সংঘর্ষে চট্টগ্রামে ৩ জন, ঢাকায় ২ জন এবং রংপুরে ১ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ২ জন শিক্ষার্থী, ১ জন পথচারী এবং বাকি ৩ জনের পরিচয় এখনও পাওয়া যায়নি।
জানা গেছে, এদিন বিকেল ৩টা থেকে নগরের মুরাদপুর, ২ নম্বর গেট এবং ষোলশহর আশপাশের এলাকায় কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগের মধ্যে সংঘর্ষের শুরু হয়। এতে চট্টগ্রাম কলেজের এক শিক্ষার্থী ও একজন পথচারী নিহত হন। এখনও থেমে থেমে ষোলশহর শিক্ষা বোর্ড এলাকায় কোটা সংস্কার আন্দোলনকারী ও ছাত্রলীগের মাঝে ধাওয়া-পাল্টাধাওয়া চলছে।
সিএমপি কমিশনার সাইফুল ইসলাম বলেন, এই সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। তাদের একজন চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী, আরেকজন পথচারী এবং অপরজন আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ঢাকা
ঢাকা কলেজের বিপরীত পাশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে অজ্ঞাতনামা এক যুবক (২৫) নিহত হয়েছেন। অন্যদিকে ঢাকা সিটি কলেজের সামনে থেকে একজনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে ও সন্ধ্যায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।
ঢাকার সায়েন্স ল্যাব এলাকায় ছাত্রলীগ ও যুবলীগ নেতা–কর্মীদের সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের সংঘর্ষের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। তাঁদের একজনের পরিচয় জানা গেছে। তাঁর নাম মো. শাহজাহান (২৫)। তিনি নিউমার্কেট এলাকার হকার ছিলেন।
আজ মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এসে শাহজাহানের মরদেহ শনাক্ত করেন তাঁর মা আয়েশা বেগম ও মামা মোসলেম উদ্দিন। তাঁরা জানান, শাহজাহানের বাড়ি কেরানীগঞ্জের মীরেরবাগ পোস্তগোলা এলাকায়। তাঁর বাবার নাম মহসিন (মৃত) । তিন ভাই ও এক বোনের মধ্যে শাহজাহান ছিলেন তৃতীয়। তিনি স্ত্রীকে নিয়ে কামরাঙ্গীরচরের চান মসজিদ এলাকায় থাকতেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গুরুতর আহত অবস্থায় এক যুবককে ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার কানের নিচে ও মুখের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে হাসপাতালে নিয়ে আসা ওই পথচারী তার নাম পরিচয় বলতে পারেননি।’
তিনি আরও বলেন, ‘ঢাকা সিটি কলেজের সামনে থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে যাকে আনা হয়েছে, কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেছেন।’
রংপুর
রংপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে কোটা সংস্কার আন্দোলনকারী ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

ঠিক এভাবেই পুলিশের সামনে দাঁড়িয়ে ছিলেন আবু সাঈদ। তারপরও অবস্থান থেকে সরেননি আবু সাঈদ, দাঁড়িয়েই ছিলেন, তাঁর হাতে ছিল একটি লাঠি। তিনি সেই লাঠি দিয়ে রাবার বুলেট ঠেকানোর চেষ্টা করছিলেন।ক্রমাগত রাবার বুলেটের মুখে একপর্যায়ে পিছু হটেন আবু সাঈদ, ফুটপাতে উঠে বসে পড়েন। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী আবু সাঈদ নিহত হয়েছেন। ২২ বছরের আবু সাঈদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন।

এরপর অন্যরা এসে তাঁকে ধরাধরি করে নিয়ে যান।

জানা গেছে, এদিন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে শহরের লালবাগ এলাকা থেকে ক্যাম্পাসের দিকে যায়। এরপর ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। ফলে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ বাধে। তখন পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে। এতে বেরোবির ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ নিহত হন।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান হৃদয় রঞ্জন রায় উপস্থিত সাংবাদিকদের বলেন, মেডিকেলের সার্জারি ওয়ার্ডে ভর্তির আগেই তাঁর মৃত্যু হয়েছে। তবে তাঁর শরীরের একাধিক স্থানে রাবার বুলেটের ক্ষত রয়েছে। নাক দিয়ে রক্ত ঝরছিল। কিন্তু রাবার বুলেটের আঘাতে মারা গেছেন কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া এ মুহূর্তে বলা সম্ভব নয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন স্কুল-কলেজ ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যোগ দেন। তারা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান। অনেক পুলিশ সদস্য এতে আহত হয়েছেন। একজন মারা গেছেন বলে শুনেছি তিনি কীভাবে মারা গেছেন তা বলতে পারছি না।’
বেরোবি ভিসির বাসভবনে ভাঙচুর-অগ্নিসংযোগ , পেছনের দেয়াল টপকে পালালেন ছাত্রলীগ-যুবলীগ নেতা-কর্মীরা
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাঈদ পুলিশের গুলিতে মৃত্যুর ঘটনার পর বিক্ষুব্ধ আন্দোলনকারীরা ভিসির বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। প্রায় ৪ ঘন্টা অবরুদ্ধ থাকার পরে পুলিশ এসে ভিসিকে উদ্ধার করে।
সোমবার (১৬ জুলাই) দুপুর ১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে পুলিশ-ছাত্রলীগ-যুবলীগের সংঘর্ষের সময় পুলিশের গুলিতে ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের মৃত্যুর ঘটনার পর থেকে উত্তাল রয়েছে বেরোবি ক্যাম্পাস। এই ঘটনা জানাজানি হলে পুরো ক্যাম্পাস দখলে নেয় আন্দোলনকারীরা। পরে তারা ভিসির বাসভবনে হামলা চালিয়ে ভিসির গাড়ি, প্রোভিসির গাড়ি, পুলিশের কাভার্ডভ্যানসহ পাচটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে। প্রায় প্রায় ৪ ঘন্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ এসে ভিসিকে উদ্ধার করে।
এদিকে শিক্ষার্থী আবু সাঈদের মৃত্যুর ঘটনার পর বেরোবি ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া, সাধারণ সম্পাদক শামীমসহ রংপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনি, জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি সিরাজুল ইসলাম ভয়ে ক্যাম্পাসের দেয়াল পেছনের দেয়াল টপকে পালিয়েছেন। এখন পর্যন্ত ছাত্রলীগের কাউকে ক্যাম্পাস কিংবা হলে প্রবেশ করতে দেখা যায়নি।
সরজমিনে দেখা যায়, ক্যাম্পাসে আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু হলে ব্যাপক হামলা চালায়। বঙ্গবন্ধু হলে পার্কিং করা বেরোবি শাখা ছাত্রলীগের গাড়ি সহ নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের কয়েকটি বাইক ভাঙচুর করেছে। প্রায় পাচ ঘন্টা হলে বিদ্যুৎ ছিলো না। হলে বিরাজ করছে সুনসান নীরবতা।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, আমরা আন্দোলনকারীরা রংপুর শহর হয়ে বিশ্ববিদ্যালয়ের ১ নং গেটে অবস্থান নিলে পুলিশ আমাদের ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড টিয়ারশেল রাবার বুলেট ছুড়ে। এসময় গুলিবিদ্ধ অবস্থায় শিক্ষার্থীরা আহত সাঈদকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ত্রিমুখী সংঘর্ষে রণক্ষেত্র বগুড়া, পুলিশ বক্সসহ ৮ মোটরসাইকেলে আগুন, সাংবাদিকসহ আহত অর্ধশতাধিক
তখন বিকেল ৩টা। কোটাবিরোধীরা জড়ো হতে থাকেন। মুখে স্লোগান হাতে ফেস্টুন। বগুড়া জেলা স্কুলের গেটের সামনে আসতেই ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের একদল নেতাকর্মী অতর্কিত হামলা চালায় শিক্ষার্থীদের ওপর। একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটায় ছাত্রলীগ। বিস্ফোরণ ঘটায় সাউন্ড গ্রেনেডও। আন্দোলনকারীদের ওপর সরকার দলের নেতাকর্মীদের হামলার খবর নিমিষেই ছড়িয়ে পড়ে গোটা শহর। এরপর শুরু হয় তাণ্ডব। কয়েক হাজার কিশোর-তরুণ-তরুণী সাতমাথায় একত্রিত হয়ে মোকাবিলা করে হামলাকারীদের। এসময় ছাত্রলীগ এবং তাদের মিত্র দলের নেতাকর্মীরা টেম্পল রোড়ের গলি দিয়ে দ্রুত পালিয়ে যায়।
একপর্যায়ে তারা শহরের ফতেহ আলী বাজারের গেটে অবস্থান নেয়। পরে আন্দোলনকারীদের ধাওয়ায় সেখান থেকেও পালিয়ে যায় সরকার সমর্থকরা। তারপর আওয়ামী লীগের জেলা কার্যালয়ের সামনে একটি পুলিশ বক্সে আগুন দেয় শিক্ষার্থীরা। দাউ দাউ আগুনে নিমিষেই ভস্মীভূত হয় পুলিশ বক্স। ওই সময় বক্সের সামনে রাখা ৮টি মোটরসাইকেল পুড়ে ছাই হয়ে যায়। আরো ১০/১২টি মোটরসাইকেল ভাঙচুর করে আন্দোলনকারীরা।
এসময় পুরো সাতমাথা জুড়ে নানাধরনের স্লোগানে মুখরিত হয়ে ওঠে। এক পর্যায়ে নতুন নির্মিত মুজিব মঞ্চ ভেঙে তছনছ করে। শেখ মুজিবুর রহমানের ম্যুরালেও আঘাত করতে দেখা যায় আন্দোলনকারীদের। তাদের ক্ষিপ্রতা এতবেশি ছিলো , সাতমাথায় অবস্থিত জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও সাবেক জেলা পরিষদের সদস্য সুলতান মাহমুদ খান রনির ব্যক্তিগত কার্যালয়ের ভিতরে ঢুকে ব্যাপক ভাংচুর করে। ভাঙচুর করে জেলা আওয়ামী লীগের অফিসও।
পুলিশ প্রথমে এ্যাকশনে গেলেও পরে পরিস্থিতি খারাপ দেখে থেমে যায়। পুলিশ কাজী নজরুল ইসলাম সড়কে দাঁড়িয়ে আন্দোলনকারীদের অবস্থা পর্যবেক্ষণ করেন। এমন কি আগুন নেভানোর জন্যও পুলিশের কোন সদস্য এগিয়ে যেতে দেখা যায়নি।
রণক্ষেত্রে ইটপাটকেলের আঘাতে বেশ কয়েকজন সাংবাদিক এবং ৫০ জনের অধিক শিক্ষার্থী আহত হয়েছেন।
এ বিষয়ে সদর ধানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহিনুজ্জামান বলেন, ছাত্রদের আন্দোলনে প্রাথমিক অবস্থায় পুলিশ কোন ভূমিকা রাখছে না। সাতমাথায় যে ঘটনা ঘটেছে সে বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এর আগে সকালে বগুড়া সরকারি আজিজুল হক কলেজে কোটা সংস্কার আন্দোলনে ককটেল হামলার ঘটনা ঘটেছে। এতে ৪ জন আহত হয়েছেন। বেলা ১১ টার দিকে কলেজ চত্বরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার পর থেকে কলেজ ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করে। আহতরা হলেনÑ সুমন রানা, মামুন, তাফসি, মিলন ও সুমন কুমার পাল।
সকাল সাড়ে ১০টার দিকে কলেজ ক্যাম্পাসের জামিলনগর গেটে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। এসময় হঠাৎ দুর্বৃত্তরা কলেজের আমচত্বরে একটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে চারজন আহত হন। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ক্যাম্পাসে অবস্থান নেন ছাত্রলীগের নেতাকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কলেজ ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আজিজুল হক কলেজে দায়িত্বে থাকা বগুড়া স্টেডিয়াম ফাঁড়ির পরিদর্শক আশিক ইকবাল বলেন, যে কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মেডিকেল ফাঁড়ির ইনচার্জ মিলাদুন্নবী বলেন, সরকারি আজিজুল হক কলেজ থেকে আহত হয়ে চারজন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের চিকিৎসা চলছে।
ওদিকে সন্ধ্যার পর প্রায় আধা ঘন্টা যাবৎ গুলি ও টিয়ারশেল নিক্ষেপের পর পুলিশের নিয়ন্ত্রণের আসে বগুড়া সাতমাথা। এরপর যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সাতমাথা এলাকায় একত্রিত হয়ে শহরের বিভিন্ন শহরে মিছিল করে এবং বিএনপির কার্যালয়ের সামনে রাস্তায় আগুন ধরিয়ে দেয়। এতে করে রাস্তার উপরে থাকা বৈদ্যুতিক তার, ইন্টারনেটের তার ও ডিস লাইনের তারে আগুন ধরে যায়।
বগুড়া পুলিশ সুপার জাকির হাসান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। ইতিমধ্যে পুলিশ ছাড়াও ৩ প্লাটুন বিজিবি, দেড়শো এপিবিএনসহ অন্যান্য ফোর্স পাচ্ছি। আমরা শহরের নিরাপত্তার জন্য অলিতে গলিতে পুলিশ পুলিশসহ অন্যান্য বাহিনী রাখার ব্যবস্থা করে যাচ্ছি। তিনি আরো বলেন, যেহেতু আমাদের ক্ষতি হয়েছে। এক্ষেত্রে আমাদের পক্ষ থেকে মামলা হবে। এছাড়া ব্যক্তিগতভাবে যাদের ক্ষতি হয়েছে তারাও মামলা করতে পারে।
সলিমুল্লাহ মেডিকেলেও ছাত্রলীগের তাণ্ডব
কোটা সংস্কারের দাবি ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ডাকা বিক্ষোভে হামলা চালিয়েছে কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় অন্তত ৬-৭ জন শিক্ষার্থী আহত হন। আহতদের মধ্যে নারী শিক্ষার্থীদের সংখ্যা বেশি বলে জানা গেছে। এ ঘটনার পর ছাত্রলীগের হুমকিতে অনেক সাধারণ শিক্ষার্থী হল ছাড়ছেন বলে জানা গেছে। দুপুর ১২টার পর আন্দোলনে অংশ নিতে কলেজ গেটের সামনে এলে তাদের আটকে দেন শাখা ছাত্রলীগের কর্মীরা। এসময় শিক্ষার্থীদের ওপর তারা হামলা চালান এবং এতে কয়েকজন আহত হন। হামলায় এক নারী শিক্ষার্থীর মাথা ফেটে যায়। এদিকে ছাত্রলীগের হুমকিতে সাধারণ শিক্ষার্থীদের অনেকেই হল ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন বলেও শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে। এ হামলার সুষ্ঠু বিচার না পাওয়া পর্যন্ত সব ধরনের ক্লাস-পরীক্ষা বয়কটের ঘোষণা দেন কলেজের শিক্ষার্থীরা। এ ছাড়াও হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে কলেজের অধ্যক্ষ বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন শিক্ষার্থীরা।
লিখিত অভিযোগে ৭ জন হামলাকারীর বিচার দাবি করা হয়েছে। তারা হলেন- মেডিকেল কলেজের ৪৬ তম ব্যাচের শিক্ষার্থী তন্ময় দাস, শাকের আহমেদ ও সাব্বির আহমেদ, ৪৫তম ব্যাচের সাদেকুল ইসলাম এবং ৪৯তম ব্যাচের জিহাদুল ইসলাম নিশান ও সাফওয়ান আকাশ। তারা সবাই শাখা ছাত্রলীগের নেতাকর্মী বলে জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।
চট্টগ্রামে যুবলীগ-ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ
চট্টগ্রাম নগরের ষোলশহর স্টেশনে বিক্ষোভ কর্মসূচি করার কথা ছিল কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের। আজ মঙ্গলবার বেলা সাড়ে তিনটায় এই কর্মসূচি শুরুর আগেই স্টেশনে অবস্থান নেন যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। তাঁদের হাতে ছিল লাঠিসোঁটা, পাথর।
বেলা তিনটার দিকে আন্দোলনকারীরা খণ্ড খণ্ড জমায়েতে স্টেশনের দিকে আসতে থাকেন। এরপর শুরু হয় সংঘর্ষ। চলে পাল্টাপাল্টি ধাওয়া ও পাথর নিক্ষেপ। এ সময় অন্তত তিনজন অস্ত্রধারীকে গুলি ছুড়তে দেখা গেছে। শিক্ষার্থীদের লক্ষ্য করে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। আন্দোলনকারীদের অভিযোগ, গুলি ও ককটেল ছুড়েছেন যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। তবে তাৎক্ষণিকভাবে অস্ত্রধারীদের পরিচয় পাওয়া যায়নি।
সারা দেশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইন্সটিটিউটের শ্রেণি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুলাই) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এমন নির্দেশনার কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যালয় ও কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইন্সটিটিউটসমূহের শ্রেণি কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।