কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির মধ্যে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। শেখ হাসিনার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানাও দেশ ছেড়েছেন। দুপুরে গণভবন থেকে একটি হেলিকপ্টারযোগে শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা দেশত্যাগ করেন।
এ পরিস্থিতিতে ঢাকার রাজপথে বিজয় উল্লাস করছে নগরবাসী। সড়কে নেই গণপরিবহন। তবে বিমানবন্দর সড়কে ব্যাপক তল্লাশি করছে শিক্ষার্থীরা। মূলত তারা বিমানবন্দর দিয়ে যারা বিদেশে পলায়ন করতে যাচ্ছেন তাদের খোঁজার জন্য এই তল্লাশি। বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা এখন পালিয়ে যেতে চাচ্ছেন তাদের খুঁজার জন্যই এই তল্লাশি। শিক্ষার্থীরা মূলত এক এক করে গাড়ি অথবা অন্য কোনো ব্যবস্থায় যাওয়া মানুষকে তল্লাশি করে খুঁজছেন আওয়ামী লীগের নেতাদের। মূলত তারা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে খুঁজছেন। কারণ এই কোটা আন্দোলন ও সারা দেশে শিক্ষার্থী হত্যার সাথে সংশ্লিষ্টতা রয়েছে বলে মনে করছেন তারা।
শেখ হাসিনা সরকারের পতনের পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সোমবার বিকেল পৌনে ৫টা থেকে বিমানবন্দর দিয়ে ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে।
এসব তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম।
তিনি গণমাধ্যমকে বলেন, সোমবার বিকেল পৌনে ৫টার পর থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে। ফ্লাইট চালুর বিষয়ে এখনও কোনো নির্দেশনা পাইনি। পরবর্তীতে নির্দেশনা পাওয়া গেলে জানানো হবে।
উল্লেখ্য, সোমবার দুপুরে শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়ে দেশ ছেড়ে যাওয়ার পর দায়িত্ব গ্রহণ করে সেনাবাহিনী। সোমবার (৫ আগস্ট) বিকেল ৩টা ৫০ মিনিটে রাজধানীর ক্যান্টেনমেন্টে জরুরি সভা শেষে এ তথ্য জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে। আমি জনগণের জানমালের দায়িত্ব নিয়েছি। আপনারা আশাহত হবেন না। আপনাদের সব দাবি পূরণ করা হবে।