কোটা সংস্কারের দাবিতে ‘কমপ্লিট শাটডাউন’–এর (সর্বাত্মক অবরোধ) কারণে বৃহস্পতিবার রাজধানী ঢাকার সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন ছিল। ঢাকা থেকে বের হওয়ার প্রায় সব কটি মূল সড়কের বিভিন্ন স্থানে দুপুরের মধ্যে অবস্থান নেন আন্দোলনকারীরা। এসব স্থানে দফায় দফায় চলে সংঘর্ষ। ঢাকার বাইরে বিভিন্ন জেলাতেও মহাসড়ক ও সেতুর টোলপ্লাজা অবরোধ করা হয়।
সড়কপথের পাশাপাশি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে রেলপথও অবরোধ করা হয়।ঢাকায় মেট্রোরেলের চলাচল গতকাল বিকেল সাড়ে পাঁচটার পর বন্ধ হয়ে যায়। কোটা সংস্কার আন্দোলনের কারণে সৃষ্ট পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়।