• ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি

জাবিতে শিক্ষার্থীদের উপর গুলি, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, সিলেটে ছাত্রদল-পুলিশ সংঘর্ষ, ব্রাহ্মণবাড়িয়া, শেরপুর, ময়মনসিংহে সংঘর্ষ

usbnews
প্রকাশিত জুলাই ১৭, ২০২৪
জাবিতে শিক্ষার্থীদের উপর গুলি, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, সিলেটে ছাত্রদল-পুলিশ সংঘর্ষ, ব্রাহ্মণবাড়িয়া, শেরপুর, ময়মনসিংহে  সংঘর্ষ
নিউজটি শেয়ার করুনঃ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। এতে ১০ জন শিক্ষার্থী গুলিবিদ্ধসহ অন্তত ৮০ জন আহত হয়েছে। আজ সোয়া ৫টায় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে শহীদ মিনার ও নতুন রেজিস্ট্রার ভবনের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।

এর আগে দুপুর ১২টায় অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে প্রশাসন। ঘোষণা প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীরা নতুন রেজিস্ট্রার ভবনের সামনে অবস্থান নেন। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, আমরা শান্তিপূর্ণভাবে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে দাবি জানিয়ে আসছি। ক্যাম্পাসের অভ্যন্তরে পুলিশ ডেকে হামলা করাটা ন্যাক্কারজনক।

দুপুরে গায়েবানা জানাজা আদায় করতে মাঠে নামে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় যুবদল কর্মীরা পুরান লেন গলির মুখে ও ছাত্রদল কর্মীরা বন্দরবাজার এলাকায় অবস্থান নেয়। পুলিশের ব্যারিকেডের কারণে যুবদল বের হতে না পারলেও ছাত্রদলের কর্মীরা মিছিল নিয়ে রাস্তায় নেমে পড়েন। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে পুলিশ টিলারগ্যাস ও গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছাত্রদল কর্মীদের দাবি, পুলিশের ছোড়া গুলিতে তাদের ৫-৬ জন কর্মী আহত হয়েছেন। এর মধ্যে হাসান নামে একজনের অবস্থা গুরুতর।

বগুড়ার শেরপুরে কোটা বিরোধী আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ওসি, ছাত্র ও সাধারণ মানুষসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় শাহ সুলতান কলেজের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার মুসতাহিদকে আটক করেছে পুলিশ।
আজ বুধবার দুপুর ১২টায় উপজেলার ধুনটমোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, শেরপুর থানার ওসি রেজাউল করিম, সাব-ইন্সপেক্টর তরিকুল, রকিব, এ এস আই মাসুদ, শিক্ষার্থী মারুফ, জিম, নজরুল, সনেট, আলী, জীবন, দোকানদার নাসের উদ্দিন, মুন, বাবু, রহমত, পথচারী, আব্দুস সামাদ, নুরুল ইসলাম, সোলাইমান। বাকিদের নাম পাওয়া যায়নি।

জানা যায়, বেলা ১১টার দিকে শেরপুর ধুনট সড়কের তালতলা এলাকায় কিছু শিক্ষার্থী জড়ো হয়। এর কিছুক্ষণ পর তারা স্লোগান দিতে দিতে মহাসড়কের দিকে আসে। দুপুর ১২টার দিকে প্রায় ২ হাজার শিক্ষার্থী এসে আন্দোলনে যোগ দেন। পৌনে ১ ঘণ্টা তারা সড়কে অবস্থান করায় রাস্তার দু’পাশে ঢাকা ও বগুড়াগামী যানবাহনে যানজট লেগে যায়। এ সময় শেরপুর থানা পুলিশ শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে উঠিয়ে যেতে বলে। পরে পুলিশ তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করলে ইটপাটকেল নিক্ষেপ করে।

পুলিশ পাল্টা টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এ সময় ইটপাটকেল, পুলিশের টিয়ারশেয়াল রাবার বুলেটে ২৫ জন আহত হয়।

ব্রাহ্মণবাড়িয়ায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে শহরের কয়েকটি স্পটে ছাত্রলীগ নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় অন্তত ২০-২২টি ককটেল বিস্ফোরণ হয়। আহত হয় ছাত্রলীগের পাঁচ নেতাকর্মী। তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

ময়মনসিংহের টাউনহল মোড়ে গায়েবানা জানাজা শেষে শিক্ষার্থীরা বাসায় যাওয়ার পথে ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছ। এতে ছাত্রলীগের তিনজন কর্মী আহত হয়েছেন।
এদিকে ইউজিসির নির্দেশনার ভিত্তিতে আজ বুধবার সকালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) সিন্ডিকেটের জরুরি সভায় শিক্ষা কার্যক্রম বন্ধসহ আবাসিক হল ত্যাগ করার নির্দেশনা দিয়েছেন কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. অলিউল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, বাকৃবি সিন্ডিকেটের জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক বিশ্ববিদ্যালয়ে সকল শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। বৃহস্পতিবার বেলা ১২টার মধ্যে শিক্ষার্থীদের সকল আবাসিক হল ত্যাগ করতে হবে।