বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন মিথ্যা মামলা আটকসহ সব বন্দিদের মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
সোমবার (৫ আগস্ট) রাতে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিন বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া যত দ্রুত সম্ভব দেশে নির্বাচন দেওয়া হবে। সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
বৈঠক শেষে সোমবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, ‘আপনারা জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি। প্রধানমন্ত্রীর পদত্যাগ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সৃষ্ট পরিস্থিতিতে আজ (সোমবার) বঙ্গভবনে তিন বাহিনীর প্রধান এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়কের সঙ্গে আলোচনা হয়। শুরুতেই সেনাপ্রধান বিরাজমান সার্বিক পরিস্থিতি ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে তাঁর আলোচনা সম্পর্কে আমাকে অবহিত করেন। রাজনৈতিক নেতারাও এ সময় তাদের বক্তব্য তুলে ধরেন।’
রাষ্ট্রপতি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান ও আহতদের সুচিকিৎসার প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মো. সাহাবুদ্দিন।
তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক করতে এবং লুটতরাজ, ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধ করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি। জনগণের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সশস্ত্র বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রদান করছি।
রাষ্ট্রপতি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সরকারি সম্পদ রক্ষার্থে সকলকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। দেশের অর্থনীতি, প্রশাসন, শিল্প কলকারখানা চালু রাখার লক্ষ্যে সকলকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি।