কোটাবিরোধী স্লোগানে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। ছাত্রলীগের বাধা উপেক্ষা করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে টিএসসিতে জড়ো হয়েছেন হাজারো শিক্ষার্থী।
রোববার রাত দশটার দিকে মহসীন হলের শিক্ষার্থীরা ‘তুমি কে আমি কে? রাজাকার রাজাকার’, ‘চাইতে গেলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’, ‘কোটা না মেধা? মেধা মেধা’ বলে নিজ নিজ কক্ষ থেকে স্লোগান দিতে দিতে একপর্যায়ে হল থেকে বের হন। এরপর একে একে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল থেকে শিক্ষার্থীরা বের হতে থাকেন । বিজয় একাত্তর হল, স্যার এফ রহমান হলসহ আরও কয়েকটি হলে শিক্ষার্থীদের বাধা দেয় ছাত্রলীগ।
এ সময় শিক্ষার্থীরা ‘চাইতে গেলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’, ‘তুমি কে আমি কে/ রাজাকার, রাজাকার’, ‘মেধা না কোটা/ মেধা মেধা’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
বিজয় একাত্তর হলের গেট বন্ধ করে দেয় ওই হল ছাত্রলীগের পদপ্রত্যাশী নেতারা। শিক্ষার্থীরা জোর করে ভিতরে ঢুকতে চাইলে তাদের ওপর বারবার আক্রমণাত্মক হয়ে ওঠেন ওই হলের পদপ্রত্যাশী নেতা ও বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোনাফ প্রান্ত। যদিও পরবর্তীতে শিক্ষার্থীরা হল গেট খুলে ভিতরে প্রবেশ করেন। শিক্ষার্থীদের প্রবল চাপে শেষ পর্যন্ত একত্তরসহ সব হল থেকে বেরিয়ে আসতে থাকে শিক্ষার্থীরা।
রাত সাড়ে এগারোটার পর সব হল ও আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা হলপাড়ায় মিছিল নিয়ে এসে সমবেত হন। এছাড়াও শহীদুল্লাহ হল, জগন্নাথ হল, এফএইচ হল, একুশে হল, রোকেয়া হলের শিক্ষার্থীরা মিছিল নিয়ে জড়ো হন টিএসসিতে। হাজারো শিক্ষার্থীর স্লোগানে প্রকম্পিত হচ্ছে টিএসসির চারপাশ।
রাত দেড়টা পর্যন্ত কয়েক শ ছাত্রছাত্রী টিএসসিতে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যান। দেড়টার পর ছাত্রীরা নিজ নিজ হলে ফিরে যান। পরে ছাত্ররাও তাঁদের হলে ফিরতে থাকেন।
রাত দু্টইটার কিছুক্ষণ আগে বুয়েটের কয়েক শ শিক্ষার্থী মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসেন। টিএসসি ঘুরে তাঁরা মিছিল নিয়ে আবার নিজেদের ক্যাম্পাসে ফিরে যান। এর মধ্যে টিএসসি থেকে শিক্ষার্থীরা নিজেদের হলে ফিরে যান।

গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনের সামনে জড়ো হন ছাত্রলীগের নেতা–কর্মীরা- ছবি: সংগৃহীত
রাত ১২টার পর থেকে ঢাকার বিভিন্ন এলাকা থেকে ছাত্রলীগের নেতা-কর্মীরা এসে মধুর ক্যানটিনে জড়ো হন। রাত দুইটার সময়ও সেখানে সংগঠনটির কয়েক শ নেতা–কর্মী ছিলেন। শাহবাগেও ঢাকা মহানগর ছাত্রলীগের এক দল নেতা–কর্মীকে অবস্থান নিতে দেখা যায়।

ছবি: সংগৃহীত
সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের অবমাননা করা হয়েছে অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রোববার দিবাগত রাত ১১টার পর শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসতে শুরু করেন। প্রায় ঘণ্টাখানেক পর রাত ১২টার দিকে ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। তাঁরা মিছিল নিয়ে পুরান ঢাকার তাঁতীবাজার মোড় পর্যন্ত গিয়ে আবার ক্যাম্পাসে ফিরে আসেন।