নাইজার থেকে সবশেষ ফরাসি সেনাদল প্রত্যাহার করেছে ফ্রান্স। এর মাধ্যমে পশ্চিম আফ্রিকার সাহেল অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে ফ্রান্সের এক দশকের বেশি সময়ের অভিযান শেষ হলো।
নাইজার সেনাবাহিনীর লেফটেন্যান্ট সেলিম ইব্রাহিম শুক্রবার বলেছেন, আজ ফরাসি বাহিনীর প্রত্যাহারের প্রক্রিয়া পুরোপুরি শেষ হয়েছে।ফরাসি সেনারা নাইজার ছাড়লেও দেশটিতে এখনো যুক্তরাষ্ট্র, ইতালি ও জার্মানির শত শত সেনা রয়েছে।
গত জুলাই মাসের সেনা অভ্যুত্থানে পর থেকে নাইজারের নতুন জান্তা সরকারের সঙ্গে ফ্রান্সের সম্পর্ক তলানিতে ঠেকে। এ ছাড়া দেশটির জনগণের মধ্যেও ফ্রান্সবিরোধী মনোভাব অনেক বেড়ে যায়। নাইজার থেকে প্রায় দেড় হাজার ফরাসি সেনা প্রত্যাহারে রাজধানী নিয়ামির ফরাসি সেনাঘাঁটির সামনে পর্যন্ত বিক্ষোভ করেন তারা। প্রথমে সায় না দিলেও পরে চাপের মুখে ফরাসি সেনা প্রত্যাহারে রাজি হন প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ।