• ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

কোটা বিরোধী আন্দোলনে বৃহস্পতিবারের সহিংসতায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ : ফরাসি বার্তা সংস্থা এএফপি

usbnews
প্রকাশিত জুলাই ১৯, ২০২৪
কোটা বিরোধী আন্দোলনে  বৃহস্পতিবারের সহিংসতায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ : ফরাসি বার্তা সংস্থা এএফপি
নিউজটি শেয়ার করুনঃ

ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় বাংলাদেশের কোন সংবাদ পত্র খবর প্রকাশ করতে পারছে না বলে জানা গেছে।অনালাইনে ঘেটে দেখা যায় ১৮ জুলাই ২০২৪, বৃহস্পতিবার এর পর বাংলাদেশের কোন সংবাদ পত্র খবর প্রকাশ করে নাই।

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে যে বৃহস্পতিবারের সহিংসতায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২।

রয়টার্স জানিয়েছে , শুক্রবার দেশের কিছু অংশে নতুন সহিংসতা হয়েছে এবং পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ব্যবহার করছে, রয়টার্সের একজন ফটোগ্রাফার বলেছেন।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স আরো জানিয়েছে , শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে বাংলাদেশ টিভির সংবাদ বন্ধ, যোগাযোগ ব্যাপকভাবে ব্যাহত হয়েছে , ইন্টারনেট জনিত কারণে প্রিন্ট মিডিয়া খবর প্রকাশ করতে পারছে না।

ভারতের গণমাধ্যম বতর্মান পত্রিকা লিখেছে ,

ঢাকা: হরতাল। বিক্ষোভ। সংঘর্ষ। মৃত্যুমিছিল। কোটা বিরোধী আন্দোলনে বৃহস্পতিবারও অগ্নিগর্ভ বাংলাদেশ। মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য ৩০ শতাংশ সংরক্ষণ রাখা যাবে না—এই দাবিতে শুরু হওয়া বিক্ষোভের বারুদে বিস্ফোরণ ঘটেছে। বিক্ষোভকারীদের সঙ্গে ছাত্রলিগ-যুবলিগের সংঘর্ষ চলছিলই। পরিস্থিতি সামাল দিতে বুধবার রাতে নামানো হয়েছে সেনা। প্রথমে ঢাকা, আর তারপর দেশের প্রায় সব বড় শহর। রাজধানীর রাজপথের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে সাঁজোয়া গাড়ি। তবুও পরিস্থিতি শুধরানোর লক্ষণ দেখা যাচ্ছে না। দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে সড়কপথে কার্যত বিচ্ছিন্ন ঢাকা। আজ দেশজুড়ে হরতাল (কমপ্লিট শাটডাউন) ডেকেছিলেন বিক্ষোভকারীরা। আক্ষরিক অর্থেই তা সফল। এর মধ্যেই ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে নিরাপত্তা বাহিনীর ও আওয়ামি লিগ কর্মীদের সঙ্গে তুমুল সংঘর্ষ হয়েছে বিক্ষোভকারীদের। রাত পর্যন্ত নিহত ৩২। এর মধ্যে ঢাকাতেই মৃত্যু হয়েছে ১১ জনের। ঢাকার উত্তরা এলাকাতেই ঝরেছে সাতটি প্রাণ। ঢাকার যাত্রীবাড়ি এলাকায় মৃত্যু হয়েছে এক সাংবাদিকেরও। এছাড়া ধানমণ্ডি, রামপুরা, সাভার ও মাদারিপুর থেকে মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। নরসিংদী সদর উপজেলায় পুলিসের গুলিতে প্রাণ হারিয়েছে বছর পনেরোর এক স্কুলছাত্র। আর সংখ্যাটা লাফিয়ে বাড়ছে। জখম আরও কমপক্ষে ৮০০ জন। উদ্ভূত পরিস্থিতিতে ২৫ জুলাই পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। আগুন জ্বলার পর বন্ধ করে দেওয়া হয়েছে রাজধানীর মেট্রো পরিষেবাও। এরইমধ্যে পরিস্থিতি বিবেচনা করে সেদেশে বসবাসরত ভারতীয়দের উদ্দেশে সতর্কবার্তা জারি করা হয়েছে। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনের তরফে অনুরোধ করা হয়েছে, বিশেষ প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বেরবেন না। ঘোষণা করা হয়েছে হেল্প লাইন নম্বরও।
এদিন সকালে উত্তরা এলাকায় আন্দোলনকারী পড়ুয়াদের সঙ্গে পুলিস ও র‍্যাবের সংঘর্ষ হয়েছে। এছাড়া রাজধানীর মেরুল বাড্ডা, রামপুরা ও মালিবাগ এলাকায়ও ছড়িয়ে পড়ে হিংসা। রামপুরায় বিটিভি ভবনে হামলা চালিয়ে ভাঙচুর ও রিসেপশনে আগুন লাগিয়ে দেয় আন্দোলনকারীরা। হিংসার খবর মিলেছে নওগাঁও, পাবনা, নেত্রকোণা, নারায়ণগঞ্জ সহ আরও বিভিন্ন এলাকা থেকেও। পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে যাচ্ছে যে, ঘরোয়া রাজনীতিতে প্রবল চাপের মুখে সুর নরম করেছেন শেখ হাসিনা। আন্দোলন প্রশমনে বিক্ষোভকারীদের কাছে আলোচনায় বসার প্রস্তাব দেওয়া হয়েছে সরকারের তরফে। আইনমন্ত্রী আনিসুল হক ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে আলোচনার দায়িত্ব দিয়েছেন হাসিনা। বিক্ষোভকারীরা যখন চাইবেন, তখনই সরকার আলোচনায় বসবে বলে জানিয়েছেন তিনি।
যদিও সরকারের দেওয়া আলোচনা প্রস্তাব আপাতত খারিজ করে দিয়েছেন আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের অন্যতম শীর্ষ নেতা হাসনাত আব্দুল্লাহ সাফ জানিয়েছেন, হিংসা ও আলোচনা একসঙ্গে চলতে পারে না। উল্টে কিছু শর্ত চাপানোর পক্ষে তিনি। বলেছেন, ‘আমরা কিছু দাবি জানাব। তার পূরণ সাপেক্ষে আলোচনা হতে পারে।’

ভারতের গণমাধ্যম আনন্দবাজার লিখেছে ,

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়কারী আব্দুল্লাহ সালেহিন অয়ন আলোচনার প্রস্তাব খারিজ করে লিখেছেন— ‘‘রক্তের সঙ্গে বেইমানি করে কখনও কাউকে আলোচনায় বসতে দেব না।’’

মঞ্চের অন্যতম সমন্বয়কারী সারজিস আলম ফেসবুকে লিখেছেন, ‘‘এক দিকে গুলি আর লাশ, অন্য দিকে সংলাপ! আমার ভাইয়ের রক্তের উপর দিয়ে কী ভাবে সংলাপ হতে পারে?’’ আর এক সমন্বয়কারী হাসনাত আবদুল্লা ফেসবুকে লিখেছেন, ‘‘রক্ত মাড়িয়ে সংলাপ নয়।’’ মঞ্চের অন্যতম নেতা আসিফ মাহমুদের মন্তব্য, ‘‘গুলির মুখে কোনও সংলাপ হয় না। এই রক্তের সঙ্গে বেইমানি করার চেয়ে মৃত্যু শ্রেয়।’’

এক ধাপ এগিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়কারী আব্দুল্লাহ সালেহিন অয়নের হুঁশিয়ারি—‘‘রক্তের সঙ্গে বেইমানি করে কখনও কাউকে আলোচনায় বসতে দেব না।’’ প্রসঙ্গত, হাসিনা সরকারের আইনমন্ত্রী আনিসুল হক বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক বৈঠকে সংরক্ষণ বিরোধী আন্দোলনকারীদের আলোচনায় বসার আমন্ত্রণ জানিয়েছিলেন। তিনি দাবি করেন, নীতিগত বিষয়ে আন্দোলনকারীদের দাবির প্রতি সমর্থন রয়েছে সরকারের।

এরই মধ্যে বৃহস্পতিবারের ‘সর্বাত্মক অবরোধ’ (কমপ্লিট শাটডাউন) কর্মসূচির মধ্যে হিংসায় মৃত্যুর সংখ্যা নিয়ে ধন্দ দেখা দিয়েছে। সংবাদ সংস্থা রয়টার্সের দাবি বৃহস্পতিবার ১৩ জনের মৃত্যু হয়েছ। মঙ্গলবারের ছ’জনের মৃত্যুর সংখ্যা যোগ করলে মোট নিহতের সংখ্যা হচ্ছে ১৯। পিটিআই বৃহস্পতিবার ১৮ জনের মৃত্যুর খবর জানিয়েছে। তাদের হিসাবে মোট মৃতের সংখ্যা ২৫। অন্য দিকে, এএফপি জানাচ্ছে, বাংলাদেশে সংরক্ষণ-হিংসার বলি ৩২। বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলোর হিসাব বলছে, হিংসায় সারা দেশে ১৯ জন নিহতের খবর মিলেছে।

 

সংরক্ষণ বিরোধী ছাত্র-যুবদের ‘সর্বাত্মক অবরোধ’ (কমপ্লিট শাটডাউন) কর্মসূচির মধ্যেই বৃহস্পতিবার রাত থেকে বাংলাদেশে কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে মোবাইল ইন্টারনেট পরিষেবা। রাজধানী ঢাকা-সহ সে দেশের বিভিন্ন শহরে এই সমস্যা দেখা দিয়েছে বলে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে।