• ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

সারা দেশে আজ ‘কমপ্লিট শাটডাউন’ : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন বিএনপি , জামায়াতে ইসলামী , হেফাজতে ইসলাম , গণতন্ত্র মঞ্চের সমর্থন

usbnews
প্রকাশিত জুলাই ১৮, ২০২৪
সারা দেশে আজ ‘কমপ্লিট শাটডাউন’ : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতি  সমর্থন বিএনপি  ,  জামায়াতে ইসলামী , হেফাজতে ইসলাম , গণতন্ত্র মঞ্চের সমর্থন
নিউজটি শেয়ার করুনঃ

সারা দেশে আজ বৃহস্পতিবার ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা। গতকাল বুধবার রাত ৮টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ কর্মসূচির ঘোষণা দেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ।

সেই কর্মসূচির ঘোষণায় বলা হয়, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের ওপর পুলিশ, বিজিবি, র‍্যাব, সোয়াটের ন্যাক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে আগামীকাল ১৮ই জুলাই সারাদেশে ‘কমপ্লিট  শাটডাউন’ ঘোষণা করছি।

তিনি বলেন, ‘শুধুমাত্র হাসপাতাল ও জরুরি সেবা ব্যতীত কোনো প্রতিষ্ঠানের দরজা খুলবে না, এ্যাম্বুলেন্স ব্যতীত সড়কে কোনো গাড়ি চলবে না। সারাদেশের প্রতিটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদরাসা শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি আগামীকালের কর্মসূচি সফল করুন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের অভিভাবকদের বলছি, আমরা আপনাদেরই সন্তান। আমাদের পাশে দাঁড়ান, রক্ষা করুন। এই লড়াইটা শুধু ছাত্রদের না, দলমত নির্বিশেষে এদেশের আপামর জনসাধারণের।

উল্লেখ্য, গত বুধবার দুপুরের পর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের গুলি, টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপে প্রায় শতাধিক আহত হন। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থী ও পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে ঢাবি ও জাবি রণক্ষেত্রে পরিণত হয়। এরপরই ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা।

বিএনপি ও এর অঙ্গ সংগঠন ও সারাদেশের জনগণকে কোটা আন্দোলনকারীদের ঘোষিত আজকের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে যোগ দেয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

গতকাল বুধবার রাত ১০টায় এক অনলাইন সংবাদ সম্মেলনে বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন। স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্তক্রমে এ ঘোষণা দেন তিনি।

তিনি আরো বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচিতে বিএনপি পূর্ণ সমর্থন ঘোষণা করছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্যের জরুরি মিটিংয়ের ভিত্তিতে এ সিদ্ধান্ত উপনীত হয় যে- বিএনপির নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করবেন এবং দেশবাসীকে রাস্তায় আসার আহ্বান জানাই।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতি সর্বাত্মক সমর্থন ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ বৃহস্পতিবার সকালে এ বিবৃতিতে দলটি এই সমর্থনের কথা ঘোষণা করে।

বিবৃতিতে বলা হয়, ‘শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ ও সশস্ত্র ছাত্রলীগের হিংস্র আক্রমণে ৭ জন শহীদ হয়েছেন। এছাড়া আন্দোলনরত সাধারণ ছাত্র-ছাত্রীদের ওপর র‌্যাব, পুলিশ, বিজিবি ও সোয়াতের ব্যাপক হামলায় অনেক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানসহ সমগ্র বাংলাদেশ আজ রক্তে রঞ্জিত। বাংলাদেশের ছাত্র সমাজের শিক্ষাজীবন আজ অনিশ্চয়তার মাঝে উপনীত। ইতোমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।’

এতে আরো বলা হয়, বেশ কিছুদিন যাবত সরকারি চাকরিতে বিদ্যমান কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে দেশের ছাত্রসমাজ শান্তিপূর্ণভাবে তাদের দাবি আদায়ের আন্দোলন চালিয়ে যাচ্ছে। দেশের শিক্ষক সমাজ, সাংবাদিক, বুদ্ধিজীবী, আইনজীবী, ওলামায়ে কেরামসহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলসমূহ ছাত্রসমাজের আন্দোলনের প্রতি সমর্থন দেয়ায় ছাত্রসমাজের আন্দোলন একটি সিদ্ধান্তকারী পর্যায়ে পৌঁছেছে।’

সংগঠনটি জানায়, এই ন্যক্কারজনক রক্তাক্ত ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আজ ১৮ জুলাই বৃহস্পতিবার সারাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের যৌক্তিক দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির প্রতি সর্বাত্মক সমর্থন জানিয়ে বিবৃতি দিয়েছেন।’

বিবৃতিতে তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির প্রতি সমর্থন এবং ছাত্রসমাজের পাশে দাঁড়াবার জন্য আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সমগ্র দেশবাসী তথা আপামর জনসাধারণের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।’

বিবৃতিতে তিনি আরো বলেন, ‘জাতির এই ক্রান্তিলগ্নে দল-মত-নির্বিশেষে রাজনৈতিক সংকীর্ণতার ঊর্দ্ধে উঠে আমাদের ভবিষ্যত প্রজন্মকে রক্ষা করার জন্য সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং সকল ধরনের তাণ্ডবতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। মহান আল্লাহ আমাদের সহায় হোন।’
প্রেস বিজ্ঞপ্তি

শিক্ষার্থীদের চলমান কোটা সংস্কার আন্দোলনের কর্মসূচিতে সমর্থন জানিয়েছে গণতন্ত্র মঞ্চ। একইসঙ্গে আগামীকাল সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে অভিভাবক সমাবেশ করার ঘোষণা দিয়েছেন জোটের নেতারা।

আজ বুধবার ১৭ জুলাই রাত ৮টায় রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা কমিটির জরুরি সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূমের সভাপতিত্বে মিটিংয়ে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সহ-সভাপতি কে এম জাবির প্রমুখ।

সারাদেশে চলমান শান্তিপূর্ণ আন্দোলনে শিক্ষার্থীদের উপর গুলি করে ৬ জনকে হত্যা, তাদের উপর পুলিশ, বিজিবি, র‍্যাবসহ রাষ্ট্রীয় বাহিনীগুলোর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে, খুনিদের বিচার ও সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করাসহ কোটা সংস্কারের ১ দফা দাবিতে আগামীকাল ১৮ই জুলাই (বৃহস্পতিবার) সারাদেশে “কমপ্লিট শাটডাউন” ঘোষণা করেছে আন্দোলনে শিক্ষার্থীদের প্লাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ছাত্র সমাজের এই যৌক্তিক কর্মসূচিতে পূর্ণ সংহতি এবং সমর্থন জানিয়েছে গণতন্ত্র মঞ্চ।

নেতৃবৃন্দ বলেন, সরকারের প্রত্যক্ষ নির্দেশে নিরীহ শিক্ষার্থীদের উপর হামলা চালানো হয়। এই হামলার পুরো দায় যে সরকারের আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বক্তব্যে সেটা সুচতুর ভাবে এড়িয়ে যাওয়া হয়েছে। এই মর্মান্তিক হত্যাকাণ্ডের দায় যে সরকারের তাও তিনি পাশ কাটিয়ে গেছেনএমনকি উদ্ভুত পরিস্থিতির সমাধান ও হত্যাকাণ্ডের বিচারের কোন নির্দেশনা বা প্রতিশ্রুতিও প্রধানমন্ত্রী দিতে পারেন নাই। উপরন্তু এ সকল হত্যাকান্ডের দায় তিনি বিরোধীদলগুলোর ঘাড়ে চাপিয়ে তার তার রাজনৈতিক বিরোধীদের উপর নতুন করে নিপীড়ন চালানোর ক্ষেত্র তৈরীর চেষ্টা করা হয়েছে। লক্ষ্য হচ্ছে সরকারের জুলুমের মসনদ আরো পোক্ত করা।

গণতন্ত্র মঞ্চ সরকারকে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি দীর্ঘসূত্রিতা এড়িয়ে দ্রুত সমাধানের উদ্যোগ নিতে আহবান জানায় এবং শিক্ষার্থীদের আহুত কর্মসূচিতে সংহতি জানাতে আগামীকাল সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে অভিভাবক সমাবেশের আহবান করছি।