দিনভর দেশ জুড়ে শিক্ষার্থীদের নজিরবিহীন বিক্ষোভ। ছাত্রলীগ-যুবলীগের হামলা, সংঘর্ষ। পুলিশের অ্যাকশন। অগ্নিগর্ভ একদিন পার করলো দেশ। মঙ্গলবার পুরো দেশ জুড়ে পূর্ব নির্ধারিত বিক্ষোভ কর্মসূচি পালন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়, স্কুল-কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পূর্ব নির্ধারিত কর্মসূচি না থাকলেও শিক্ষার্থীদের বিক্ষোভ থামাতে সশস্ত্র অবস্থান নিয়েছিলেন ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা। কোথাও কোথাও আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ বাধে পুলিশের। হামলা, সংঘর্ষ, গুলিতে তিন জেলায় অন্তত ৬ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে চট্টগ্রামে ২ শিক্ষার্থীসহ তিনজন, ঢাকায় ২ জন এবং রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হন।
হামলা সংঘাতে আহত হয়েছেন কয়েক শতাধিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিকালে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও বগুড়ায় বিজিবি মোতায়েন করা হয়। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় সব স্কুল, কলেজ ও সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবারের এইচএসসি ও সমমনা পরীক্ষাও স্থগিত করা হয়েছে।
অন্যদিকে সন্ধ্যার পর সায়েন্সল্যাব এলাকার সিটি কলেজের পাশে রক্তাক্ত অবস্থায় একজন পড়ে ছিলেন। তাকে উদ্ধার করে পাশের পপুলার হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে পাঠানো হয় ঢাকা মেডিকেলে। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত যুবকের বয়স ২৫ বছরের কাছাকাছি। তার নাম শাহজাহান বলে জানিয়েছেন হাসপাতালে নিয়ে আসা ব্যক্তিরা। তিনি নিউমার্কেট এলাকায় ফুটপাথে ব্যবসা করতেন।
রংপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে বেগম রোকেয়া বিশ্ববিদালয়ের শিক্ষার্থী ও কোটা আন্দোলনকারীদের অন্যতম সমন্বয়ক আবু সাঈদ নিহত হয়েছেন। বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের ছাত্র। তার বাড়ি রংপুরের পীরগঞ্জের খালাসপীরের জাফরপাড়ায়। পুলিশের গুলিতে আবু সাঈদের মৃত্যু হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

ঠিক এভাবেই পুলিশের সামনে দাঁড়িয়ে ছিলেন আবু সাঈদ।
বিশ্ববিদ্যালয়ের সামনে আবু সাঈদের আহত হওয়ার পুরো দৃশ্য ধারণ করেছে একাধিক গণমাধ্যম। যমুনা টেলিভিশন এ ধরনের একটি ভিডিও প্রচার করেছে। এ ছাড়া স্থানীয়ভাবেও কেউ কেউ ভিডিও করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন। এসব ভিডিও থেকে তাঁর গুলিবিদ্ধ হওয়ার সময়ের পরিষ্কার একটি চিত্র পাওয়া যায়।
সংঘর্ষ শুরু হলে আন্দোলনকারীদের মধ্যে সবার আগে ছিলেন আবু সাঈদ। অন্যরা একটু পেছনে ছিলেন। আবু সাঈদের ঠিক সামনে অবস্থান ছিল পুলিশের। পুলিশের অবস্থানের জায়গাটি ছিল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে। গুলি করেছেন এই পুলিশের সদস্যরাই। সেই গুলিতেই আহত হন তিনি।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান হৃদয় রঞ্জন রায় বলেন, মেডিকেলের সার্জারি ওয়ার্ডে ভর্তির আগেই তাঁর মৃত্যু হয়েছে। তবে তাঁর শরীরের একাধিক স্থানে রাবার বুলেটের ক্ষত রয়েছে। নাক দিয়ে রক্ত ঝরছিল।

মৃত্যুর একদিন আগে, সোমবার (১৫ জুলাই) দুপুর ১২টা ৩৭মিনিটে শহীদ ড. শামসুজ্জোহাকে স্মরণ করে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন আবু সাঈদ।
শহীদ ড. শামসুজ্জোহার উক্তি ‘আজ আমি ছাত্রদের রক্তে রঞ্জিত। এর পর কোনো গুলি হলে তা ছাত্রকে না লেগে যেন আমার গায়ে লাগে’-এই পোস্ট করেন তিনি। আবু সাঈদের মৃত্যুর পর ওই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
পোস্টে তিনি লেখেন, ‘স্যার! এই মুহূর্তে আপনাকে ভীষণ দরকার স্যার!
আপনার সমসাময়িক সময়ে যারা ছিল সবাই তো মরে গেছে, কিন্তু আপনি মরেও অমর। আপনার সমাধি, আমাদের প্রেরণা। আপনার চেতনায় আমরা উদ্ভাসিত।
এই প্রজন্মে যারা আছেন, ‘আপনারাও প্রকৃতির নিয়মে এক সময় মারা যাবেন। কিন্তু যতদিন বেঁচে আছেন মেরুদণ্ড নিয়ে বাঁচুন। নায্যদাবিকে সমর্থন জানান, রাস্তায় নামুন, শিক্ষার্থীদের ঢাল হয়ে দাড়াঁন। প্রকৃত সম্মান এবং শ্রদ্ধা পাবেন। মৃত্যুর সাথে সাথেই কালের গর্ভে হারিয়ে যাবেন না। আজন্ম বেঁচে থাকবেন শামসুজ্জোহা হয়ে। অন্তত একজন ‘শামসুজ্জোহা’ হয়ে মরে যাওয়াটা অনেক বেশি আনন্দের, সম্মানের আর গর্বের,’ লেখেন তিনি।
এ ছাড়া আবু সাঈদ আরেক পোস্টে ঘোষণা করেন, ‘যদি আজ শহিদ হয় তবে আমার নিথর দেহটা রাজপথে ফেলে রাখবেন। ছাত্র সমাজ যখন বিজয় মিছিল নিয়ে রুমে ফিরবে তখন আমাকেও বিজয়ী ঘোষণা করে দাফন করবেন। একজন পরাজিতের লাশ কখনো তার মা-বাবা গ্রহণ করবে না।’
‘আমি এই পরিচয়ে শহিদ হব’ মৃত্যুর আগে ওয়াসিমের আবেগঘন পোস্ট

চট্টগ্রামে ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীদের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এদের মধ্যে ওয়াসিম আকরাম নামে এক ছাত্রদলের নেতা রয়েছেন। তিনি চট্টগ্রাম কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ওয়াসিমের গ্রামের বাড়ি কক্সবাজারের পেকুয়ায়।
কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকেই সক্রিয় ছিলেন ওয়াসিম।আন্দোলনে অংশগ্রহণের নানা ছবি ও লেখা পোস্ট করতেন তিনি।
রোববার বিকালে কোটা আন্দোলন রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। চট্টগ্রামেও বিক্ষোভ করেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। সেই বিক্ষোভে অংশ নিয়েছিলেন ওয়াসিমসহ ছাত্রদলের অনেক নেতাকর্মী। আন্দোলনের অংশগ্রহণের বেশ কয়েকটি ছবি রাতেই পোস্ট করেন ছাত্রদলের এই নেতা। এরপর ছবির ক্যাপশনে লেখেন, সাধারণ শিক্ষার্থীদের পাশে আমার প্রাণের সংগঠন (ছাত্রদল)। আমি এই পরিচয়ে শহিদ হব।
ওয়াসিমের গ্রামের বাড়ি কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের বাঘগুজারা বাজারপাড়া এলাকায়। তাঁর বাবা শফিউল আলম সৌদিপ্রবাসী। মা জোসনা বেগম গৃহিণী। ওয়াসিম পাঁচ ভাইবোনের মধ্যে তৃতীয়। মোহাম্মদ ওয়াসিম মেহেরনামা উচ্চবিদ্যালয় থেকে ২০১৭ সালে এসএসসি, ২০১৯ সালে বাকলিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি এবং ২০১৯-২০ সেশনে চট্টগ্রাম কলেজে স্নাতকে সমাজবিজ্ঞান বিষয়ে ভর্তি হয়ে চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন।
স্থানীয় লোকজন ও তাঁর সহপাঠীরা জানিয়েছেন, ওয়াসিম ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি পেকুয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ও চট্টগ্রাম কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তাঁর ফেসবুক ঘেঁটে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
ঢাকা কলেজের সামনের রাস্তায় মঙ্গলবার বিকেলে মারধরে আহত এই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে গভীর রাতে তাঁর পরিচয় শনাক্ত হয়

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাঁর আঙুলের ছাপ নিয়ে পরীক্ষা করে পরিচয় শনাক্ত করেছেন। নিহত যুবকের নাম সবুজ আলী (২৫)। তিনি নীলফামারি সদর উপজেলার বাদশা আলীর ছেলে।
দুপুরের পর থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত ঢাকা কলেজের সামনে থেকে সায়েন্স ল্যাব মোড় পর্যন্ত ছাত্রলীগ–যুবলীগের নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। পাল্টাপাল্টি ধাওয়ার পাশাপাশি ইট–পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
এর মধ্যে বিকেল ৫টার আগে ঢাকা কলেজের সামনের রাস্তায় একদল লোক সবুজ আলীকে মারধর করেন। সেখান থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাঁকে সোয়া ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রামে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে অন্তত তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী মো. আকরাম (২৪), ওমরগণি এমইএস কলেজের শিক্ষার্থী ফয়সাল ও ফার্নিচার দোকানের কর্মচারী ফারুক।
অন্যদিকে রংপুরে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।তার নাম আবু সাঈদ (২২)।তিনি বিশ্ববিদ্যালয়টির ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী। তার বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলায়।তিনি বিশ্ববিদ্যালয়ের কোটাবিরোধী আন্দোলন সমন্বয় কমিটির সদস্য ছিলেন।
নিহত সহপাঠীর লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে স্ট্রেচারে করে মিছিল নিয়ে আসার পথে পুলিশ লাইনস এর সামনে তাদের গতিরোধ করে। এ সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে পুলিশের গাড়ির সামনে শুইয়ে পড়ে প্রতিরোধ গড়ে তুললে পুলিশ লাশ ছিনিয়ে নিয়ে গাড়িতে করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে নিয়ে যায় এবং সেখানে রাখে।
নিহত শিক্ষার্থী আবু সাঈদ বেরোবির ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী। তার বাবার নাম মকবুল হোসেন। তার গ্রামের বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়া বাবনপুরে বলে জানা গেছে। তিনি এই আন্দোলনে বেরোবি শাখার সমন্বয়ক ছিলেন।
প্রত্যক্ষদর্শীর ভাষ্যমতে ও সরেজমিন দেখা গেছে, মঙ্গলবার দুপুরে বেরোবির কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে শহরের লালবাগ এলাকা থেকে ক্যাম্পাসের দিকে যায়। এরপর ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। ঘটনার সময় ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের গেটের বিপরীতে পুলিশের সামনে বুক পেতে পুলিশের গুলির বিরুদ্ধে রুখে দাঁড়ায়।
তখন পুলিশের একটি দল বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে থেকে ওই শিক্ষার্থীকে লক্ষ্য করে সরাসরি গুলি ছোড়ে। পরপর কয়েকটি গুলি ছুড়লে সে ঘটনাস্থলে লুটিয়ে পড়লে তার সহাপাঠীরা তাকে রিকশা করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আশিক আরিফিন তাকে মৃত ঘোষণা করেন। ওই চিকিৎসক জানিয়েছেন তার বুকের একাধিক বুলেট ইনজুরি রয়েছে।
বেলা দুইটার দিকে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ শুরু হয়।এরপর পুলিশও সংঘর্ষে জড়িয়ে পড়ে।এতে আবু সাঈদ আহত হন। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
মঙ্গলবার দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত ঢাকার সায়েন্স ল্যাবরেটরি এলাকায় কোটা সংস্কার আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগ নেতা–কর্মীদের সংঘর্ষ হয়। এ সময় সেখানে মারধরের শিকার হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। তাঁদের একজন ২৫ বছর বয়সী মো. শাহজাহান। সন্ধ্যা সাড়ে ৭টার পর তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে শাহজাহানকে সিটি কলেজের সামনের রাস্তায় আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। সেখান থেকে তাঁকে উদ্ধার করে পাশের পপুলার মেডিকেল ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে শাহজাহানকে একটি অ্যাম্বুলেন্সে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।
আজ মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এসে শাহজাহানের মরদেহ শনাক্ত করেন তাঁর মা আয়েশা বেগম ও মামা মোসলেম উদ্দিন। তাঁরা জানান, শাহজাহানের বাড়ি কেরানীগঞ্জের মীরেরবাগ পোস্তগোলা এলাকায়। তাঁর বাবার নাম মহসিন (মৃত) । তিন ভাই ও এক বোনের মধ্যে শাহজাহান ছিলেন তৃতীয়। তিনি স্ত্রীকে নিয়ে কামরাঙ্গীরচরের চান মসজিদ এলাকায় থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজের মর্গের সামনে চুপ করে বসেছিলেন মা আয়েশা খাতুন। এ সময় একজন মুঠোফোনে মো. শাহজাহানের ছবি দেখান তাঁকে। তখন মুঠোফোনে চুমু দিয়ে আয়েশা খাতুন চিৎকার দিয়ে কেঁদে উঠে বলেন, ‘ও শাহজাহান, আমাকে ফাঁকি দিয়ে তুই কই চলে গেলিরে বাবা!’
মঙ্গলবার রাত সাড়ে ১০টা পর্যন্ত আয়েশা খাতুন ঢাকা মেডিকেলের মর্গের সামনে বসে ছিলেন। কিছুক্ষণ পরপর তিনি চিৎকার দিয়ে প্রশ্ন করছিলেন, ‘আমার ছেলে তো কোনো রাজনীতি করত না। ফুটপাতে ব্যবসা করত। আমার নিরীহ ছেলেকে মারল কে?’
কোটা বিরোধী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ-যুবলীগের সংঘর্ষের সময় ঢাকা কলেজ ও সায়েন্সল্যাব এলাকায় দুইজন নিহত হয়েছেন। তাদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। দুই পক্ষের সংঘর্ষের সময় ঢাকা কলেজ এলাকায় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা অবস্থান নেন। অন্যদিকে সায়েন্সল্যাব এলাকায় সাধারণ শিক্ষার্থীরা অবস্থান করে বিক্ষোভ করেন। দুপুরের পর থেকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলে রাত সাড়ে ৮টা পর্যন্ত। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা কলেজের কাছে পেট্রোল পাম্প এলাকায় এক যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন। পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সংঘর্ষে নিহতদের মধ্যে একজন চট্টগ্রাম কলেজে সমাজ বিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও চট্টগ্রাম কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। তার নাম ওয়াসিম আকরাম (২২)। তার বাড়ি কক্সবাজারের পেকুয়ায়। নিহত অপর শিক্ষার্থীর নাম ফয়সাল আহমদ শান্ত (২০) তিনি এমইএস কলেজের অনার্স প্রথমবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি বরিশালে। নিহত পথচারীর নাম মোহাম্মদ ফারুক। তিনি শুলকবহরে শাহজালাল ফার্নিচার নামে একটি দোকানের কর্মচারী। বহদ্দার হাট থেকে দোকানে যাওয়ার পথে হামলাকারীদের মুখে পড়েন। এর মধ্যে দুই শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। পথচারী ফারুককে পিটিয়ে হত্যা করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি চট্টগ্রামে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
খবর সংগ্রহ করতে গিয়ে আহত হয়েছেন সময় টিভির সাংবাদিক আব্দুর রশিদ জীবন, এশিয়ান টিভির সাংবাদিক বাদশা ওসমানি, দৈনিক পরিবেশের সাংবাদিক শাকিল হোসেন, যুগান্তরের উদয় চন্দ্র বর্মণ, বাংলাভিশন টিভির ক্যামেরা পারসন শাহ নেওয়াজ জনি। এদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে যারা আহত হয়েছেন তাদের বেশিরভাগই বুলেট, টিয়ারশেল ও ইট ও লাঠির আঘাতে আহত হয়েছেন।
দুপুর থেকে উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়, বিকালে সংঘর্ষ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উত্তপ্ত ক্যাম্পাসে সকাল থেকে বহিরাগত ছাত্রলীগ নেতারা লাঠিসোটাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে শাহবাগ, নীলক্ষেত ও সোহরাওয়ার্দী উদ্যান হয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন। একই সময়ে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা জড়ো হন কেন্দ্রীয় শহীদ মিনারে। উত্তেজনা বাড়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে। বেলা দুইটার দিকে টিএসসিতে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে শুরু হয় ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশ। যেখানে অংশ নেয়া বেশির ভাগই বহিরাগত।
যারা ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ থেকে এসেছিলেন। বিকাল ৪টার দিকে টিএসসিতে আসেন প্রক্টর প্রফেসর ড. মাকসুদুর রহমানসহ প্রক্টরিয়াল বডির সদস্যরা। এ সময় তারা বহিরাগতদের ক্যাম্পাস থেকে সরে যেতে মাইকে নির্দেশ দেন। একই সময়ে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন নেতাকর্মীদের স্ব স্ব অবস্থানে থাকার নির্দেশনা দেন। নেতার নির্দেশনা মোতাবেক কোনো বহিরাগত তাদের অবস্থান ছাড়েননি। এ সময় প্রক্টরিয়াল বডি বহিরাগত ছাত্রলীগ নেতাদের হাতে থাকা প্রায় ৫০টি লাঠিসোটা, স্টাম্প, রড ও পাইপ ছিনিয়ে নেন। তবে তা সংখ্যায় অনেক কম। তখনো প্রায় সব ছাত্রলীগ নেতাকর্মীর হাতে দেশীয় অস্ত্র ছিল। সব সংগ্রহ না করে প্রক্টরিয়াল বডি শহীদ মিনারে সাধারণ শিক্ষার্থীদের কাছে গেলে উত্তেজনা বাড়ে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রক্টরিয়াল বডিকে ভুয়া ভুয়া বলে দুয়োধ্বনি দেন। শিক্ষার্থীরা স্লোগান দেন, ‘আমার বোনকে বহিরাগত মারলো তখন তোরা কোথায় ছিলি।’ শিক্ষকরা তাদের বুঝাতে গিয়েও ব্যর্থ হন। এক পর্যায়ে পিছু হটে প্রক্টরিয়াল বডি। এ সময় কয়েকজন শিক্ষার্থী শিক্ষকদের গায়েও হাত তুলেন। আহত হন সহকারী প্রক্টর ড. আব্দুল মুহিত। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন পাঁচ শিক্ষক আহত হওয়ার তথ্য দিয়েছে।
শিক্ষার্থীরা যখন শহীদ মিনার, বকশীবাজার মোড়, দোয়েল চত্বর ও চানখাঁরপুল মোড়ে অবস্থান নেন। এ সময় চানখাঁরপুলে শিক্ষার্থীদের সঙ্গে দফায় দফায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সংঘর্ষ হয়। এতে অন্তত ৪ জন গুলিবিদ্ধসহ আহত হন অনেকে। আহতদের ঢাকা মেডিকেলে চিকিৎসা দেয়া হয়েছে। এ হামলায় নেতৃত্ব দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ওমর বিন আবদাল আজিজ। এ সময় একপাশে পুলিশ থাকলেও তাদের নীরব দেখা গেছে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা মেডিকেলের ইমার্জেন্সির সামনে একটি বাস ভাঙচুর করেন। শিক্ষার্থীদের সঙ্গে যখন সংঘর্ষ চলছে তখন টিএসসি’র ভেতর থেকে লাঠি এনে সমাবেশে থাকা ছাত্রলীগ নেতাদের মধ্যে বিতরণ করা হয়। বিকাল চারটার দিকে শহীদ মিনারের সামনের সড়ক দিয়ে গুলিস্তানের দিকে একটি যাত্রীবাহী মিনিবাস যাওয়ার সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা বাসটি থামান। তারা বাসের ভেতরে যাত্রীদের জিজ্ঞাসাবাদ করেন।
যাত্রীদের কয়েকজনকে ছাত্রলীগের কর্মী বলে তাদের সন্দেহ হয়। এতে আন্দোলনকারী ছাত্ররা ক্ষুব্ধ হয়ে বাসটি ভাঙচুর করেন এবং ওই সন্দেহভাজনদের বাস থেকে নামিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মোহাম্মদ শহীদুল্লাহ হলের ভেতর নিয়ে যান। সন্ধ্যার পর ক্যাম্পাসে প্রবেশ করে পুলিশ। তারা শুরুতে পরমাণু শক্তি কমিশনের সামনে অবস্থান নিয়ে ছাত্রলীগ ও আন্দোলনকারীদের মধ্যে ব্যারিকেড তৈরি করেন। রাত ৮টার দিকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে ভিসি চত্বরে অবস্থান নেন। এ সময় পুলিশ সেখানেও আন্দোলনকারী ও ছাত্রলীগের মধ্যে ব্যারিকেড তৈরি করেন। ডিএমপি’র যুগ্ম কমিশনার মেহেদী হাসান বলেন, আমরা ক্যাম্পাস শান্ত রাখতে এসেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন যেভাবে চাইবে আমরা সেভাবে কাজ করবো।
এদিকে টিএসসি’র সামনে ছাত্রলীগ যখন দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান নিয়েছে তখন বেগম রোকেয়া হলের ছাত্রীরা হল গেইটে এসে বিক্ষোভ দেখান। এ সময় তাদেরও কারও কারও হাতে লাঠিসোটা দেখা যায়। শিক্ষার্থীরা বহিরাগতদের নিয়ে ছাত্রলীগের অবস্থান করায় টোকাই টোকাই বলে স্লোগান দেন। রাতে শিক্ষার্থীরা ভিসি চত্বরে গিয়ে বিক্ষোভ দেখান। এসময় তারা ক্যাম্পাসে বহিরাগত দিয়ে হামলার জন্য ভিসিকে দায়ী করেন। এবং এ ঘটনার বিচার দাবি করেন। রাত ৯টার দিকে নতুন কর্মসূচি ঘোষণা ছাড়াই নিজেদের বিক্ষোভ স্থগিত করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, আজকের মতো এখানে আন্দোলন স্থগিত ঘোষণা করছি। আমরা আলোচনা করে পরবর্তী কর্মসূচির সিদ্ধান্ত নেব। সেটি পরে আপনাদের জানিয়ে দেয়া হবে।
শিক্ষার্থীদের পূর্ণ নিয়ন্ত্রণে ঢাবির ৮ হল: এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের ৫ হলসহ ৮ হলে নিয়ন্ত্রণ হারিয়েছে ছাত্রলীগ। এতদিন ছেলেদের হলে একচ্ছত্র আধিপত্য থাকলেও সায়েন্স ফ্যাকাল্টির ৩ হল পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। হলগুলো হলো- ড. মু. শহীদুল্লাহ হল, অমর একুশে হল, ফজলুল হক মুসলিম হল। আর মেয়েদের পাঁচ হল হলো- বেগম রোকেয়া হল, শামসুন্নাহার হল, কবি সুফিয়া কামাল হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল এবং বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল। এসব হলে ছাত্রলীগকে বর্জন করেছে শিক্ষার্থীরা। এদিকে সোমবার রাতে শিক্ষার্থীরা শহীদুল্লাহ হল ছাত্রলীগের সভাপতির কক্ষ ভাঙচুর করেছে। শিক্ষার্থীরা হল ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল, শহীদ মিনার, চানখাঁরপুল, দোয়েল চত্বর এলাকায় নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে। সোমবার রাতে অমর একুশে হলের সামনে ঢাকা মহানগর ছাত্রলীগ মোটরসাইকেল নিয়ে মহড়া দিতে গেলে শিক্ষার্থীদের ধাওয়ার মুখে পড়েন। এ সময় ৩০ এর অধিক বাইক পালিয়ে যেতে পারলেও ১০-১২টা বাইক আটক করে শিক্ষার্থীরা। আটককৃত বাইক শিক্ষার্থীরা রাস্তায় ভাঙচুর করে। এ সময় ছাত্রলীগের বেশ কিছু নেতাকর্মী গণপিটুনির শিকার হন। দুইজনকে আটক করে হলে নিয়ে আসা হয়।
বিক্ষোভ-সংঘর্ষে অচল ঢাকা
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলন রাজধানী ছাড়িয়ে পুরো দেশে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার দিনভর রাজধানীর বিভিন্ন পয়েন্ট ছিল কোটা বিরোধী আন্দোলনকারীদের বিক্ষোভ ও ছাত্রলীগ-যুবলীগের অবস্থানের কারণে অচল। বিক্ষোভের পাশাপাশি বিভিন্ন সড়কে দুইপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ হয়। দুপুর থেকেই সায়েন্সল্যাবে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। কিন্তু সময় যত ঘনিয়েছে ততই উত্তপ্ত হয়েছে ওই এলাকা। ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগ সম্মিলিতভাবে হামলা চালিয়েছে সাধারণ শিক্ষার্থীদের ওপর। থেমে থেমে হওয়া ধাওয়া-পাল্টা ধাওয়া বিকালে রূপ নেয় রণক্ষেত্রে। সাড়ে ৫টার পর আন্দোলনকারী শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি ছোড়ে সরকারি দলের নেতাকর্মীরা। এ সময় অন্তত পাঁচ শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন। ঢাকা কলেজের সামনে মারধরে আহত একজনকে ঢাকা মেডিকেলে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই সড়কে দফায় দফায় সংঘর্ষে আহত হন শতাধিক। আহতদের পার্শ্ববর্তী একটি বেসরকারি হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। সন্ধ্যার পরও থেমে থেমে সংঘর্ষের ঘটনা ঘটেছে। হামলায় অংশ নেয়া ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা ঢাকা কলেজের সামনে অবস্থান নেন। এ সময় তাদের হাতে লাঠিসোটা, রড, পাইপ, হকিস্টিক, স্টাম্প, রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দেখা গেছে। দুই পক্ষ ক্ষণে ক্ষণে একে অপরের দিকে ইটপাটকেল ছুড়তে থাকে।
সন্ধ্যার দিকে সিটি কলেজের পাশ থেকে একজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। ঢাকা মেডিকেলে নেয়া হলে তার মৃত্যু হয়। তার নাম মনির হোসেন।
সকাল সাড়ে নয়টা থেকে রাজধানীর নতুন বাজারের প্রধান সড়কে অবস্থান নেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। এতে কুড়িল থেকে রামপুরাগামী ও রামপুরা থেকে কুড়িল খিলক্ষেতগামী উভয় পাশের যানচলাচল বন্ধ হয়ে যায়। বেলা ১১টার দিকে সড়কে অবস্থান নেয়া তিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্টা চালায় ছাত্রলীগের ভাটারা থানার নেতাকর্মীরা। এ সময় দুইপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ছোড়া হয় ইটপাটকেলও। একপর্যায়ে শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে স্থান ত্যাগ করতে বাধ্য হন ছাত্রলীগের নেতাকর্মীরা।
শিক্ষার্থী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে শিক্ষার্থীরা কোটা আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ করেন। এ সময় স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের ওপর হামলার চেষ্টা করে। কিন্তু শিক্ষার্থীরা পাল্টা ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। দিনভর শিক্ষার্থীরা সড়ক অবরোধের পর বিকাল পাঁচটার পর যানচলাচল স্বাভাবিক হয় প্রগতি সরণি সড়কে।
এদিকে সকাল থেকেই রামপুরা, বাড্ডা, মালিবাগ এলাকায় অবরোধ করেন বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা। আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার আশঙ্কায় তারা বিভিন্ন লঠিসোটা নিয়ে সড়কে অবস্থান নেন। এতে করে বাড্ডা লিংক রোড থেকে রামপুরা ও মালিবাগ চৌধুরী পাড়া এলাকা অচল হয়ে পড়ে।
সকাল সাড়ে ১০টায় মেরুল বাড্ডায় ক্যাম্পাসের সামনের প্রধান সড়ক অবরোধ করেন ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। এ সময় তারা রামপুরাগামী ও নতুন বাজারগামী সড়কে দড়ি টেনে সড়ক অবরোধ করেন। এতে বন্ধ হয়ে যায় ওই এলাকায় যান চলাচল। ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষর্থীদের সঙ্গে ইউআইইউ, স্টেট ইউনিভার্সিটিসহ আশপাশের স্কুল-কলেজের শত শত শিক্ষার্থী একসঙ্গে বিক্ষোভ করেন। এ সময় তারা কোটা সংস্কারের বিভিন্ন স্লোগান দিতে থাকেন। বিকাল সাড়ে ৪টা পর্যন্ত শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেন।
বেলা ১২টা থেকে রামপুরা ব্রিজ এলাকায় অবস্থান নেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। এছাড়া ইম্পিরিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা কমার্স কলেজ, খিলগাঁও মডেল স্কুল অ্যান্ড কলেজসহ আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রামপুরা এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। বিকাল পর্যন্ত তারা সড়কে অবস্থান নেয়ায় রামপুরা থেকে মালিবাগ পর্যন্ত পুরো সড়ক স্থবির হয়ে পড়ে।
মালিবাগ চৌধুরীপাড়া এলাকায় স্কুল-কলেজের শিক্ষার্থীরাও সড়ক অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। অনেকে স্কুল ড্রেস পরে বিভিন্ন স্লোগান দেন। বেলা সাড়ে ১২টার দিকে ফয়জুর আইডিয়াল ইন্সটিটিউটিউশন, সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ও বিটিসিএল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজসহ আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রাখেন। এতে রামপুরা, মালিবাগ এলাকায় যান চলাচল স্থবির হয়ে পড়ে।
এসব সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘লাখো শহীদের রক্তে কেনা, দেশটা কারও বাপের না’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘যে হাত ছাত্র মারে, সেই হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার’, ‘তুমি নও আমি নই, রাজাকার রাজাকার’-সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
এদিকে দুপুর ১২টার দিকে ধানমণ্ডিতে সায়েন্স ল্যাব মোড়ে ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শতশত শিক্ষার্থী সড়ক অবরোধ ও মিছিল নিয়ে বিক্ষোভ করেন। এতে ওই এলাকায় যানচলাচল বন্ধ হয়ে যায়। ঢাকা কলেজের সামনে ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা অবস্থান নেন। দিনভর চলে দুইপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ।
দুপুর ১টার দিকে মতিঝিল শাপলা চত্বরে কয়েকশ’ শিক্ষার্থী অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। ফলে আরামবাগ, মতিঝিলসহ আশপাশের এলাকা অচল হয়ে পড়ে। দুপুর সাড়ে ১২টার দিকে মহাখালীতে রেললাইন অবরোধ করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সেখানে দু’টি ট্রেন আটকে যায়। বিকাল সাড়ে ৫টার দিকে মহাখালী পুলিশ বক্সের সামনে কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে রণক্ষেত্রে পরিণত হয় পুরো মহাখালী এলাকা। এছাড়া পুলিশ বক্সের সামনে দু’টি মোটরসাইকেলে আগুন দেয় দুর্বৃত্তরা।
বেলা ১১টার দিকে যাত্রাবাড়ী এলাকায় সড়ক অবরোধ করেন দনিয়া কলেজের শিক্ষার্থীরা। পরে তাদের সঙ্গে আশপাশের অন্যান্য শিক্ষার্থীরাও অংশ নেন। বেলা দেড়টার দিকে সিদ্ধেশ্বরী গার্লস কলেজ ও ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের কয়েকশ’ ছাত্রী বিক্ষোভ মিছিল নিয়ে শন্তিনগর মোড়ে অবস্থান নেন। সেখানে যান চলাচল বন্ধ হয়ে যায়।
দুপুর সাড়ে ১২টার দিকে মিরপুর ১৪ নম্বর মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বঙ্গবন্ধু কলেজ, মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। এক হাজারের বেশি শিক্ষার্থী মিছিল নিয়ে এসে সড়কে বসে পড়েন। এতে দুইদিকের প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা ১১টার দিকে মিরপুর ১০ নম্বর গোল চক্করে কয়েকটি বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস টেকনোলজি (বিইউবিটি), মিরপুর কমার্স কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ, ঢাকা স্টেট কলেজ, ভাসানটেক সরকারি কলেজসহ আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চারদিকের সড়ক বন্ধ করে দেন। শিক্ষার্থীরা বলেন, সরকারের সমর্থক কর্মীরা লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে তাদের বেলা একটার দিকে সরিয়ে দিয়েছেন। পরে ওই সড়কে যান চলাচল শুরু হয়।
বেলা সাড়ে ১১টার থেকে উত্তরার হাউজবিল্ডিং থেকে রাজলক্ষ্মী পর্যন্ত বিমানবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন আইইউবিএটি, শান্ত মারিয়াম, উত্তরা, রাজউক উত্তরা মডেল কলেজ, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, উত্তরা হাইস্কুল, নওয়াব হাবিবুল্লাহ স্কুল অ্যান্ড কলেজ, গাজীপুরের টঙ্গী সরকারি কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শিক্ষার্থীরা। এতে করে বিমানবন্দর সড়ক অচল হয়ে পড়ে।
আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর আগারগাঁও মোড়ে অবস্থান নেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও আগারগাঁওয়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বিকাল ৫টার দিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করা শুরু করে তারা। এ সময় ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেবো না’সহ অন্যান্য স্লোগান দিতে দেখা যায় তাদের।
বিকাল সাড়ে ৩টার দিকে ফার্মগেট মেট্রোরেল স্টেশনেও আন্দোলনকারীদের ওপর হামলা করে ছাত্রলীগ। এতে উপস্থিত যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, ফার্মগেট থেকে ছাত্রলীগের একটি দল খামারবাড়ী অভিমুখে স্লোগান নিয়ে যেতে থাকে। এ সময় খামারবাড়ী মোড়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি জমায়েত দেখলে ছাত্রলীগের কর্মীরা তাদের ওপর চড়াও হয়। লাঠি নিয়ে ধাওয়া দিলে আন্দোলনকারীরা দৌড়ে মেট্রোরেলের স্টেশনে গিয়ে আশ্রয় নেয়। সেখানেও ছাত্রলীগের কর্মীরা লাঠি নিয়ে আন্দোলনকারীদের পেটাতে থাকে। একপর্যায়ে মেট্রোরেল পুলিশের সদস্যরা ছাত্রলীগ কর্মীদের স্টেশন থেকে বের করে দেন। পরিস্থিতি স্বাভাবিক হলে আশ্রয় নেয়া আন্দোলনকারীরাও স্টেশন থেকে বের হয়ে যান। ঘটনার পর এপিবিএন’র একটি টিম স্টেশনে মোতায়েন করা হয়।
দুপুর ১২টার দিকে বনানী এলাকায় প্রাইম-এশিয়া বিশ্ববিদ্যালয়ের কয়েকশ’ শিক্ষার্থী সড়ক অবরোধ করে রাখেন। এতে বনানী এলাকায় সম্পূর্ণ যানচলাচল বন্ধ হয়ে যায়। সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা কোটা সংস্কার ও হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।
জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে গুলিবিদ্ধ ৪ শিক্ষার্থী: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গেও সরকার দলের সমর্থকদের সংঘর্ষ হয়েছে। এ সময় ৪ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অনেকে। গতকাল বিকালে এ ঘটনা ঘটে। এর আগে বিকাল ৩টা থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলায় বিক্ষোভ শুরু করেন। এ সময় তাদের রুখতে স্থানীয় দক্ষিণ মহানগর যুবলীগ নেতাকর্মীদের শোডাউন দিতে দেখা যায়। যুবলীগের একটি মিছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এলে তাদেরকে উদ্দেশ্য করে সাধারণ শিক্ষার্থীরা ধাওয়া করে। শিক্ষার্থীদের একটি মিছিল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এলে কোর্ট প্রাঙ্গণের ভেতর থেকে গুলি করা হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে ৪ শিক্ষার্থী আহত হন। গুলিবিদ্ধ ৪ জন হলেন- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৭ ব্যাচের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী অনিক, ম্যানেজমেন্ট বিভাগের ১৬ ব্যাচের শিক্ষার্থী ফেরদৌস জামান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ১৬ ব্যাচের নাসিম ও কবি নজরুল কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী হাসিব। তাদেরকে প্রথমে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ছাড়া ছুরিকাঘাতে তায়াফ নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টটিং বিভাগের এক শিক্ষার্থী আহত হয়ে ন্যাশনাল মেডিকেলে ভর্তি করা হয়। এদিকে ৪টা ২০ মিনিট পর্যন্ত আন্দোলনকারী শিক্ষার্থীরা তাঁতীবাজার মোড়ে অবস্থান নেন। এসময় গুলিস্তান জিরো পয়েন্টের দিকে যুবলীগের একটি বড় গ্রুপের উপস্থিতি বুঝতে পেরে শিক্ষার্থীরা এই সিদ্ধান্ত নেয়। এরপর শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেন।
সলিমুল্লাহ মেডিকেলেও ছাত্রলীগের তাণ্ডব: কোটা সংস্কারের দাবি ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ডাকা বিক্ষোভে হামলা চালিয়েছে কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় অন্তত ৬-৭ জন শিক্ষার্থী আহত হন। আহতদের মধ্যে নারী শিক্ষার্থীদের সংখ্যা বেশি বলে জানা গেছে। এ ঘটনার পর ছাত্রলীগের হুমকিতে অনেক সাধারণ শিক্ষার্থী হল ছাড়ছেন বলে জানা গেছে। দুপুর ১২টার পর আন্দোলনে অংশ নিতে কলেজ গেটের সামনে এলে তাদের আটকে দেন শাখা ছাত্রলীগের কর্মীরা। এসময় শিক্ষার্থীদের ওপর তারা হামলা চালান এবং এতে কয়েকজন আহত হন। হামলায় এক নারী শিক্ষার্থীর মাথা ফেটে যায়। এদিকে ছাত্রলীগের হুমকিতে সাধারণ শিক্ষার্থীদের অনেকেই হল ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন বলেও শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে। এ হামলার সুষ্ঠু বিচার না পাওয়া পর্যন্ত সব ধরনের ক্লাস-পরীক্ষা বয়কটের ঘোষণা দেন কলেজের শিক্ষার্থীরা। এ ছাড়াও হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে কলেজের অধ্যক্ষ বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন শিক্ষার্থীরা। লিখিত অভিযোগে ৭ জন হামলাকারীর বিচার দাবি করা হয়েছে। তারা হলেন- মেডিকেল কলেজের ৪৬ তম ব্যাচের শিক্ষার্থী তন্ময় দাস, শাকের আহমেদ ও সাব্বির আহমেদ, ৪৫তম ব্যাচের সাদেকুল ইসলাম এবং ৪৯তম ব্যাচের জিহাদুল ইসলাম নিশান ও সাফওয়ান আকাশ। তারা সবাই শাখা ছাত্রলীগের নেতাকর্মী বলে জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।
এদিকে, গতকাল রাত সাড়ে এগারোটার দিকে বিক্ষুব্ধ নারী শিক্ষার্থীরা রোকেয়া হলে এক ছাত্রলীগ নেত্রীকে মারধর ও তার কক্ষ ভাঙচুর করে। শিক্ষার্থীদের অভিযোগে বর্ণালী ঘোষ বর্ণা নামে এই ছাত্রলীগ নেত্রী সোমবার শিক্ষার্থীদের কর্মসূচিতে অংশগ্রহণ করার ক্ষেত্রে বাধা দেয়। এ সময় হল ছাত্রলীগ সভাপতি আতিকা বিনতে হোসাইন নেতাকর্মীদের নিয়ে ঘটনাস্থলে এলে তার উপরও চড়াও হয় শিক্ষার্থীরা। এ সময় ‘খুনি’ ‘খুনি’ বলে ধাওয়াও দেয় শিক্ষার্থীরা। পরে হল প্রশাসন, বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিম ও আইনশৃংখলা বাহিনীর সহায়তায় রাত বারোটার পর তাদের হল থেকে বের করে আনা হয়।
সারাদেশে গায়েবানা জানাজা
পুলিশ ও ছাত্রলীগের যৌথ হামলা ও গুলিবর্ষণে নিহতদের গায়েবানা জানাজা পড়বেন শিক্ষার্থীরা। আজ দুপুর ২টায় রাজু ভাষ্কর্যের পাদদেশে ‘গায়েবানা জানাযা ও কফিন মিছিল’ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এছাড়া সকল শিক্ষাপ্রতিষ্ঠান ও জেলায় জেলায় গায়েবানা জানাযা ও কফিন মিছিল কর্মসূচি পালন করা হবে। ঢাকায় অবস্থানরতদের সকলে রাজু ভাষ্কর্যের পাদদেশে আসারও আহ্বান করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
উত্তাল রাজশাহী, রাবিছাড়া ছাত্রলীগ, বিজিবি মোতায়েন
স্টাফ রিপোর্টার, রাজশাহী থেকে জানান, কোটা সংস্কার আন্দোলনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শিক্ষানগরী রাজশাহী। মঙ্গলবার বেলা ৩টা থেকে নগরীর সাহেব বাজার এলাকায় জড়ো হতে শুরু করেন সাধারণ শিক্ষার্থীরা। এতে সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পালিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। দখলে নিয়েছেন আন্দোলনকারীরা। ছাত্রলীগ সভাপতি ও সম্পাদকের কক্ষে পাওয়া গেছে পিস্তল, রামদা ও মাদকসহ বিভিন্ন অবৈধ জিনিসপত্র। কোটা সংস্কারে চলমান আন্দোলনে রাজশাহীর অন্তত ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক হাজার সাধারণ শিক্ষার্থী মাঠে নামেন। দুপুর থেকে নগরীর জিরো পয়েন্টে জড়ো হতে থাকেন। বেলা সাড়ে ৩টায় রাজশাহী কলেজ, নিউ ডিগ্রি কলেজ, সিটি কলেজের শিক্ষার্থীরা পৃথক মিছিল নিয়ে সাহেব বাজার এলাকায় আসেন। বিকাল ৪টায় রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা পৃথক মিছিল নিয়ে যোগ দেন তাদের সঙ্গে।
জাতীয় পতাকা হাতে স্লোগান দিতে থাকেন তারা। এতে পুরো রাজশাহী-ঢাকা মহাসড়ক বন্ধ হয়ে যায়। রুয়েট ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও নগরীর বিনোদপুর, কাজলা এলাকা ক্যাম্পাসের ভেতরে অবস্থান নেন। শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে পালিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লাহিল গালিব ও তার কয়েকজন অনুসারী। পৌনে ৪টার দিকে মোটরসাইকেল নিয়ে ক্যাম্পাস ছেড়ে পালিয়ে যান তারা।
শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজ রহমান বাবুর রুম থেকে একটি বিদেশি পিস্তল ও একটি দেশীয় পিস্তল পাওয়া গেছে। এ ছাড়াও সেখান থেকে বেশকিছু দেশি অস্ত্র রামদা উদ্ধার করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় বিদেশি মদের বোতল পাওয়া গেছে। মঙ্গলবার বিকাল ৫টায় দ্বিতীয় দফায় বঙ্গবন্ধু হলে ভাঙচুরকালে এসব অস্ত্র পাওয়া গেছে। এ ছাড়া অগ্নিসংযোগ করা হয় রাবি’র বঙ্গবন্ধু হলে। লাঠি, পাইপ ও জাতীয় পতাকা হাতে কয়েক হাজার শিক্ষার্থী অবস্থান নেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আখতার হামিদ খান জানান, ৩টা ৪০ মিনিটে রাবি বঙ্গবন্ধু হলে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়া হয়। পরে ঘটনাস্থলে পৌঁছে তাদের দু’টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ১৮-১৯টি মোটরসাইকেল, বেশকিছু বাইসাইকেল ও আসবাবপত্র আগুনে পুড়ে যায়। তবে কেউ হতাহত হননি। এদিন বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয় এলাকায় চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। এ ছাড়া মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ক্যাম্পাসে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তবে বিশৃঙ্খলা রোধে আমরা সতর্ক অবস্থানে আছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. গোলাম সাব্বির সাত্তার বলেন, কোটা আন্দোলনকারীরা বঙ্গবন্ধু হলের নিচতলায় আগুন দিয়েছেন। এরইমধ্যে আগুন নেভানো হয়েছে। রাবি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে ফিরলে এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।
ছাত্রলীগে পদত্যাগের হিড়িক: সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ছাত্রলীগ থেকে পদত্যাগের হিড়িক লেগেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পদধারী সংগঠনটির নেতারা পদত্যাগ করেন। একইসঙ্গে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার করা মন্তব্যেরও প্রতিবাদ করেন।
গত রোববার রাত থেকে এ পর্যন্ত প্রায় দেড় শতাধিক ছাত্রলীগ নেতা পদত্যাগ করেছেন। এ ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে ছাত্রলীগের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার নেতাদের অনুসারীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক ম্যাসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকেও গণহারে লিভ নিচ্ছেন নেতাকর্মীরা।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা হামলাকারী ছাত্রলীগ নেতাকর্মীদের বর্জনের ঘোষণা, ছাত্রলীগ থেকে ৬ জনের পদত্যাগের খবর
গত রোববার রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের পাঁচজন নেতা পদত্যাগ করেন। এ ছাড়াও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ আরও অন্তত ১৮ জন পদত্যাগ করেছেন। এদের মধ্যে রয়েছেন- জান্নাতুল মাওয়া রোকেয়া হলের সহ-সভাপতি, হাসিবুল হাসান হাসিব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের সহ-সভাপতি, জুয়েনা আলম মুন কুয়েত মৈত্রী হলের অর্থ সম্পাদক, জেবা সায়ীমা বিজ্ঞান উপ-সম্পাদক, মেহেরুন্নিসা মিম নাট্য ও সাহিত্য বিষয়ক সম্পাদক এবং মনিরা তিশা আইন সম্পাদক, প্রচার সম্পাদক আমরিন জান্নাত তাইরু, সামাজিক বিজ্ঞান অনুষদ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি নুরুল ইসলাম হৃদয়, মেহেদী হাসান কার্যনির্বাহী সদস্য, জসীম উদ্দীন হল ছাত্রলীগের মো. রাফিউল ইসলাম রাফি বিজয় একাত্তর হল শাখার গ্রন্থনা ও প্রকাশনা উপ-সম্পাদক শাহ সাকিব সাদমান প্রান্ত, শামসুন্নাহার হল ছাত্রলীগের উপ-পাঠাগার সম্পাদক ইসরাত জাহান সুমনা, সার্জেন্ট জহরুল হক হল ছাত্রলীগের সহ-সভাপতি ওয়াসিক, আইন অনুষদ শাখার গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আশিকুর রহমান ওরফে জিম এবং রাসেল হোসেন, সামাজিক বিজ্ঞান অনুষদ শাখার গণযোগাযোগ ও উন্নয়ন সম্পাদক মাছুম শাহরিয়ার, লেদার ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আলী ইমাম জুয়েল, আইন অনুষদের সাহিত্য সম্পাদক রূপক কুমার নায়ক, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট শাখার মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক উপ-সম্পাদক রাতুল আহমেদ ওরফে শ্রাবণ, রোকেয়া হল শাখার সহ-সভাপতি তামান্না রহমান, শামসুন্নাহার হল শাখার পাঠাগার বিষয়ক উপ-সম্পাদক ইসরাত জাহান সুমনা, ফজলুল হক মুসলিম হল শাখার সদস্য আবদুল্লাহ আল মুবিন, সামাজিক বিজ্ঞান অনুষদ শাখার বিজ্ঞান বিষয়ক উপ-সম্পাদক জেবা সায়ীমা, কলাভবন ছাত্রলীগের ১নং সহ-সম্পাদক মো. মুহাইমিনুল ইসলাম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও অর্ধশতাধিক নেতা ছাত্রলীগ থেকে পদত্যাগ করেছেন। তারা হলেন- রিপনুল ইসলাম রবিন, শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক আফরিন আলম রিমি, শেখ রাসেল হল শাখা ছাত্রলীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ সামি, খাদিজা জুঁই, সিদরাতুল মুনতাহা, শাখা ছাত্রলীগের সদস্য ইমরান আহমেদ, নিয়ামুল আরফ প্রমুখ।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগ থেকে ৬ জনের পদত্যাগের খবর পাওয়া গেছে। তাদের মধ্যে রয়েছেন- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ শাখার সহ-সভাপতি মাহমুদুল হাসান সামি ও রসায়ন বিভাগ শাখার সহ-সভাপতি তাওসিফ কবির, মনোবিজ্ঞান বিভাগ শাখার সহ-সভাপতি রনি সরকার ও যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমান এবং ভূগোল ও পরিবেশ বিভাগ শাখার সহ-সভাপতি মাহমুদুল হাসান নোমান এবং শিঞ্জন বসাক। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অর্ধশতাধিক নেতাও ছাত্রলীগ থেকে পদত্যাগ করেছেন। তবে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন গণহারে নেতাদের পদত্যাগের বিষয়ে জানান, একটি মহল বিভ্রান্তি ছড়াচ্ছে। তারা পদত্যাগের বিষয়টি যাচাই করছেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা হামলাকারী ছাত্রলীগ নেতাকর্মীদের বর্জনের ঘোষণা দেন। এমনকি তাদের বিভাগভিত্তিক শিক্ষার্থীদের বিভিন্ন গ্রুপ থেকেও রিমুভ করার ঘোষণা দেয়া হয়েছে।
মঙ্গলবার প্রকাশ্যে লাঠি, রড ও পাইপ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মুখোমুখি অবস্থান নেয় কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতাকর্মীরা। দুই পক্ষই ক্যাম্পাসের দুই অংশের নিয়ন্ত্রণ নিয়ে মঙ্গলবার দিনভর অবস্থান করে। ঢাকা মহানগর ও আশপাশের জেলা থেকে বিপুলসংখ্যক বহিরাগত নেতাকর্মী ক্যাম্পাসে জড়ো করে ছাত্রলীগ। দুই পক্ষই পৃথক পৃথক মিছিল ও সমাবেশ করে। উভয়পক্ষের মধ্যে তীব্র উত্তেজনাও ছিল।
ক্যাম্পাস এলাকায় বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেনি। তবে চানখাঁরপুল এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময়ে প্রতিপক্ষের গুলিতে অন্তত চারজন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া আন্দোলনকারী শিক্ষার্থীদের হামলায় আহত হয়েছেন সহকারী প্রক্টর অধ্যাপক ড. আব্দুল মুহিতসহ পাঁচজন। সহকারী প্রক্টরকেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সরেজমিন এসব চিত্র দেখা গেছে।
এর আগের দিন সোমবার কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলা চালান ছাত্রলীগ নেতাকর্মীরা। ওই দিন অনেক নারী শিক্ষার্থীদের বেধড়ক মারধর করা হয়। এর রেশ ধরে মঙ্গলবার ক্যাম্পাস নিয়ন্ত্রণের মহড়া চালায় ছাত্রলীগ ও কোটা সংস্কার আন্দোলনকারীরা। ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি), রাজু ভাস্কর্য, ভিসি চত্বর, শাহবাগ ও নীলক্ষেত পর্যন্ত এলাকায় অবস্থান নেন ছাত্রলীগ নেতাকর্মীরা। এসব এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকার দুই মহানগর ও আশপাশ জেলার ছাত্রলীগ নেতাকর্মীরা লাঠি, রড, জিআই পাইপ, বাঁশসহ দেশীয় অস্ত্রসহ অবস্থান নেন।
মাথায় হেলমেট পরে এসব লাঠিসোঁটা নিয়ে মহড়াও দেন তারা। অপরদিকে কেন্দ্রীয় শহিদ মিনার, ঢাকা মেডিকেল কলেজ, ড. মুহাম্মদ শহীদুল্লাহ হল, অমর একুশে হল, চানখাঁরপুল মোড় ও পলাশী এলাকার নিয়ন্ত্রণে রাখে আন্দোলনকারীরা। তাদের হাতেও ছিল বাঁশ, গাছের ডাল, লাঠি ও ইটের টুকরো। বেশিরভাগ শিক্ষার্থীর মাথায় ছিল জাতীয় পতাকা ও কোটাবিরোধী স্লোগান সংবলিত কাপড়। এসব এলাকা দিয়ে আসার সময়ে ছাত্রলীগ নেতাকর্মী বহনকারী অন্তত চারটি বাস ভাঙচুর এবং দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেছেন আন্দোলনকারীরা। দিনভর ক্যাম্পাসে এমন পরিস্থিতি বিরাজ করলেও আইনশৃঙ্খলা বাহিনীর তেমন তৎপরতা দেখা যায়নি। সন্ধ্যা পর্যন্ত তারা কারও বিরুদ্ধেই ব্যবস্থা নেয়নি।
কোটা সংস্কার আন্দোলনকারী ও ছাত্রলীগের এমন মুখোমুখি অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যান চলাচল এক প্রকার বন্ধ হয়ে যায়।
ছাত্রলীগ নেতার পদত্যাগ : কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর পুলিশ-ছাত্রলীগের হামলা ও শিক্ষার্থীদের অবমাননা করার প্রতিবাদে রংপুরের রাজপথ উত্তাল হয়ে উঠেছে। এ ঘটনায় ক্ষোভে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পিয়াস আহমেদ নামের এক ছাত্রলীগ নেতা স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।
তালা ভেঙে কুবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, গুলিতে আহত ১ : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের আটকাতে ছাত্রলীগের দেওয়া তালা ভেঙে মঙ্গলবার বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। পরে মহাসড়কে অবস্থান করছিলেন তারা। মিছিল চলাকালে পুলিশ আন্দোলনকারী শিক্ষার্থীদের দিকে গুলি করলে এক শিক্ষার্থীর বুকে তিনটি রাবার বুলেট লাগে। পরে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে পুলিশের গাড়ি ভাঙচুর করেন। এসময় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা সরকারি কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী যোগ দেন।
পুলিশের গুলিতে জাবি অধ্যাপক আহত : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী-পুলিশ-ছাত্রলীগ ত্রিমুখী সংঘর্ষে দুই অধ্যাপকসহ শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। সোমবার রাত পৌনে তিনটায় আন্দোলনকারীদের দমাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের ভেতরে পুলিশ গুলি চালালে ইতিহাস বিভাগের অধ্যাপক ড. খো. লুৎফুল ই এলাহী মারাত্মকভাবে আহত হন। সন্ধ্যায় আন্দোলনকারী ও ছাত্রলীগের সংঘর্ষ থামাতে গেলে রসায়ন বিভাগের অধ্যাপক ড. আওলাদ হোসেন আহত হন।
এছাড়া রাতভর সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষের অন্তত শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে তিন প্লাটুন পুলিশ কাজ করছে। আন্দোলনকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল আলমের বাসভবনে আশ্রয় নিলে তাদের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। প্রথমে পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করলেও বিশ্ববিদ্যালয়ের সব হল থেকে সাধারণ শিক্ষার্থীরা এসে আন্দোলনকারীদের সঙ্গে যোগ দিলে পুলিশও সংঘর্ষে জড়ায়।
এদিকে সোমবার রাত নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল আলমের বাসভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। রাত সোয়া ১০টায় শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। এর আগে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা।
মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে এলে অতর্কিত হামলা করে ছাত্রলীগ। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক এবং নারী শিক্ষার্থীসহ অর্ধশতাধিক আহত হয়েছেন। হামলার প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারের পাদদেশে জড়ো হতে থাকেন। এরপর একটি মিছিল নিয়ে উপাচার্যের বাসভবন ঘেরাও করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থী হাসিব জামান বলেন, আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করছিলাম।
মিছিলে ছাত্রলীগ আমাদের ওপর অতর্কিত হামলা করে। ছাত্রলীগের এই হামলায় আমাদের একজন শিক্ষক পর্যন্ত আহত হন। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলমের সভাপতিত্বে জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে ১৫ জুলাই রাতে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনায় আহত শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সুচিকিৎসা নিশ্চিত করা এবং সব চিকিৎসা ব্যয় বহন করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
কক্সবাজারে ছাত্রলীগের বাধা, ধাওয়া-পালটা ধাওয়া, ভাঙচুর : মঙ্গলবার সকাল এগারোটার দিকে কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা চট্টগ্রাম কক্সবাজার সড়কের লিংকরোড এলাকায় অবস্থান করে। দুপুর বারোটার দিকে তারা মিছিল নিয়ে কক্সবাজার সরকারি কলেজের দিকে অগ্রসর হয়। এ সময় কলেজে আগে থেকে অবস্থান করা ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের বহিরাগত দাবি করে ধাওয়া করে।
১০-১৫ মিনিট পর আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে কক্সবাজার কলেজের ক্যাম্পাসে ছাত্রলীগকে ধাওয়া দিলে ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে। উভয় পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীদের মোটরসাইকেল ভাঙচুর করে আন্দোলনকারীরা।
ফেনীতে আন্দোলনকারীদের ওপর হামলা : ফেনীতে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে ফেনী শহরের কেন্দ্রীয় শহিদ মিনারে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক পুলিশ দুই পক্ষকে নিবৃত্ত করলে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
বগুড়ায় ককটেল হামলা, চার শিক্ষার্থী আহত : বগুড়া সরকারি আজিজুল হক কলেজে কোটাবিরোধী আন্দোলনকারীদের ওপর ককটেল হামলা হয়েছে। এতে কলেজের অনার্স তৃতীয় বর্ষের চার শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। তাদের বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বগুড়া সদর থানার সেকেন্ড অফিসার এসআই রহিম উদ্দিন এ তথ্য দিয়েছেন। আহত শিক্ষার্থীরা হলেন-বগুড়ার ধুনট উপজেলার বথুয়াবাড়ির বাদশার ছেলে কলেজের অর্থনীতি তৃতীয় বর্ষের ছাত্র সুমন রানা (২৩), একই উপজেলার বেলকুচি গ্রামের গোলাম রব্বানীর ছেলে কলেজের ফিন্যান্স তৃতীয় বর্ষের ছাত্র মামুন (২২), আনারপুর গ্রামের বেলালের ছেলে ফিন্যান্স তৃতীয় বর্ষের ছাত্র তাফসির (২০) ও চালাপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে অর্থনীতি তৃতীয় বর্ষের ছাত্র মিলন (২০)।
রাঙামাটিতে বিক্ষোভে ছাত্রলীগের বাধা : মঙ্গলবার দুপুরে রাঙামাটি মেডিকেল কলেজ এবং কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (বিএসপিআই) ক্যাম্পাসে পৃথক বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষাপ্রতিষ্ঠান দুটির সাধারণ শিক্ষার্থীরা। এ সময় পুলিশ ও ছাত্রলীগ বাধা দিলে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে পালটাপালটি ধাওয়ায় রাঙামাটি মেডিকেল কলেজ ক্যাম্পাসে উত্তেজনা তৈরি হয়। এতে ছাত্রলীগের হামলায় দীপ্ত দে নামে মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের এক ছাত্র আহত হন। অন্যদিকে সকাল ১০টার দিকে রাঙামাটির কাপ্তাইয়ের বিএসপিআই ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল প্রদর্শন করেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় ছাত্রলীগের ধাওয়ায় বিক্ষোভকারী সাধারণ শিক্ষার্থীদের ৪ জন আহত হন।
কিশোরগঞ্জে ধাওয়া-পালটা ধাওয়া, সংঘর্ষ : কিশোরগঞ্জে কোটাবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া-পালটা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দুই পক্ষের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। মঙ্গলববার বেলা সাড়ে এগারোটার দিকে গুরুদয়াল সরকারি কলেজের সামনের কেন্দ্রীয় শহিদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।
ফরিদপুরে ছাত্রলীগের হামলা, আহত ৫ : ফরিদপুরে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে অন্তত পাঁচজন আন্দোলনকারী আহত হয়েছেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে ফরিদপুর শহরের ব্রাহ্মসমাজ সড়কের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে আন্দোলনকারীদের ওপর এ হামলার ঘটনা ঘটে। এদিকে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে দাবি করা হয়েছে, কোটা আন্দোলনকারীদের হাতে শহর ছাত্রলীগের নেতা শাহিন আহম্মেদ আহত হয়েছেন।
গুরুতর আহতরা হলেন গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক বিভাগের সাবেক ছাত্র ও শহরের ঝিলটুলী এলাকার বিল্লাল কাজীর ছেলে কাজী নিশাত আহমেদ (২৫) ও সরকারি রাজেন্দ্র কলেজের সমাজকর্ম বিভাগের মাস্টার্সে অধ্যয়নরত আবরার নাদিম ইতু (২৬)। আহতদের ফরিদপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
রাবিতে হলে ভাঙচুর, বাইকে আগুন, ৪ প্লাটুন বিজিবি মোতায়েন : সারা দেশে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও পুলিশের হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীরা বিক্ষোভ করেছেন। বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলে ছাত্রলীগের অবস্থান জানতে পেরে আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল নিয়ে সেখানে যান।
মঙ্গলবার বিকাল পৌনে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ঢাকা-রাজশাহী মহাসড়ক হয়ে প্রধান ফটকের ভেতর দিয়ে প্যারিস রোডে যায়। সেখান থেকে মিছিলটি বিভিন্ন আবাসিক হলের সামনে দিয়ে প্রদক্ষিণ করে। এর মধ্যে আন্দোলনকারীরা আবাসিক হলে তালা দেওয়ার কথা শুনে একপর্যায়ে তারা বঙ্গবন্ধু হলের গেট ও জানালা ভাঙচুর করেন। পরে শাখা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকের রুমসহ অন্তত দশটি কক্ষ ভাঙচুর করে আন্দোলনকারীরা। এছাড়া কয়েকটি বাইকে আগুন লাগিয়ে দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
এর আগে বিকাল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের মাদার বখস হলের সামনে থেকে আন্দোলনরত বিক্ষোভকারীদের ধাওয়া খেয়ে মোটরসাইকেলে করে ক্যাম্পাস থেকে পালিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব। বিক্ষোভ চলাকালে শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুকে ক্যাম্পাসে কোথাও দেখা যায়নি। রাজশাহী-১ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মতিউল ইসলাম মন্ডল জানান, কোটা আন্দোলনে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকায় চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রয়োজনে আরও বাড়ানো হবে।
বগুড়ায় ছাত্রলীগের ককটেল হামলা, সাতমাথা রণক্ষেত্র : বগুড়ায় কোটাবিরোধী জেলা স্কুলের শিক্ষার্থীদের ওপর ‘ছাত্রলীগ’-এর ককটেল হামলার প্রতিবাদে শহরের সাতমাথা রণক্ষেত্র পরিণত হয়। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সংঘবদ্ধ মোকাবিলায় হামলাকারীরা পালিয়ে যান। পরে কোটাবিরোধীরা টেম্পল রোডে জেলা আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুরের পর দাহ্য পদার্থ ঢেলে অগ্নিসংযোগ করে। তার পাশেই মুজিব মঞ্চ ভাঙচুর ও পাশে পুলিশ বক্স, সম্মিলিত সাংস্কৃতিক জোটের অস্থায়ী কার্যালয় ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেয়। তারা পোস্ট অফিস, জাসদ অফিস, মুক্তিযোদ্ধা সংসদ ভাঙচুর করে। সেখানে ৪-৫টি মোটরসাইকেল আগুনে পুড়ে যায়। সেখানে জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনির ব্যক্তিগত দুটি কার্যালয়ে ভাঙচুরের পর লুটপাট করা হয়।
আন্দোলনকারীদের ইটপাটকেল ও লাঠিপেটায় যমুনা টেলিভিশনের ব্যুরো প্রধান মেহেরুল সুজন, দৈনিক করতোয়ার স্টাফ ফাটোগ্রাফার শফিকুল ইসলামসহ ৪-৫ জন সাংবাদিক আহত হন। তাদের তাড়া খেয়ে সাংবাদিক ও পুলিশ নিরাপদ দূরত্বে সরে যান। প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেন, শিবির ও ছাত্রদলের নেতাকর্মীরা আসার পর সাধারণ শিক্ষার্থীরা মারমুখী হয়ে ওঠেন ও তারা ভাঙচুর ও অগ্নিসংযোগ শুরু করেন। সেখানে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন থাকলেও তারা হামলাকারীদের প্রতিহত করেনি। এতে জনগণের মাঝে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
বরিশালে ছাত্রলীগের হামলায় ২৫ শিক্ষার্থী আহত : বরিশালে ব্যাপক বিক্ষোভ করেছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় একটি পুলিশ বক্স ভাঙচুর, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের গাড়ি ধাওয়া ও লাগাতার সড়ক অবরোধ করে তারা। আন্দোলনে ছাত্রলীগের হামলায় বিএম কলেজের ২৫ শিক্ষার্থী আহত হয়েছেন। এ সময় ছাত্রদের প্রতিরোধর মুখে পড়ে ১০-১২ জন ছাত্রলীগ নেতাকর্মী আহত হয়েছেন। বিক্ষোভকালে বিএম কলেজ শিক্ষার্থীদের ওপর পুলিশ ৫-৬ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করেছে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
হাবিপ্রবিতে সংঘর্ষে আহত ৩০ : দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সামনে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। দুপক্ষের পালটাপালটি আক্রমণে রণক্ষেত্রে পরিণত হয় বিশ্ববিদ্যালয়ের সম্মুখ সড়ক। এতে দুপক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। এ সময় তারা দিনাজপুর-রংপুর মহাসড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ :সিলেটে ছাত্রলীগ ও কোটাবিরোধীদের মধ্যে উত্তেজনা দেখা দিলেও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে দু’পক্ষই ছিল সক্রিয়। এর মধ্যে নগরীর রাজপথ দখলে ছিল ছাত্রলীগের আর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছিল কোটাবিরোধী শিক্ষার্থীদের দখলে। সন্ধ্যা অবধি সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা।
সিরাজগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ২০ : সিরাজগঞ্জে কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এদের মধ্যে পাঁচজন পুলিশ সদস্য রয়েছেন। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে সিরাজগঞ্জ শহরের গোশালা রেলগেট এলাকায় সংঘর্ষের সূত্রপাত হয়।
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধ : ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছেন সাধারণ শিক্ষার্থী। মঙ্গলবার আন্দোলনকারীরা মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকা অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন। এর আগে তারা দুপুর ১টার দিকে পুলিশি বাধা উপেক্ষা করে এ সড়কে অবরোধ শুরু করেন।
ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ বিক্ষোভ : অবরোধের ফলে ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশে প্রায় পাঁচ কিলোমিটার তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। গণবিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অভিমুখে পদযাত্রা শুরু করে। বিকাল পর্যন্ত শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি চলে।
ময়মনসিংহে শিক্ষার্থীদের বিক্ষোভ : বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর ১২টা থেকে আনন্দমোহন সরকারি কলেজ, নাসিরাবাদ কলেজ, নটর ডেম কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নগরীর টাউন হল মোড়ে জড়ো হতে শুরু করে। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাটগুদাম ব্রিজ মোড়ে সড়ক অবরোধ করে অবস্থান নেন। এদিকে, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বিভিন্ন সংগঠন। নগরীর বিভিন্ন পয়েন্টে শো-ডাউন করেছে জেলা ছাত্রলীগ।
খুলনায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ : খুলনায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছেন। এদিকে, বিএল কলেজের অনার্স তৃতীয়বর্ষের শিক্ষার্থী সাজেদুল ইসলাম বাপ্পী নামে এক শিক্ষার্থীকে সাদা পোশাকধারী ব্যক্তিরা তুলে নিয়ে গেছে বলে শিক্ষার্থীরা অভিযোগ করেছে। তবে পুলিশ এ ঘটনাকে গুজব বলে দাবি করেছে।
নরসিংদীতে ককটেল বিস্ফোরণ : নরসিংদী প্রতিনিধি জানান, নরসিংদীতে কোটা আন্দোলনকারীরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন। এ সময় তারা মহাসড়কে অগ্নিসংযোগ ও ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেন। এতে ঢাকার সঙ্গে সিলেটের যান চলাচল বন্ধ হয়ে যায়। ঢাকা-সিলেট মহাসড়কের জেলখানার মোড়ে জড়ো হতে চাইলে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ছত্রভঙ্গ করে দেন। এ সময় ছাত্রলীগ ও কোটা আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া-পালটাধাওয়া হয়। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
ঠাকুরগাঁওয়ে সড়ক অবরোধ, সংঘর্ষ আহত ৫০ : শিক্ষার্থীদের আন্দোলনে একদল যুবকের হামলার জেরে উত্তেজনা দেখা দেয়। এসময় আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেছেন আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল, রাবার বুলেট ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ। দফায় দফায় ধাওয়া-পালটাধাওয়া সংঘর্ষে পুলিশ, শিক্ষার্থী ও সাংবাদিকসহ কমপক্ষে ৫০ জন আহত হন। আহতদের মধ্যে ১৩ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চাঁদপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ : চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুরে বিক্ষোভ মিছিল করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। মঙ্গলবার বিকালে শহরের হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে বিপুল সংখ্যক শিক্ষার্থী বিক্ষোভ মিছিল বের করেন। এক পর্যায়ে মিছিলটি শহরের বাসস্ট্যান্ড এলাকায় গেলে ছাত্রলীগ নেতাকর্মীরা বাধা দেয়। এরপর শুরু হয় ধাওয়া-পালটাধাওয়া।