• ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

রেলে নাশকতার অভিযোগে আটক ৯

Usbnews.
প্রকাশিত ডিসেম্বর ২২, ২০২৩
রেলে নাশকতার অভিযোগে আটক ৯
নিউজটি শেয়ার করুনঃ

রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১) যৌথ অভিযানে নাশকতার অভিযোগে নয়জনকে আটক করা হয়েছে। তবে রেলের ঠিক কোন কোন ঘটনায় তারা জড়িত তা জানানো হয়নি।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রাত পৌনে ১২টায় বিমানবন্দর রেলস্টেশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‍্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মোসতাক আহমদ এ কথা জানান।

তাৎক্ষণিকভাবে আটকদের নাম ও পরিচয় জানা যায়নি বলে জানান তিনি।

মোসতাক আহমদ বলেন, ‘সম্প্রতি নেত্রকোনা থেকে তেজগাঁও রেলস্টেশনে আগত একটি ট্রেনের বগিতে অগ্নিসংযোগে মা-শিশুসহ চারজন নিহত হন। তারই ধারাবাহিকতায় র‍্যাব ও গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের সহযোগিতায় সন্ধ্যা থেকে অভিযান চালিয়ে নয়জনকে আটক করা হয়েছে।’

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি, এরা কোনো কুচক্রী মহলের হয়ে স্বল্প টাকার বিনিময়ে অ্যাজেন্ডা বাস্তবায়ন করে থাকে। তারা বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ-ভাঙচুর করে থাকে। তাদের বিরুদ্ধে ইতোপূর্বেও বিভিন্ন ধরনের মামলা রয়েছে। তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করব। জিজ্ঞাসাবাদ শেষে তাদের কাছ থেকে তথ্য-উপাত্ত সংগ্রহ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

তিনি আরো বলেন, ‘রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও অন্যান্য গোয়েন্দা সংস্থার সমন্বয়ে আমরা রেলের নিরাপত্তা নিশ্চিত করে যাব। যতক্ষণ পর্যন্ত ট্রেনের যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের অভিযান চলবে।’