• ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা, ফের অনির্দিষ্টকালের জন্য কারফিউ, থমথমে রাজধানী ,‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি আজ , শোক মিছিল স্থগিত করেছে আওয়ামী লীগ

usbnews
প্রকাশিত আগস্ট ৫, ২০২৪
তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা, ফের অনির্দিষ্টকালের জন্য কারফিউ, থমথমে রাজধানী ,‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি আজ , শোক মিছিল স্থগিত করেছে আওয়ামী লীগ
নিউজটি শেয়ার করুনঃ

সোমবার, মঙ্গলবার ও বুধবার সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। রোববার বিকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দীন চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ঢাকা মহানগরসহ সব বিভাগীয় সদর, সিটি করপোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর ও উপজেলা সদরে সান্ধ্য আইন (কারফিউ) জারি করেছে সরকার। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছিলেন, রোববার সকাল ৬টা থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত ঢাকা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলায় সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ১৫ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে। রাত ৯টা থেকে ভোর ৬টা পর্যন্ত বলবৎ থাকবে কারফিউ।

আজ ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা। রোববার (৪ আগস্ট) নতুন এ কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

এদিকে, মঙ্গলবার এ কর্মসূচি করার কথা থাকলেও তা একদিন এগিয়ে আনা হয়। কর্মসূচি অনুযায়ী, দুপুর ২টায় রাজধানীর শাহবাগ মোড়ে জমায়েত হবে তারা। এজন্য সারাদেশ থেকে ছাত্র-জনতাকে ঢাকায় আসার আহ্বান জানিয়েছেন সমন্বয়করা।

শিক্ষার্থীসহ সাধারণ মানুষ হত্যার বিচার দাবিতে রোববার অসহযোগ আন্দোলন ঘিরে রাজধানীসহ সারা দেশে সহিংসতা ও শতাধিক প্রাণহানির ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আবারও অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করে সরকার।

উল্লেখ্য, কারফিউ এর মধ্যে ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘিরে জনমনে উৎকণ্ঠা ও শঙ্কা দেখা দিয়েছে। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন শেষ পর্যন্ত সরকার পরিবর্তনের এক দফা আন্দোলনে রূপ নেয়।

বৈষম্য‌বি‌রোধী ছাত্র আন্দোলন ঘি‌রে সারা‌ দে‌শে অনির্দিষ্টকালের কার‌ফিউ‌ চল‌ছে। একইস‌ঙ্গে তিনদিনের সাধারণ ছু‌টি ঘোষণা ক‌রে‌ছে সরকার। গতকাল রোববার সন্ধ্যা ৬টা থে‌কে চলমান কার‌ফিউ‌য়ে আজ সোমবার সকা‌লে রাজধানীর সড়‌ক একেবারে ফাঁকা দেখা গে‌ছে।

এদিন সকাল সা‌ড়ে ৭ টার দি‌কে মোহাম্মদপুর, আসাদ‌গেট, সোবাহানবাগ, খামারবা‌ড়ি, ফার্ম‌গেট, কাওরান বাজার ও সার্ক‌ ফোয়‌ারা ঘু‌রে এমন চিত্র দেখা গে‌ছে। মানুষের ভেতর অনেকটা উৎকণ্ঠা ও থমথমে অবস্থা বিরাজ করছে। মূল সড়কে মানুষের চলাচল খুবই কম। ত‌বে প‌শ্চিম রাজাবাজারে ভেত‌রের গ‌লি‌তে কিছু মানু‌ষের চলাচল দেখা গে‌ছে। এছাড়া অন্যান্য এলাকায় মূল সড়ক বাদে গলির ভেতরে মানুষের চলাচল রয়েছে।

রাস্তায় গণপরিবহন ও ব্যক্তিগত যানবাহনের দেখা মে‌লে‌নি। দু-একটা সিএন‌জি চলাচল কর‌তে দেখা গেছে। রাস্তার মোড়ে মোড়ে রিকসার উপস্থিতি রয়েছে। অনেকে জরুরি কাজে বের হয়েছেন। তারা সিএনজি ও রিকসায় তাদের গন্তব্যে যাচ্ছেন।

সকাল সাড়ে ৭ টার দি‌কে মোহাম্মদপুর টাউনহল থে‌কে আসা‌দগেট পর্যন্ত রাস্তা একেবা‌রেই ফাঁকা।

আসাদ‌গে‌টে প‌ত্রিকা কিন‌ছি‌লেন এক ব্যক্তি। তি‌নি ব‌লেন, ‘আমি হাসপাতা‌লে যা‌বো কিন্তু রিকসা বা সিএন‌জি কিছুই পা‌চ্ছি না।’

আসাদগেট থেকে আড়ং মোড় পর্যন্ত আইন-শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি দেখা গেছে। আড়ং মোড় থেকে খামারবাড়ি পর্যন্ত মানিক মিয়া অ্যাভিনিউ বন্ধ রাখা হয়েছে। সেখানে বিজিবি ও সেনাবাহিনী সদস্যদের উপস্থিতি রয়েছে। আড়ং মোড় থেকে মানিক মিয়া অ্যাভিনিউ দিয়ে যেতে চাওয়া ব্যক্তিদের সোবাহানবাগের দিক দিয়ে ঘুরে যেতে বলা হচ্ছে।

খামারবাড়িতে সেনাবাহিনী সদস্যদের টহল রয়েছে। কারফিউয়ের মধ্যেও বের হয়েছেন রিকসাচালক আরিফুল ইসলাম। তিনি বলেন, ‘বাধ্য হয়ে বের হয়েছি। না হলে পরিবার নিয়ে না খেয়ে থাকতে হবে।’

তবে ফার্মগেটে কিছু মানুষের চলাচল দেখা গেলো। সেখানে দু’টো লেগুনার দেখা মিললো। তারা যাত্রী খুঁজছেন। কিছুক্ষণ পরে যাত্রী নিয়ে শাহবাগের দিকে চলে গেলো।

কাওরান বাজারে কাজ করেন আবু জাফর। তিনি বলেন, ‘কারফিউয়ের কারণে সারা দেশ থেকে সবজি কম এসেছে। এজন্য আজ সবজির দাম বেড়ে গেছে।’

উল্লেখ্য, বৈষম্য‌বি‌রোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলন ঘিরে গতকাল রোববার সারা দেশে ১৪ পুলিশ সদস্যসহ শতাধিক মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন হাজার হাজার মানুষ। এদিকে আজ সোমবার ‘লংমার্চ টু ঢাকা’ ঘোষণা করেছে বৈষম্য‌বি‌রোধী ছাত্র আন্দোলন।

 

সারাদেশে কারফিউ জারি করায় পূর্বঘোষিত সোমবারের (৫ আগস্ট) শোক মিছিল স্থগিত করেছে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ। একই সঙ্গে শহীদ বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের জন্মবার্ষিকীর কর্মসূচির আনুষ্ঠানিকতা স্থগিত করা হয়েছে।

রোববার (৪ আগস্ট) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন দলটির উপ-দফতর সম্পাদক সায়েম খান।

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত এই শোক মিছিলটি হওয়ার কথা ছিল। গত শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের ওইদিন বলেন, একদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া অন্যদিকে আমরা কোন রকম মুখোমুখি অবস্থানে জড়াতে চাই না সে কারণে আমরা সংঘাত হতে পারে এ ধরনের প্রোগ্রাম আমরা এড়িয়ে চলেছি।

তিনি বলেন, রোববার ঢাকা সিটির সব ওয়ার্ডে ওয়ার্ডে জমায়েত এবং বাংলাদেশের সকল জেলা ও মহানগরীতে জমায়েত। আর ৫ আগস্ট আমরা আমাদের সেই কর্মসূচি ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত শোক মিছিল করব।