সাধারণ মানুষের কাছে আমাদের আকুল আবেদন, কিছু মানুষের অন্যায় কাজের শাস্তি দয়া করে পুরো পুলিশ বাহিনীকে দেবেন না।
যাঁরা অপরাধ করেছেন, তাঁরা শাস্তি পাক। কিন্তু নিরপরাধ মানুষকে শাস্তি দেওয়া, হত্যা করা আরেকটি অন্যায়। বাংলাদেশে যে সরকারই আসুক না কেন, তার জন্য আইনশৃঙ্খলা রক্ষা করাটা অন্যতম চ্যালেঞ্জ।
আপনি পুলিশকে পছন্দ করেন কিংবা না করেন, পুলিশ আপনার লাগবেই।
আজ রাস্তায় ট্রাফিক পুলিশ নেই। গুরুত্বপূর্ণ অফিস আদালত চত্বর; ব্যাংক বিমা অফিসের কাছে; এমনকি অনেক থানাতেও পুলিশ নেই।
এ অবস্থা থাকলে আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি হবে। সেই সুযোগকে বিভিন্ন মহল কাজে লাগানোর চিন্তা করতে পারে।
ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে লুটপাটের খবর পাওয়া যাচ্ছে। যেহেতু মাঠে পুলিশ নেই, সেহেতু যে যেখান থেকে যা পারছে, লুটপাট করছে।