কোটা সংস্কারের দাবিতে উত্তাল যশোর। বেলা ১১ টা থেকে আন্দোলনকারী হাজার হাজার ছাত্রছাত্রী মিছিল নিয়ে শহরের চাঁচড়া মোড়ে অবস্ধান নিয়ে বিক্ষোভ প্রদর্শন শুরু করে। এর ফলে যশোর – খুলনা, যশোর – সাতক্ষীরা, যশোর – ঝিনাইদহ, যশোর – বেনাপোল, যশোর – ঢাকা ভায়া নড়াইল, যশোর – মাগুরাসহ দেশের দক্ষিনাঞ্চলের সব রুটে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এসময় পুলিশ ছাত্র – ছাত্রীদের নিরাপত্তায় বিশেষ সতর্কতা অবস্থান গ্রহণ করে।
কোটা সংস্কারের দাবিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর সরকারী এমএম কলেজ, সিটি কলেজ, মহিলা কলেজ, রাজ্জাক কলেজ, দাউদ পাবলিক কলেজ, শাহীন কলেজ, পলিটেকনিক কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থী ব্যানার, ফেস্টুন নিয়ে মিছিল করে শহরের বিভিন্ন এলাকা ঘুরে শহরের চাঁচড়া মোড়ের গোল চত্বরে অবস্থান নিয়ে শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তোলে।
এসময় শিক্ষার্থীরা যশোর শহরের ওপর দিয়ে চলাচলকারী ১০ টি রুট অবরোধ করে রাখে।
এর ফলে যশোরের সাথে ঢাকা, খুলনাসহ দেশের ১৭ টি রুটে যানচলাচল বন্ধ হয়ে যায়। বিভিন্ন রাস্তায় সৃষ্টি হয় ভয়াবহ যানজট। কোলকাতা রুটে চলাচলকারী সৌহার্দ পরিবহনের দুটি বাস আটকে দেয়। পরে বাসে থাকা কয়েকজন রোগীকে আন্দোলনকারীরা এ্যাম্বুলেন্স করে বেনাপোল রুটে পৌছে দেয়।