
এর আগে আটকদের পরিবার থেকে জানানো হয় তাদের তুলে নেয়া হয়েছে।
সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নুসরাত তাবাসসুম ও বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাবকে ডিবি হেফাজতে নেয়া হয়েছে। রোববার রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি বলেন, ‘নিরাপত্তার স্বার্থে নুসরাত ও আসিফসহ পাঁচজনকে ডিবির হেফাজতে আনা হয়েছে।’
রাজধানীর মিন্টো রোডে ডিবি পুলিশ কার্যালয়ের সামনে অপেক্ষায় রয়েছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাবের বাবা-মা। ছেলের সঙ্গে অনেকবার যোগাযোগের চেষ্টা করেছেন, কিন্তু কোনো খবর পাচ্ছেন না তারা।
মিন্টো রোডে উৎকণ্ঠা নিয়ে দাঁড়িয়ে থাকা আসিফ মাহতাবের বাবা শাহাবুর রহমান সাংবাদিকদের বলেন, কী কারণে ছেলেকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে আসা হলো তা আমরা জানি না। আমরা ছেলের খোঁজ নিতে মিন্টো রোডে এসেছি। কিন্তু এখানে কেউ কথা বলছে না। ভেতর থেকে জানানো হচ্ছে, আমরা আনলে তো ফোন করে জানাতাম। এই অবস্থায় আমরা শঙ্কায় আছি। আমরা আসলে আসিফ মাহতাবের খোঁজ চাই। আসলে সে কি আছে? থাকলে কেমন আছে? জীবিত আছে? এসব বলেই কান্নায় ভেঙে পড়েন তিনি।
পাঠ্যবইয়ের শরীফ থেকে শরীফা গল্পের পাতা ছিঁড়ে আলোচিত-সমালোচিত হন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাব। গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে আসিফ মাহতাবকে উত্তরার ৯ নম্বর সেক্টরের ১০/এ সড়কের বাসা থেকে ডিবি পরিচয়ে আটক করে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেছে তার পরিবার। এরপর সকালেই তার বাবা-মা আসেন মিন্টো রোডে ডিবি অফিসে।
বাবা সাহাবুর রহমান বলেন, আমার ছেলে কয়েকদিন আগেও বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসছে। সে শুধু সাধারণ মানুষের কথা বলে, সাধারণ ছাত্রদের অধিকারের কথা বলে। আসিফ সবসময় বলতো পুলিশের প্রতি আমাদের আস্থা আছে। ছেলেকে আটকের বিষয়ে তিনি বলেন, আমার ছেলে ফেসবুকে লেখালেখি করতো। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে থাকাকালে তো অনেক ঘটনা ঘটেছে, সেটা তো আপনারা জানেন। এরপর সে আর বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছে না।
আটক কেন করা হলো— জানতে চাইলে তিনি বলেন, রাত ১টার দিকে হঠাৎ করে বাসায় নক করেছে। আমার ছেলেই দরজা খুলে দিয়েছে। বাসায় ঢুকে ছেলেকে বলে আমাদের সঙ্গে আপনাকে যেতে হবে। বলা হয়, কেউ নড়াচড়া করবেন না। সবার গায়েই পুলিশের পোশাক ছিল। কেন নিয়ে যাওয়া হচ্ছে জানতে চাইলে বলা হয়, ওকে (আসিফ) জিজ্ঞেস করেন। কোনো কারণ বলেনি। আনার পর কোনো সন্ধানও দিচ্ছে না। তুলে নিয়ে আসার পর ডিবি অফিস থেকে আমাদের কোনো কিছুই জানানো হয়নি।
মা সালমা জাহান বলেন, ভয়ে আছি। দেশের পরিস্থিতিতে বুঝতেছি অনেককেই তুলে আনা হচ্ছে। কিন্তু আমার ছেলে তো রাজনীতি করে না। তাকে তুলে আনার সুনির্দিষ্ট কারণ তো আমাদের জানাতে হবে। সেটা জানানো হয়নি। এখন ডিবি অফিস থেকে কোনো সাড়া পাচ্ছি না। ছেলেকে নিয়ে উৎকণ্ঠায় আছি। আটকের চার ঘণ্টা আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছিলেন আসিফ মাহতাব। সে কারণে তিনি আটক হতে পারেন বলে ধারণা বোন নাফিসার।
আলোচিত এ শিক্ষক কোটা সংস্কার আন্দোলনের সমর্থনেও মাঠে ছিলেন। সর্বশেষ ফেসবুক স্ট্যাটাসে আসিফ মাহতাব লেখেন, আপনারা জানেন অনেক মানুষকে কোনো ভ্যালিড কারণ ছাড়া গ্রেপ্তার করা হচ্ছে। আপনারা এটাও জানেন, আমি আপনাদের পাশে ১০০% ছিলাম, এখনো আছি। এই অপরাধের কারণে আমাকে যদি গ্রেপ্তার করা হয় কিংবা গুম করা হয়, তাহলে আপনারা কি করবেন?
তিনি আরও লেখেন, না আমি ভয় পাচ্ছি না। যারা নিরাশ্রয় মানুষকে গুলি করে হত্যা করতে পারে, ওই কাপুরুষদেরকে ভয় পাব কেন? আমি মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত। সবারই মরতে হবে, এইটাই সত্য। কিন্তু আমি জনগণের মাইন্ডসেট বুঝতে চাই। এই উম্মাহ কি এক? নাকি এই উম্মাহ স্বার্থপর, বিভক্ত?

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী ও বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার অন্যতম সমন্বয়ক আরিফ সোহেলকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (২৭ জুলাই) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে তার ভাড়া বাসা থেকে তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আরিফের ছোটবোন উম্মে খায়ের ঈদি।
আরিফ সোহেল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের (৪৭তম ব্যাচ) শিক্ষার্থী। তিনি পরিবারের সাথে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী আমবাগান এলাকায় ভাড়া থাকতেন।
উম্মে খায়ের ঈদি বলেন, ‘ভোর রাতে সিভিল পোশাকে ৮ থেকে ১০ জন মানুষ আমাদের বাসার নিচে এসে ডাকাডাকি শুরু করে। তখন আমার বাবা তাদের পরিচয় জানতে চান। পরে তারা পরিচয়পত্র দেখিয়ে ডিবি পরিচয় দেন। এরপর আমরা দরজা খুলতে না চাইলে তারা দরজা ভেঙে ফেলার হুমকি দিতে থাকেন। পরে দরজা খুলে দিলে তারা ভেতরে এসে সবার ফোন নিয়ে নেন।’
তিনি আরও বলেন, ‘তারা আরিফ ভাইয়ের কম্পিউটার চালু করে কিছু ছবি নেন। পরে আশুলিয়া থানায় নিয়ে যাওয়ার কথা বলে আরিফ ভাই ও আমার বড়ভাইকে একটা গাড়িতে তুলে নিয়ে যান। তবে আমার বড়ভাইয়ের সাথে কথা বলে তাকে সাভারের গেন্ডা এলাকায় ছেড়ে দেন।’
এদিকে রাতে তুলে নেওয়ার পর থেকে এখনও আরিফ সোহেলের কোনো খোঁজ পাওয়া যায়নি। এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন,
‘আমরা জাবি শিক্ষার্থীকে তুলে নেওয়ার বিষয়ে কিছুই জানি না। তবে আশুলিয়া থানায় এমন কাউকে নিয়ে আসা হয়নি।’

কোটা সংস্কার আন্দোলনের প্লাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের সমন্বয়ক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নুসরাত তাবাসসুমকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
রোববার ভোর পাঁচটায় মিরপুরের একটি বাসা থেকে তাকে তুলে নেওয়া হয় বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুল হান্নান মাসউদ। এছাড়া আরেক সহ-সমন্বয়ক রশিদুল ইসলাম রিফাতও ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি জানিয়েছেন।
আব্দুল হান্নান মাসউদ বলেন, ‘নুসরাত তাবাসসুম আপুকে আজ (রোববার) ভোরে সাদা পোশাকধারী আইন-শৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গিয়েছে। অবিলম্বে তাদের সন্ধান ও মুক্তি চাই। এ নৈরাজ্য আর মেনে নেওয়া যায় না, দলমত নির্বিশেষে সকলের ঐক্যবদ্ধ প্রতিবাদ এখন সময়ের দাবি।’
এদিকে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে এয়ারপোর্ট থানার মামলায় কারান্তরীণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্র শামসুজ্জামান অমির মুক্তি চেয়ে বিবৃতি দিয়েছে ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীরা।
গত ২৭ জুলাই দেওয়া এই বিবৃতিতে বলা হয়, ‘শামসুজ্জামান অমি কোটা সংস্কার আন্দোলনে শান্তিপূর্ণভাবে অংশ নিয়েছে। সে কোনোরূপ ভাঙচুর বা অরাজকতার সঙ্গে জড়িত নয়। কোনো ধরনের ছাত্ররাজনীতির সঙ্গেও যুক্ত ছিল না। আমরা অমির নিঃশর্ত মুক্তি চাই, অনতিবিলম্বে অমির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে ছেড়ে দিতে হবে।’