কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় বিবৃতি দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সোমবার (১৫ জুলাই) রাতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দক্ষিণ এশিয়া শাখার ফেসবুক পেজে এক পোস্টে এই নিন্দা জানানো হয়।
বিবৃতিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য ক্যাম্পাসে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলায় তীব্র নিন্দা জানায়।
বিবৃতিতে বলা হয়, হামলায় শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে। অ্যামনেস্টি অবিলম্বে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের নিরাপত্তা এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
অ্যামনেস্টি আরও উল্লেখ করে, “বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতার বর্ণনাটি অতীতে অ্যামনেস্টি যে ধরনের সহিংসতার নথিভুক্ত করেছে তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যেখানে বেসামরিক পোশাকে থাকা ব্যক্তিরা হাতুড়ি, লাঠি ও অস্ত্র দেখিয়ে বিক্ষোভে বাধা দেয় এবং বিক্ষোভকারীদের মারধর করে। বাংলাদেশকে অবশ্যই আন্তর্জাতিক আইন ও নিজস্ব সংবিধানের অধীনে জনগণের মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকারকে সম্পূর্ণভাবে সম্মান করতে হবে। পাশাপাশি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের আরও ক্ষতির হাত থেকে রক্ষা করতে হবে।”
উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনে সোমবার দুপুর থেকেই দফায় দফায় শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগসহ বহিরাগতরা। আহত শিক্ষার্থীরা ঢাকা মেডিকেলে (ঢামেক) চিকিৎসা নিতে গেলে জরুরি বিভাগে তাদের ওপরও হামলা করা হয়। এছাড়া চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়েও হামলার ঘটনা ঘটে। রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের ওপরও হামলা চালানোর অভিযোগ ওঠে ছাত্রলীগের বিরুদ্ধে।