কোটা সংস্কার দাবির আন্দোলনকে ঘিরে সংঘাত–সংঘর্ষের ঘটনায় বন্ধ হয়ে যায় ইন্টারনেট সেবা। টানা ১২০ ঘন্টা বন্ধ থাকার পর অবশেষে পরীক্ষামূলকভাবে চালু হলো ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। গত ১৮ জুলাই রাত ৯টার পর ব্রডব্যান্ড বন্ধ হওয়ার পর আজ মঙ্গলবার (২৩ জুলাই)রাত ৮টার পর থেকে ধীরগতিতে কিছু কিছু স্থানে ব্রডব্যান্ড ইন্টারনেট সচল হচ্ছে। অবশেষে ইন্টারনেট সেবা চালু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে কিছু কিছু স্থানে সীমিত আকারে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করা যাচ্ছে। তবে ফেসবুক এবং ইউটিউবে প্রবেশ করা যাচ্ছে না। এমন কি ইমেইল ব্যবহারেও সমস্যা হচ্ছে।
এ অবস্থায় সরকারি-বেসরকারি অফিস আগামীকাল বুধবার থেকে চার ঘণ্টার জন্য খুলে দেওয়া হচ্ছে।
ইন্টারনেট না থাকায় সামাজিকমাধ্যমে ঢুকতে পারছে না মানুষ। ইন্টারনেটভিত্তিক ভয়েস ও ভিডিও কল সুবিধাও ব্যাআহত হচ্ছে। এছাড়া অনলাইনে লেনদেনসহ নিত্যদিনের বিভিন্ন কাজ বন্ধ রয়েছে।
কয়েক কোটি মানুষের জীবিকা নির্ভর করছে মোবাইলভিত্তিক অর্থনৈতিক সুবিধার (এমএফএস) ওপর। গেল কয়েকদিন ইন্টারনেট বন্ধ থাকায় তাদের হাত এখন কপর্দকশূন্য হয়ে পড়েছে।
প্রিপেইড গ্যাস ও বৈদ্যুতিক মিটারেও রিচার্জ করা সম্ভব হচ্ছে না। ঢাকা ও ঢাকার বাইরের শত শত গ্রাহক বিদ্যুৎহীন অন্ধকারে দিন কাটাচ্ছেন।
ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবি বলছে, সাবমেরিন ক্যাবল, আইটিসি থেকে আইআইজি হয়ে আইএসপিদের সরবরাহ করা দৈনিক ৩ হাজার জিবিপিএস ব্যান্ডউইথের পুরোটাই বন্ধ হয়ে যায়।
কারফিউ জারি হওয়ায় গত রোববার থেকে আজ মঙ্গলবার পর্যন্ত সাধারণ ছুটি দিয়েছিল সরকার। কিন্তু কারফিউ শিথিল হওয়ার পর সরকারি-বেসরকারি অফিসগুলোও খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে স্বাভাবিক সময়ের মতো অফিস চলবে না। জনপ্রশাসন মন্ত্রণালয় আজ প্রজ্ঞাপন জারি করে বলেছে, আগামীকাল ও পরদিন সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিসের জন্য বেলা ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত অফিস সময় নির্ধারণ করা হয়েছে।
সব ব্যাংকের কিছু শাখা বেলা ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত খোলা থাকবে ও সীমিত আকারে সেবা প্রদান করবে। এ সিদ্ধান্ত কেবল আগামীকাল বুধবার ও পরশু বৃহস্পতিবারের জন্য। ব্যাংকগুলো নিজেরা নির্ধারণ করবে কোন কোন শাখা খোলা রাখবে।
সুপ্রিম কোর্টের আইনজীবী ও ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের আইনের শিক্ষক ড. শাহদীন মালিক বলেছেন , বলব বলব করেও একটা বিষয় কোনো দিন বলিনি। আমাদের আইনে বিচার বিভাগীয় তদন্ত বলে কোনো কিছু নেই। যদিও জাতীয় গুরুত্বপূর্ণ ঘটনা ঘটলে, অন্যায়-অবিচার হলে বিভিন্ন মহল প্রায়ই বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানায়। কিন্তু আইনের দৃষ্টিতে আইনের মধ্যে বিচার বিভাগীয় তদন্ত বলে কিছু নেই। আমাদের বিচার বিভাগ বিচার করে। অর্থাৎ দুই পক্ষের মধ্যে কোনো বিরোধ হলে সেই বিরোধের আইনগত সমাধান দেয়।
তিনি আরো বলেন , সরকার যদি সমঝোতার পথে আসতে চায়, তাহলে প্রথমেই পুলিশের গুলিতে রংপুরের আবু সাঈদের মৃত্যু এবং আন্দোলনের একজন সমন্বয়কারী মো. নাহিদ ইসলামকে ধরে নিয়ে যে অত্যাচার করা হয়েছে, অবিলম্বে তার তদন্ত করে বিচার হতে হবে। কিন্তু তদন্ত করে বিচারের কথা বলার অসারতা হলো, গতকাল সোমবার সংবাদমাধ্যমে দেখেছি, গত কয়েক দিনে অজ্ঞাতনামা ৬১ হাজার মানুষকে আসামি করে দেশের বিভিন্ন স্থানে মামলা করা হয়েছে। এটাও সেই একই কর্তৃত্ববাদী সরকারের আচরণের বহিঃপ্রকাশ।