সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবিতে আন্দোলন চলাকালে পুলিশ ও ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় দেশে একের পর এক বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হচ্ছে। আজ বুধবার সকাল থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দেওয়া শুরু হয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলগুলো সাধারণ শিক্ষার্থীরা দখলে নিয়ে হলগেটে অবস্থান নিয়েছে। ক্যাম্পাসের ডেইরি গেটে ‘ছাত্রলীগ প্রবেশ নিষেধ’ পোস্টারিং করেছে শিক্ষার্থীরা। এদিকে জাবি হল ভ্যাকান্টের সিদ্ধান্ত দিয়েছে প্রশাসন। এ সময় শিক্ষার্থীরা রেজিস্ট্রার ভবনের সামনে অবস্থান নেয়। অন্যদিকে জাবির শহীদ মিনারে অবস্থান নিয়েছেন দু’শতাধিক পুলিশ।
এদিকে, ক্যাম্পাসের বাইরে মহাসড়কে বিজিবি ও র্যাবের শতাধিক সদস্য অবস্থান নিয়েছে। আজ বুধবার সকাল ১০টায় শুরু হওয়া এক সিন্ডিকেট মিটিংয়ে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় ঘোষণা করা হয়। পরে এক বিজ্ঞপ্তি আকারে সিদ্ধান্তগুলো জানানো হয়। এতে বিকেল ৪টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়তে বলা হয়। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ যথারীতি খোলা থাকবে।
এদিকে প্রশাসনের এই সিদ্ধান্তের বিরোধীতায় তাৎক্ষণিকভাবে বিভিন্ন হল থেকে স্লোগান দিতে দিতে শিক্ষার্থীরা রেজিস্ট্রার ভবনে জড়ো হয়ে বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেন তারা।
আন্দোলনের সমন্বয়ক আরিফ সোহেল বলেন, বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা আমরা প্রত্যাখান করেছি। আমরা আন্দোলন চালিয়ে যাব। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অফস ও ট্র্যাফিক) মো. আব্দুল্লাহ হিল কাফী বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতিতে ক্যাম্পাসের জানমাল রক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন বিঘ্নিত না হয় এজন্য আমরা এসেছি। যদিও এ বিষয়ে ভিসি অধ্যাপক নূরুল আলমের বক্তব্য পাওয়া যায় নি।
এদিকে, শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও ক্যাম্পাসে প্রবেশ করতে পারেনি। গত সোমবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনের সামনে ছাত্রলীগ বহিরাগতদের সঙ্গে নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এ সময় আন্দোলনকারীরা ভিসির বাসভবনে আশ্রয় নেন। এরপর শাখা ছাত্রলীগের সভাপতি আখতারুজ্জামান সোহেলের নেতৃত্বে ভিসির বাসভবনে অভ্যন্তরে প্রবেশ করে হামলা চালায় ছাত্রলীগ। এ ঘটনা ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে সাধারণ শিক্ষার্থীরা প্রত্যেক হলের সামনে অবস্থান নেন। তারা জানান, বহিরাগতদের নিয়ে ছাত্রলীগ হামলা করে ক্যাম্পাসে তাদের অবস্থান নষ্ট করেছে। তাদের হলে প্রবেশের অনুমতি নেই।
একাধিক শিক্ষার্থী বলেন, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সন্ধ্যা ৭টায় আন্দোলনকারীরা শান্তিপূর্ণ মিছিল নিয়ে যাচ্ছিল। হঠাৎ ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী বটতলা এলাকায় দেশি অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করে। এ সময় নারী শিক্ষার্থীদের অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করে ছাত্রলীগের কয়েকজন কর্মী। এর বিচারের দাবিতে উপাচার্যের বাসভবনে আমরা অবস্থান নিই। কিন্তু সেখানেও ছাত্রলীগের নেতাকর্মী ও তাদের ভাড়া করা গুন্ডাবাহিনীকে আমাদের উপর লেলিয়ে দেয়। তারা রামদা, বন্দুক, পেট্রলবোমা ধারালো অস্ত্র দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। একের পর এক আমাদের ওপর কাচের বোতল ছুড়ে মারা হয়। তার কিছুক্ষণ পর তাদের সাথে যুক্ত হয় পুলিশ বাহিনী। তারা আমাদের ওপর টিয়ারশেল ও ছড়া গুলি করে।
এ বিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল বলেন, সাধারণ শিক্ষার্থীদের মধ্যে গুজব ছড়িয়ে ছাত্রলীগের সামনে দাঁড় করিয়ে দেয়া হয়েছে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো আমাদের বিশ্ববিদ্যালয়েও একটা মহল চায় ছাত্রলীগের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষ হোক। কিন্তু আমরা সেটা চাইনা। এজন্য আমরা ক্যাম্পাসের বাইরে অবস্থান করছি। তবে আমাদের কর্মীরা হলের অবস্থান করছে।
জাবি রেজিস্ট্রার অফিসে ভাঙচুর
হল বন্ধ ঘোষণা, আন্দোলনকারীদের প্রত্যাখান

‘ছাত্রলীগের অনুপ্রবেশকারীরা আন্দোলনকে ভিন্নখাতে নিতে রেজিস্ট্রার অফিস ভাঙচুর চালিয়েছে। সাধারণ শিক্ষার্থীরা এই হামলার সাথে জড়িত না। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাব।’ এমন ঘোষণা দিয়েছেন জাবি কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক আরিফ সোহেল। এছাড়াও তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন হল ত্যাগের যে নির্দেশ দিয়েছে শিক্ষার্থীরা সেটা প্রত্যাখান করেছে।’ বুধবার সকাল ১০ টায় হল বন্ধের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি সিন্ডিকেট সভা ডাকে। দুপুর সাড়ে ১২টায় হল বন্ধের ঘোষণা আসে। বিকাল চারটার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার জন্য বলা হয়। এসময় উত্তেজিত শিক্ষার্থীরা রেজিস্ট্রার ভবনের নিচতলা ভাঙচুর চালায়। এতে কয়েকজন শিক্ষক ও সাংবাদিক আহত হয়েছেন। এসময় আন্দোলনকারীরা ভিসিসহ অন্যান্য শিক্ষকদের রেজিস্ট্রার ভবনে অবরুদ্ধ করে রাখে।
অন্য সমন্বয়ক আব্দুর রশিদ জিতু বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে শান্তিপূর্ণভাবে আমাদের দাবি জানিয়ে এসেছি। আমাদের কেউই ভাঙচুরের সাথে জড়িত না।
ছাত্রলীগ তাদের অনুসারীদের দিয়ে এই ভাঙচুর চালিয়েছে। আমরা এর দায়ভার গ্রহণ করবো না।
এদিকে, ক্যাম্পাসে দুই শতাধিক পুলিশ প্রবেশ করেছে। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অফস ও ট্রাফিক ) মো. আব্দুল্লাহ হিল কাফী বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতিতে ক্যাম্পাসের জানমাল রক্ষা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন বিঘ্নিত না হয় এজন্য আমরা এসেছি।
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, হল খালি করার ঘোষণা তাঁরা মেনে নেবেন না। দেশে কোনো মহাদুর্যোগ চলছে না যে হল বন্ধ করতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ
ঢাকা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি আজ বুধবার সন্ধ্যা ৬টার মধ্যে সব আবাসিক শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
আজ সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। বিকেল চারটার মধ্যে বিশ্ববিদ্যালয়ের হলের ছাত্রদের এবং আগামীকাল সকাল ১০টার মধ্যে ছাত্রীদের আবাসিক হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলনকক্ষে নীতিনির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের ১০২তম জরুরি সভায় এমন সিদ্ধান্ত হয়েছে। উপাচার্য ও রিজেন্ট বোর্ডের সভাপতি অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, দেশের উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে পুনরায় নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত হয়েছে।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে আজ দুপুর ১২টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আরিফ হোসেন স্বাক্ষরিত নোটিশে এই নির্দেশ দেওয়া হয়েছে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়
কুমিল্লা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি আবাসিক হল। আজ বিকেলে পাঁচটার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়তে বলা হয়েছে। আজ বিশ্ববিদ্যালয়ের ৯৮তম জরুরি সিন্ডিকেট সভায় এমন সিদ্ধান্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এফ এম আবদুল মঈন সিন্ডিকেট সভা ডেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছেন। আজ বিকেল পাঁচটার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়তে হবে।
খুলনা বিশ্ববিদ্যালয়
খুলনা বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ বিকেল পাঁচটার মধ্যে ছেলেদের হল ছাড়তে হবে। আর আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার মধ্যে হল ছাড়তে হবে মেয়েদের। আজ বুধবার বেলা সোয়া ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে আজ দুপুর ১২টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়তে নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে আজ বেলা তিনটার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের তিনটি ছাত্রী হলে অবস্থানরত ছাত্রীরা হল না ছাড়ার ঘোষণা দিয়েছেন। কর্তৃপক্ষের হল ছাড়ার নির্দেশনা পাওয়ার পরপরই তাঁরা প্রথমে হল প্রাঙ্গণে এবং পরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন। আজ দুপুর সাড়ে ১২টায় এ প্রতিবেদন লেখার সময় ছাত্রীদের বিক্ষোভ চলছিল। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. দিদার-উল-আলম বলেন, বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু মেয়েরা হল ছাড়তে চাইছেন না। সরকারি সিদ্ধান্ত তাঁদের মেনে চলতে হবে। মেয়েদের বোঝানোর চেষ্টা করা হচ্ছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ও বন্ধ ঘোষণা, ‘হল ছাড়ব না’ স্লোগানে বিক্ষোভ ছাত্রীদের
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ও বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ বুধবার সকালে বিশ্ববিদ্যালয়টির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুয়ায়ী বিকেল চারটার মধ্যে আবাসিক হল ছাড়তে বলা হয়।তবে এ সিদ্ধান্ত আসার পরে, বিশ্ববিদ্যালয়টির একমাত্র ছাত্রীদের আবাসিক হলের শিক্ষার্থীরা প্রভোস্ট দপ্তরের সামনে বিক্ষোভ শুরু করেছে।সেখানে দেখা যায়, শিক্ষার্থীরা ‘প্রসাশনের সিদ্ধান্ত মানি না, মানব না’, ‘হল আমাদের ঠিকানা, আমরা হল ছাড়ব না’সহ নানা স্লোগান দিচ্ছেন।