বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আজ শুক্রবার ‘প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল’ কর্মসূচি ঘোষণা করেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবদুল কাদের।
বিবৃতিতে বলা হয়, ‘গণহত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে এবং শিক্ষার্থীদের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে শুক্রবার মসজিদে জুমার নামাজ শেষে দোয়া, শহীদদের কবর জিয়ারত, মন্দির, গির্জাসহ সব উপাসনালয়ে প্রার্থনার আয়োজন এবং জুমার নামাজ শেষে ছাত্র-জনতার গণমিছিল অনুষ্ঠিত হবে।’
এর আগে গতকাল দেশজুড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে অনলাইন ও অফলাইনে ‘রিমেম্বারিং আওয়ার হিরোজ’ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় শিক্ষার্থীরা সড়কে নেমে আসেন, সড়ক-দেয়াল রাঙান লাল রঙে, বিক্ষোভ মিছিল করেন। তাঁদের সঙ্গে যোগ দিয়েছিলেন শিক্ষক, আইনজীবী, বিনোদন ও সাংস্কৃতিক জগতের মানুষেরাও। এ ছাড়া অনলাইনে হ্যাশট্যাগ দিয়ে ‘জুলাই ম্যাসাকার’ এবং ‘রিমেম্বারিং আওয়ার হিরোজ’ পোস্টের মাধ্যমে নির্যাতনের ভয়ংকর দিন-রাতগুলোর স্মৃতিচারণা, শহীদ ও আহতদের পরিবার ও সহপাঠীদের স্মৃতিচারণা করা হয়।
এর আগে গত বুধবার বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষ থেকে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করা হয়। এদিন রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় আদালত অভিমুখে পদযাত্রা করেন শিক্ষার্থীরা।
কোটা সংস্কার আন্দোলনের সময় সহিংসতায় ঠিক কত মানুষ মারা গেছে, কীভাবে মারা গেছে, কতজনকে গ্রেপ্তার করা হয়েছে, তা জানতে চেয়েছেন ঢাকায় নিযুক্ত পশ্চিমা দেশগুলোর রাষ্ট্রদূতেরা। আজ বৃহস্পতিবার ঢাকায় এক কূটনৈতিক ব্রিফিংয়ে তাঁরা এ বিষয় জানতে চান।
পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ও প্রধানমন্ত্রীর প্রেসসচিব নাঈমুল ইসলাম খান চলমান পরিস্থিতির ওপর কূটনীতিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
ঢাকায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন, কানাডা, সুইডেন, নরওয়ে, ডেনমার্ক ও অস্ট্রেলিয়াসহ ২২টি দেশের রাষ্ট্রদূত এবং জাতিসংঘের মিশন প্রধান রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ ব্রিফিংয়ে অংশগ্রহণ করেন। বিভিন্ন ঘটনার ভিডিও ফুটেজ তাঁদের দেখানো হয়। সফট কপি সরবরাহ করা হয়।
ব্রিফিংয়ে কী কথা হয়েছে, সে বিষয়ে দুই সচিব পরে সাংবাদিকদের অবহিত করেন। সেখানে বলা হয়, র্যাবের বিষয়ে কিছু ভিডিও ক্লিপ দেওয়া হয়েছে, যাতে প্রমাণ হয় র্যাব হেলিকপ্টার থেকে কোনো গুলি করেনি।
কূটনীতিকদের তথ্য দেওয়ার কারণ হিসেবে বলা হয়, তাঁরা বিভিন্ন উৎস থেকে গুজব শুনছেন, ভুল তথ্য ও বিকৃত করা ভিডিও পাচ্ছেন। এর ফলে তাঁদের যে ধারণা তৈরি হচ্ছে, সেটি সঠিক দিকে নেওয়া ছিল ব্রিফিংয়ের উদ্দেশ্য।
জাতিসংঘ থেকে তদন্তে সহযোগিতার বিষয়ে পররাষ্ট্রসচিব বলেন, এখানে যে বিচার বিভাগীয় কমিশন করা হয়েছে, সেটির কাজে ফরেনসিকসহ কারিগরি সহায়তা হিসেবে কারও যদি নির্দিষ্ট কোনো কিছু দেওয়ার থাকে, সেটি সরকার বিবেচনায় নিতে পারে। বিষয়টি নিয়ে সরকার জাতিসংঘের সঙ্গে কথা বলছে। আর কমিশনের যদি নির্দিষ্ট কিছু চাওয়ার থাকে, তা বিদেশিদের জানানো হবে।
পররাষ্ট্রসচিবের দেওয়া তথ্য অনুযায়ী, জাতিসংঘের মানবাধিকার প্রধান ফলকার র্তুক জানতে চেয়েছেন তাঁরা একটি স্বাধীন কমিশন পাঠাতে পারেন কি–না। আর তথ্যানুসন্ধান মিশনের বিষয়ে সরকার মনে করছে, এটি নির্দিষ্ট কিছু নয়। এটি ঢালাও একটি প্রস্তাব। তবে সরকার চায় এখানকার কমিশন কাজ শুরু করুক। তাঁদের কাজের প্রক্রিয়া শেষ হওয়ার পর যদি আরও কিছু করতে হয়, জাতিসংঘের নির্দিষ্ট কিছু দেওয়ার থাকে সেটি নেওয়ার বিষয়টি অবশ্যই বিবেচনা করা হবে। তবে এ মুহূর্তে আরেকটি আলাদা বা সমান্তরাল কোনো কিছু করতে চায়না সরকার।
মাসুদ বিন মোমেন বলেন, মানবাধিকার প্রসঙ্গটি কয়েকজন রাষ্ট্রদূত আলোচনায় এনেছেন। এখন তারা জানতে চান গ্রেপ্তারের সংখ্যা কত? কোনো ধরনের শক্তি প্রয়োগ করা হচ্ছে কি না। সমাবেশ করা যাচ্ছে কি না। এটি নিয়ে তাঁদের উদ্বেগ আছে। জিজ্ঞাসা আছে।
উন্নয়ন অংশীদারদের কাছ থেকে সহযোগিতা পাওয়া বাধাগ্রস্ত হতে পারে কি-না, জানতে চাইলে পররাষ্ট্রসচিব বলেন, এমনটা সরকার মনে করছে না। রাষ্ট্রদূতেরা মনে করছেন বর্তমান অবস্থা কেটে যাবে।
ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে অংশীদারত্ব চুক্তির আলোচনা শুরু স্থগিত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, কোনো বৈঠক করার বিষয়ে তাদের যদি কোনো সমস্যা থাকে, সেটা তাঁরা নীতি পরিবর্তন করার কারণে করেছেÑ এটি বলাটা ঠিক না।
কোটা সংস্কার আন্দোলনের সময় কে কীভাবে মারা গেছেন সে বিষয়ে নিশ্চিত হওয়া সম্পর্কিত এক প্রশ্নে তিনি বলেন, সেটি তদন্ত করে জানা যাবে। স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যাঁরা মারা গেছেন তাঁদের মধ্যে ২৫ জন ছাত্র। এর মধ্যে শুধু আন্দোলনকারী রয়েছেন, এমন নয়। সেখানে ছাত্রলীগের কর্মী ছিল। বড় অংশ ছিল পথচারী, যাঁরা আন্দোলন দেখছিলেন। কিছু বেকার মানুষ ছিলেন। কিছু বাচ্চা ছিল।
শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সমর্থন জানিয়ে শুক্রবার (২ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হওয়ার ঘোষণা দিয়েছেন চিকিৎসকরা। সকাল ১০টায় দেশের সব চিকিৎসক, মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেবেন।
বৃহস্পতিবার (১ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক সম্মিলিত বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘আমরা দেখেছি, আমাদের মেধাবী চিকিৎসক সজীবকে হত্যা করা হয়েছে, দেশের নানান শান্তিপূর্ণ কর্মসূচিতে আমাদের ছাত্র-ছাত্রীদের ওপর অত্যাচার করা হয়েছে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা আজ ঘোষণা দিচ্ছি যে, পুরো দেশ ও জাতির সঙ্গে একাত্মতা পোষণ করে শুক্রবার (২ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা এক হবো, আমরা আমাদের কথা বলবো, প্রতিবাদ জানাবো একসঙ্গে। চলুন আবার এক হই আমরা দেশের ছাত্রসমাজের, সব শ্রেণির, সব পেশার মানুষের অধিকার আদায়ে, নিহতদের বিচারের দাবিতে, অবৈধভাবে গ্রেফতারদের জামিনের দাবিতে।’