কোটা সংস্কার আন্দোলনকারীদের পূর্বঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে পুরো ঢাকা শহরে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। সারা শহরের বিভিন্ন জায়গায় পুলিশের সাথে শিক্ষার্থীদের দফায়-দফায় সংঘর্ষ হচ্ছে। যাত্রাবাড়ী, মিরপুর ১০, বাড্ডা এবং আইডিয়াল কলেজের সামনে পুলিশের সাথে শিক্ষার্থীদের দফায়-দফায় সংঘর্ষ হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত শনির আখড়া, কাজলা ও যাত্রাবাড়ী এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষ চলছে। এর আগে বেলা ১১টার দিকে শনির আখড়া এলাকার দিক থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা মিছিল নিয়ে যাত্রাবাড়ীর দিকে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তাদের আটকাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়েন। এরপর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের কারণে মেয়র হানিফ ফ্লাইওভারের ওপরে অনেক যানবাহন আটকে যায়। ভোগান্তিতে পড়েন হাজার হাজার মানুষ।
এদিকে, আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে রণক্ষেত্রে রূপ নেয় মিরপুর-১০ গোলচত্বর। ‘কোটাবিরোধী আন্দোলনের ওপর ভর করে স্বাধীনতা বিরোধীদের নৈরাজ্য সৃষ্টির’ প্রতিবাদে আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছিল। এ সময় আন্দোলনকারীদের ধাওয়ায় তা পুরোপুরি পণ্ড হয়ে গেছে।
দুপুর সোয়া ১২টার পরে আন্দোলনকারীরা ধাওয়া দিয়ে পুলিশকে মিরপুর থানার দিকে নিয়ে যায়। পরে আবার পুলিশ ধাওয়া দিয়ে আন্দোলনকারীদের মিরপুর-১০ নম্বরের দিকে নিয়ে আসে। এসময় পুলিশ বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছোড়ে। জবাবে আন্দোলনকারীদেরও ইট-পাটকেল ছুড়তে দেখা যায়। সংঘর্ষের ফলে বন্ধ রয়েছে ওই এলাকার আশপাশের সব দোকানপাট এবং গাড়ি চলাচল। অন্তত পাঁচটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।
রাজধানীর আইডিয়াল কলেজের ফটকের সামনে আন্দোলনকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষ চলছে। দুপুর ১২টার দিকে এই সংঘর্ষ শুরু হয়। ঘটনাস্থলে পুলিশের বিপুলসংখ্যক সদস্যের উপস্থিতি রয়েছে। আনা হয় সাঁজোয়া যান।
অন্যদিকে, রাজধানীর মেরুল বাড্ডায় সকাল সাড়ে ১০টার পরে রাস্তায় অবস্থান নেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরপর বেলা পৌনে ১১টার দিকে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা শুরু হয়। এ সময় পুলিশ টিয়ারগ্যাস ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে। তবে এতে আন্দোলনকারীরা পিছু হটলেও পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন। এ ছাড়া রাজধানীর প্রগতি সরণির বসুন্ধরা গেটের সামনে থেকে নতুন বাজার পর্যন্ত কোটাবিরোধী আন্দোলন করছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
নর্থ সাউথসহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওই রাস্তা অবরোধ করে । ওই সড়কে সব যানবাহনের চলাচল বন্ধ রয়। শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে রাস্তায় অনেক যানবাহন আটকে যায়। ।
রাজধানীর যাত্রাবাড়ীতে হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় ফের আগুন দিয়েছেন আন্দোলনকারীরা। বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে সেখানে আগুন দেন তারা। এ সময় বিক্ষোভকারীদের তোপের মুখে পিছু হটে পুলিশ। এর আগে বুধবার রাতেও টোল প্লাজায় আগুন দেন আন্দোলনকারীরা।
এদিন বেলা সাড়ে ১১টার দিকে কাজলা এলাকায় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে কাজলাসহ টোল প্লাজা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সরেজমিনে দেখা যায়, শত শত আন্দোলনকারী পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন। এ সময় পুলিশ আন্দোলনকারীদের লক্ষ্য করে মুহুর্মুহু টিয়ারশেল নিক্ষেপ করতে থাকে।পুলিশের গুলির বিনিময়ে আন্দোলনকারীরা পুলিশের দিকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করছেন। তাদের হাতে লাঠিসোঁটাও দেখা গেছে।
এ সময় আন্দোলনকারীরা ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেবো না’; ‘কোটা না মেধা, মেধা মেধা’; ‘চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’- এমন নানান ধরনের স্লোগান দিতে থাকেন। সংঘর্ষ চলাকালে আন্দোলনকারীরা একজনকে ব্যাপক মারধর ধরেন। তবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া ১০৩ নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কার্যালয় ভাঙচুর করেন বিক্ষোভকারীরা।
এর আগে এদিন সকাল থেকে যাত্রাবাড়ীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। সকাল থেকেই সেখানে অবস্থান নেন বিক্ষোভকারীরা। আন্দোলনকারীদের অবস্থানের কারণে কোনো যানবাহন ঢাকা থেকে বের হতে পারছে না। আবার কোনো যানবাহন ঢুকতেও পারছে না।
রাজধানীর উত্তরায় পুলিশ ও র্যাবের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, দুজনই আন্দোলনকারী। আহত হয়েছেন কয়েক শ আন্দোলনকারী।
রাজধানীর মিরপুর ১০ নম্বরে আজ বৃহস্পতিবার বেলা দুইটার কিছু পরে একটি পুলিশ বক্সে আগুন দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা লিমা খানম বিষয়টি জানিয়েছেন।
এর আগে মিরপুর ১০ নম্বরে সিটি করপোরেশনের কার্যালয়ের পাশে নির্মাণাধীন একটি ভবনে দুজন পুলিশকে মারধর করা হয়েছে।
গোলচত্বর ও আশপাশের এলাকায় সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে সকাল থেকেই দফায় দফায় পুলিশের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া চলে।