• ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার ও রিফাত রশীদকে ১৮ জুলাই থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না : সন্ধান দাবি করেন সংবাদ সম্মেলনে

usbnews
প্রকাশিত জুলাই ২৪, ২০২৪
আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার ও রিফাত রশীদকে ১৮ জুলাই থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না :   সন্ধান দাবি করেন সংবাদ সম্মেলনে
নিউজটি শেয়ার করুনঃ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার ও রিফাত রশীদকে ১৮ জুলাই থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। এর মধ্যে আসিফের বাবা মো. বিল্লাল হোসেন সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছিলেন। তিনি বলেন, ‘পত্রিকায় আসিফের গুমের খবর দেখে কুমিল্লার মুরাদনগর থেকে আজ (মঙ্গলবার) ঢাকায় এসে ঢাকা মেডিকেল কলেজের মর্গে তালাশ করেছি। তাকে পাই নাই। এখন আমার একটাই আবদার, আসিফের সন্ধান চাই।’

কোটা আন্দোলনকারীদের সংবাদ সম্মেলনে নিখোঁজ আসিফ মাহমুদের সন্ধান দাবি করেন তাঁর বাবা বিল্লাল হোসেন (বাঁয়ে)। তাঁর কথা শুনে কেঁদে ফেলেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। পাশে ছিলেন সমন্বয়ক নাহিদ ইসলাম ও সারজিস আলম। গতকাল বিকেলে ডিআরইউতে।

ছেলের সন্ধান চেয়ে যখন কথা বলছিলেন বিল্লাল হোসেন, তখন তাঁর পাশে বসা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ কেঁদে ফেলেন। পরে আরেক সমন্বয়ক সারজিস আলম বলেন, আসিফ মাহমুদের বাবা ছেলের খোঁজে বিভিন্ন হাসপাতালের মর্গে যাচ্ছেন। এর চেয়ে বেদনাদায়ক ও ন্যক্কারজনক আর কিছু হতে পারে না।

আসিফ, বাকের ও রিফাত তিনজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তাঁদের মধ্যে রিফাত আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে স্নাতক তৃতীয় বর্ষে পড়েন। এই বিভাগের সাবেক ও বর্তমান ২২ জন শিক্ষক রিফাত রশীদের নিখোঁজ হওয়ার ঘটনায় গতকাল উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছেন। শিক্ষকদের মধ্যে আছেন অধ্যাপক সি আর আবরার, আকমল হোসেন, রাশেদ উজ জামান, মোহাম্মদ তানজীমউদ্দিন খান, রোজানা রশীদ, আবদুল মান্নান প্রমুখ।

চলমান আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। কোটা সংষ্কার করে প্রজ্ঞাপন জারির পর আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তারা এই তথ্য জানিয়ে বলেন, সরকার প্রজ্ঞাপন জারির আগে যতো রক্ত মাড়িয়েছে, যতো লাশ পড়েছে এটা অনাকাঙ্খিত, এর জবাব দিতে হবে। প্রজ্ঞাপনের আগে শিক্ষার্থী এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গে নীতিনির্ধারনী সংলাপ প্রয়োজন ছিল। সংলাপ ছাড়া আমরা এই প্রজ্ঞাপনকে চূড়ান্ত সমাধান বলে ধরে নিচ্ছি না। তাই আমরা নীতি নির্ধারণী পর্যায়ে সংলাপ চাচ্ছি।  কোটা নিয়ে যাতে ভবিষ্যতে কোনো সমস্যা না হয় এজন্য একটি স্বাধীন কমিশন গঠনের দাবি জানাচ্ছি। তারা বলেন, এই প্রজ্ঞাপনের সঙ্গে কিন্তু আন্দোলন সম্পর্কিত নয়। আমরা আন্দোলন থেকে সরে যাচ্ছি না। আমাদের সঙ্গে যে জনগণ নেমেছে তাদের দাবিদাবা, তাদের যে হতাহত তার সুস্পষ্ট বিচার না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে।

বিকাল পাঁচটায় হওয়া এই সংবাদ সম্মেলনের সময় মিলনায়তনের বাইরে বিপুলসংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন কক্ষেও ছিলেন পোশাকধারী ও সাদা পোশাকের পুলিশ সদস্য।