• ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

বেড়েছে কারফিউর মেয়াদ, ইন্টারনেট বন্ধ রয়েছে, কবে ফিরবে, কেউ জানাতে পারছে না

usbnews
প্রকাশিত জুলাই ২৩, ২০২৪
বেড়েছে কারফিউর মেয়াদ, ইন্টারনেট বন্ধ রয়েছে, কবে ফিরবে, কেউ জানাতে পারছে না
নিউজটি শেয়ার করুনঃ

বাংলাদেশে তিনদিন ধরে চলছে কারফিউ, ইন্টারনেট, ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগ বন্ধ রয়েছে।  রোববার ও সোমবারের পর নির্বাহী আদেশে মঙ্গলবারও সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বেড়েছে কারফিউর মেয়াদ।

‘সহিংসতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে’ গ্রেফতার অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। রোববার ঢাকায় পাঁচশোর বেশি মানুষ গ্রেফতার, যাদের অনেকে বিএনপির নেতাকর্মী বলে জানা গেছে। টানা চারদিন ধরে বাংলাদেশে ইন্টারনেট বন্ধ রয়েছে, কবে ফিরবে, কেউ জানাতে পারছে না। যানবাহন থামিয়ে যাচাই করছে সেনা সদস্যরা

বাংলাদেশের অন্যতম বিরোধী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কারফিউ জারির মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে সরকার জনগণকে চরম বিপদ ও দুর্ভোগের মধ্যে নিক্ষেপ করেছে।

সোমবার এক বিবৃতিতে তিনি আরও বলেছেন যে, কোটা বিরোধী আন্দোলনে বিএনপি নেতাকর্মীদের কোন ধরনের সংশ্লিষ্টতা না থাকলেও কাল্পনিক অভিযোগে তাদের হয়রানি করা হচ্ছে।

“শুধু তাই নয়, রিমান্ডে নিয়ে বিএনপি নেতাকর্মীদের চরম ও কঠোর নির্যাতন করা হচ্ছে। সার্বিক অর্থে দেশে ভীতিকর অবস্থা বিরাজ করছে”।

কোটা আন্দোলনে সহিংসতা শুরু হওয়ার পর দলটির কেন্দ্রীয় নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী, রুহুল কবির রিজভীসহ কয়েকশো নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,‘’কোটা সংস্কারের যৌক্তিক দাবিতে আন্দোলনরত কোমলমতি শিক্ষার্থীদের ওপর দলীয় সন্ত্রাস ও আইনশৃঙ্খলা বাহিনী লেলিয়ে দিয়ে ছাত্রছাত্রীদের নৃশংস হত্যার পাশাপাশি সরকার দেশ চালাতে ব্যর্থ হয়ে ফ্যাসিবাদী পথ অবলম্বন করে দেশকে ভয়াবহ অরাজকতার দিকে ঠেলে দিয়েছে।‘’

বিবৃতিতে তিনি বলেন,‘’সরকার মনে করছে এভাবে জনগণ ও বিএনপিসহ বিরোধী মতের মানুষদের ওপর কঠোরতা বজায় রাখলে তাদের অবৈধ ক্ষমতার বিরুদ্ধে কেউ টু শব্দ করার সাহস পাবে না।‘’

“কিন্তু সরকারকে মনে রাখতে হবে যে অন্যায় অবিচার চালিয়ে জনগণের শক্তির কাছে কোন স্বৈরাচার টিকে থাকতে পারেনি। বর্তমান সরকারও টিকে থাকতে পারবে না। সংঘাত, গ্রেফতার ও নির্যাতনের পথ পরিহার করে জনগণের দাবি মেনে নেয়াই উৎকৃষ্ট পন্থা,” বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।

 বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে মঙ্গলবার প্রকাশিত খবরে বলা হয়েছে, সব গ্রেডের ক্ষেত্রেই সরকারি চাকরিতে মেধার ভিত্তিতে ৯৩ শতাংশ নিয়োগের বিষয়টি প্রজ্ঞাপনে রাখা হবে। আপিল বিভাগের রায় অনুযায়ী, শুধুমাত্র সাত শতাংশ কোটায় নিয়োগ করা হবে। এর আগে, রোববার রায়ের দিন আইনজীবীরা বলেছিলেন, ২০১৮ সালের প্রজ্ঞাপন অনুযায়ী নবম থেকে ১৩ তম গ্রেডের ক্ষেত্রে এ রায় কার্যকর হবে।

প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে ছাত্র বিক্ষোভ শুরু হলে এর এক পর্যায়ে ১৬ই জুলাই সারাদেশে ব্যাপক সহিংসতা শুরু হয়, যা ১৮ ও ১৯শে জুলাই ভয়ানক আকার ধারণ করে।