আজ রাজধানীর মোহাম্মদপুর, বাড্ডা, রামপুরা, যাত্রাবাড়ীতে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় আন্দোলনকারীদের।রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় সকাল থেকে আন্দোলনকারী ও পুলিশের সঙ্গে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া চলছে। সকাল আটটা থেকে আন্দোলনকারীরা সেখানে জড়ো হতে থাকেন। এ সময় পুলিশ কয়েক দফায় রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছোড়ে। এখানে বেশ কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া যাত্রাবাড়ী, মালিবাগসহ বিভিন্ন এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
রাজধানীর উত্তরা, মোহাম্মদপুর, বাড্ডাসহ বিভিন্ন এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
রাজধানীর বাড্ডাসংলগ্ন গুদারাঘাট থেকে গুলশান এক নম্বরের দিকে যেতে সড়কে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। রাজধানীর উত্তরায় বেলা সোয়া ১১টার দিকে আন্দোলনকারীরা উত্তরা পূর্ব থানা ঘিরে অবস্থান নিলে পুলিশ সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাসের (টিয়ার) শেল ও রাবার বুলেট ছোড়া শুরু করে। দুপুর ১২টার দিকে দেখা যায়, আন্দোলনকারীরা উত্তরা রাজলক্ষ্মী সেন্টার ও বিএনএস টাওয়ারের সামনের সড়ক অবরোধ করে অবস্থান নিয়ে আছেন।
আজ শুক্রবারও সারা দেশে কমপ্লিট শাটডাউন (সর্বাত্মক অবরোধ) কর্মসূচি চলবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ।
আজ শুক্রবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় সড়কে নামেন আন্দোলনকারীরা। অন্যদিকে পুলিশ, র্যাব, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য শহরের বিভিন্ন স্থানে অবস্থান নেন। পাশাপাশি ক্ষমতাসীন দলের অনেক নেতা-কর্মীও রাজধানীর বিভিন্ন এলাকায় লাঠিসোঁটা ও দেশি অস্ত্র নিয়ে অবস্থান নেন।
আজ সকালে রামপুরা ব্রিজ থেকে শুরু করে মেরুল বাড্ডা এলাকায় ব্র্যাক বিশ্ববিদ্যালয় পর্যন্ত সড়কে আন্দোলনকারীরা অবস্থান নেন। অন্যদিকে রামপুরা ব্রিজসহ আশপাশের বিভিন্ন স্থানে অবস্থান নেয় বিপুলসংখ্যক পুলিশ ও বিজিবি সদস্য।
সকাল ১০টার আগে থেকে এই সড়কে আন্দোলনকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
আন্দোলনকারীরা ইটপাটকেল ও লাঠিসোঁটা নিয়ে সড়কের বিভিন্ন জায়গায় অবস্থান নেন। তাঁদের ছত্রভঙ্গ করতে ছররা গুলি ছোড়ে পুলিশ। আন্দোলনকারীরা ইটপাটকেল ছোড়েন।
রামপুরা ব্রিজ থেকে মেরুল বাড্ডা পর্যন্ত সড়ক বিভাজকের রেলিং ভেঙে তা রাস্তায় ফেলে অবরুদ্ধ করে রাখা হয়। কোনো কোনো জায়গায় স মিল থেকে কাঠ এনে সড়কে ফেলে তা বন্ধ করে রাখা হয়। পুরো এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। তবে রোগীসহ অ্যাম্বুলেন্স ছেড়ে দেওয়া হচ্ছে।
সকাল ১০টার দিকে রামপুরা ব্রিজ এলাকায় পুলিশকে লক্ষ্য করে ‘ভুয়া, ভুয়া’ বলে চিৎকার করতে থাকেন আন্দোলনকারীরা। এ সময় তাঁদের ছত্রভঙ্গ করতে পুলিশ ছররা গুলি ছোড়ে। আহত এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যেতে দেখা গেছে।
রাজধানীর বাড্ডাসংলগ্ন গুদারাঘাট থেকে গুলশান ১ নম্বরের দিকে যেতে সড়কে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। দুপুর ১২টার দিকে এই এলাকাটিতে এমন অবস্থা দেখা যায়।
রাজধানীর উত্তরায় বেলা সোয়া ১১টার দিকে আন্দোলনকারীরা উত্তরা পূর্ব থানা ঘিরে অবস্থান নেন। পুলিশ সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়া শুরু করে।
দুপুর ১২টার দিকে দেখা যায়, আন্দোলনকারীরা উত্তরা রাজলক্ষ্মী সেন্টার ও বিএনএস টাওয়ারের সামনের সড়ক অবরোধ করে অবস্থান নিয়ে আছেন।
রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় সকাল থেকে আন্দোলনকারী ও পুলিশের সঙ্গে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা চলছে। সকাল আটটা থেকে আন্দোলনকারীরা সেখানে জড়ো হতে থাকেন। এ সময় পুলিশ কয়েক দফায় রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছোড়ে। এখানে বেশ কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। দুপুর সোয়া ১২টার দিকে দেখা যায়, পুলিশ আন্দোলনকারীদের সরিয়ে দিতে অভিযান চালাচ্ছে।
এ ছাড়া যাত্রাবাড়ী, শনির আখড়া, মালিবাগসহ রাজধানীর বিভিন্ন এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে দফায় দফায় পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষের ঘটনা ঘটেছে
আজ শুক্রবার বেলা পৌনে একটার দিকে থানা ঘেরাও করেন তাঁরা। এ সময় থানার ভেতর থেকে পুলিশ সদস্যরা ছররা গুলি ছুড়তে থাকেন
আজ শুক্রবার বেলা পৌনে একটার দিকে ভৈরবে থানা ঘেরাও করেন তাঁরা। এ সময় থানার ভেতর থেকে পুলিশ সদস্যরা ছররা গুলি ছুড়তে থাকেন। এ সময় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। তাঁরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এদিকে আজ বেলা একটার দিকে ভৈরব স্টেশনে থেমে থাকা কক্সবাজার এক্সপ্রেস টেনে ভাঙচুর চালান আন্দোলনকারীরা।
জানা যায়, তাঁরা আজ বেলা ১১টা ৪০ মিনিটে ভৈরব বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নেন। এ সময় ভৈরব উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুরের নেতৃত্বে দলটির একটি অংশ আন্দোলনকারীদের মহাসড়ক থেকে সরে যাওয়ার আহ্বান জানান। কিন্তু আন্দোলনকারীরা সেখানে থেকে সরেননি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। এ সময় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ইটপাটকেল ছোড়াছুড়ি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করেন আন্দোলনকারীরা। একপর্যায়ে আন্দোলনকারীরা বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ বক্সে আগুন দেন। পরে তাঁরা ভৈরব থানা ঘেরাও করেন। বেলা একটায় শেষ খবর পাওয়া পর্যন্ত থানা ঘেরাও অবস্থায় ছিল। পুলিশ থানার ভেতর থেকে একের পর এক গুলি ছুড়ছিল।
পাসপোর্ট অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে। আজ শুক্রবার সকাল সাড়ে নয়টা পর্যন্ত সেখানে আগুন জ্বলতে দেখা গেছে।গতকাল রাতেই পাসপোর্ট অফিসের পাশে জেলার পিবিআই অফিসে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ সময় সেখানে বাস, প্রাইভেট কার, পিকআপ, মোটরসাইকেলসহ ১২টি যানবাহনে আগুন দেওয়া হয়। পরে আগুন নেভাতে এলে ফায়ার সার্ভিসের একটি গাড়িও জ্বালিয়ে দেওয়া হয়।