিয়ে গেছে। মৎস্যভবন থেকে কদমফুল ফোয়ারা হয়ে তোপখানা রোড জলমগ্ন। জাতীয় প্রেসক্লাব চত্বর পানিতে ডুবে গেছে। কাঁটাবন মোড় থেকে বাটার মোড় হয়ে সায়েন্স ল্যাবরেটরি মোড় পর্যন্ত এলিফ্যান্ট রোডে পানি জমেছে।
ওদিকে নিউমার্কেট, গাউছিয়া মার্কেট হয়ে নীলক্ষেত অবধি সড়কে পানি জমেছে। পানি জমেছে আজিমপুর এলাকাতেও।হাজারীবাগ নতুন রাস্তাটির কাঁচাবাজার মোড় থেকে উত্তর দিকে সিঙ্গারের তিন রাস্তার মোড় পর্যন্ত পুরোটাই হাঁটু পানিতে তলিয়ে গেছে। কমফোর্ট হাসপাতাল থেকে গ্রিন লাইফ হাসপাতাল পর্যন্ত সড়ক পানিতে ডুবে গেছে। আসাদ গেট থেকে রাপা প্লাজা পর্যন্ত সড়কে বহু বাস, ছোট ছোট ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশা আটকে পড়েছে। ফলে এই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয় গেছে।মিরপুরের বেশির ভাগ এলাকার সড়কেই পানি জমেছে।