দক্ষিণ কোরীয় সামরিক বাহিনী জানিয়েছে যে জাপান, যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার যুদ্ধবিমান একটি মহড়ায় অংশ নিয়েছে। কোরীয় উপদ্বীপের আকাশে অনুষ্ঠিত এই মহড়ায় কয়েকটি মার্কিন বি-১ বোমারু বিমানও পাঠানো হয়েছিল।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ বুধবার জানিয়েছেন এই যৌথ মহড়া অনুষ্ঠিত হয়েছে দক্ষিণের দ্বীপ জেজু’এর পূর্ব দিকের আকাশে, যেখানে জাপান এবং দক্ষিণ কোরিয়ার বিমান প্রতিরক্ষা সনাক্তকরণ অঞ্চল মিলিত হয়।
অক্টোবরে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনীর সাথে প্রথম ত্রিপক্ষীয় মহড়া চালানোর পর জাপানের আকাশ আত্মরক্ষা বাহিনী এই নিয়ে দ্বিতীয়বারের মতো এ জাতীয় যৌথ মহড়া চালালো।
উল্লেখ্য, মার্কিন বি-১ বোমারু বিমান সম্পর্কে উত্তর কোরিয়া কঠোরভাবে সতর্ক। দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমের ভাষ্যানুযায়ী, বিপুল পরিমাণ যুদ্ধাস্ত্র বোঝাই করা এই বিমানগুলো গুয়াম থেকে দুই ঘণ্টার মধ্যে কোরীয় উপদ্বীপে পৌঁছানোর ক্ষমতা রাখে।
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, কঠিন-জ্বালানি চালিত একটি আইসিবিএম নিক্ষেপ সহ উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র হুমকির বিরুদ্ধে তিন দেশের তীব্র প্রতিক্রিয়া প্রকাশের অভিপ্রায়ই ছিল সাম্প্রতিক এই মহড়ার লক্ষ্য।